২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি থেকে অবসরে মুশফিক

টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি থেকে অবসরে মুশফিক

মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 01:08 PM

Updated : 04 Sep 2022, 06:16 PM

টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই অনেক দিন ধরে। পুরো ক্যারিয়ারের ছবিও খুব উজ্জ্বল নয়। বাংলাদেশ দলে তার জায়গা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার সব আলোচনা থামিয়ে দিলেন তিনি নিজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুরে এই ঘোষণা দেন মুশফিক। টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

“টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি, এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।”

“বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে।”

এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়ের দুই দিন পরই এলো মুশফিকের এই ঘোষণা। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বেই শেষ হয়ে যায় বাংলাদেশের অভিযান। দুই ম্যাচে মুশফিক করেন ৪ ও ১ রান। শ্রীলঙ্কার বিপক্ষে কিপিংয়ে গুরুত্বপূর্ণ একটি ক্যাচ ছাড়েন তিনি।

চার বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে মুশফিকের পারফরম্যান্স ভালো নয়। ২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে পরপর দুই ম্যাচে তিনি খেলেছিলেন অপরাজিত ৭২ রানের দুটি ইনিংস। এরপর থেকে ৩৫ ইনিংসে তিনি পঞ্চাশ ছুঁতে পারেন স্রেফ দুই বার। সবশেষ ছয় ইনিংসে পাঁচবারই আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে তিনি করেছিলেন ১৪৪ রান। স্ট্রাইক রেট ছিল ১১৩.৩৮।

ওই বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে 'বাদ' পড়েছিলেন মুশফিক। এরপর দলে ফিরে গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলে মুশফিক করেন ৩০ রান। পরে হজে যাওয়ার জন্য খেলেননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। জুনে জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয় তাকে। সবশেষ খেললেন এশিয়া কাপে।

বাংলাদেশের হয়ে একশ টি-টোয়েন্টি খেলা তিন ক্রিকেটারের একজন মুশফিক। ১০২ ম্যাচে ১৯.৪৮ গড়ে তার রান ১ হাজার ৫০০। স্ট্রাইক রেট ১১৫.০৩। ফিফটি আছে ৬টি। সর্বোচ্চ ইনিংস ৭২।

দুই মাসের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক। গত জুলাইয়ে এই সংস্করণকে বিদায় জানান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যদিও তার অনেক আগে থেকেই ২০ ওভারের ক্রিকেটে খেলছিলেন না তিনি।

বাংলাদেশ এরপর টি-টোয়েন্টি খেলবে আগামী মাসের শুরুতে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। যেখানে অপর দল পাকিস্তান। এই সিরিজের পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর।