২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানকে ৫৯ রানে গুটিয়ে পাকিস্তানের বড় জয়

দুর্দান্ত এক স্পেলে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক ফাস্ট বোলার হারিস রউফ।

আফগানিস্তানকে ৫৯ রানে গুটিয়ে পাকিস্তানের বড় জয়

শুরুতে টানা দুই বলে উইকেট নিয়ে পাকিস্তানের সুর বেঁধে দেন শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 10:01 PM

Updated : 22 Aug 2023, 11:05 PM

মন্থর ও নিচু বাউন্সের উইকেটে ম্যাচের প্রথম ভাগে দাপট দেখালেন স্পিনাররা। পেসাররা আধিপত্য করলেন পরের ভাগে। ওয়ানডেতে প্রথমবার পাকিস্তানকে অল আউট করে জয়ের আশা জাগাল আফগানিস্তান। কিন্তু ব্যাটিংয়ে তারা দাঁড়াতেই পারল না হারিস রউফের অসাধারণ বোলিংয়ের সামনে। বড় জয়ে সিরিজে এগিয়ে গেল বাবর আজমের দল।

শ্রীলঙ্কার হাম্বানতোতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয় ১৪২ রানে।

পাকিস্তান এ দিন গুটিয়ে যায় ২০১ রানে। সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ইমাম-উল-হক।

১০ উইকেটের আটটিই নেন আফগানিস্তানের স্পিনাররা। অফ স্পিনার মুজিব উর রহমান ৩৩ রানে নেন ৩ উইকেট। আরেক অফ স্পিনার মোহাম্মদ নবির শিকার ৩৪ রানে ২টি। লেগ স্পিনার রাশিদ খানের প্রাপ্তিও ২ উইকেট।

ছক্কাবিহীন ম্যাচে ১৯.২ ওভারে স্রেফ ৫৯ রানে থমকে যায় আফগানিস্তান। ব্যাটিংয়ের সময় অস্বস্তি নিয়ে ক্রিজ ছাড়ার পর আর নামেননি আজমতউল্লাহ ওমরজাই।

এই সংস্করণে আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০১৬ সালে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রান তাদের সর্বনিম্ন।

পাকিস্তানের তিন পেসার মিলে নেন ৮ উইকেট। গতি ও সুইংয়ে দুর্দান্ত এক স্পেলে ৬.২ ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা রউফ।

ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৬৫ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা বোলিং।

শাহিন শাহ আফ্রিদি ৯ রানে নেন শুরুর ২ উইকেট। নাসিম শাহর প্রাপ্তি ১২ রানে একটি।

Image

ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হারিস রউফ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ফখর জামান ও বাবরকে হারায় পাকিস্তান। পেসার ফজলহক ফারুকির আউটসুইঙ্গারে স্লিপে ধরা পড়েন ফখর। মুজিবের দারুণ ডেলিভারিতে বলের লাইন মিস করে বাবর এলবিডব্লিউ হন শূন্য রানে।

দারুণ কয়েকটি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস টেনে নিতে পারেননি তিনি। ৪টি চারে ২২ বলে ২১ রান করা এই কিপার ব্যাটসম্যানকেও এলবিডব্লিউ করেন মুজিব।

সপ্তদশ ওভারে প্রথমবার আক্রমণে এসে গুগলিতে আঘা সালমানকে এলবিডব্লিউ করেন রাশিদ। ৬২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

মাঝে ৭০ বলে আসেনি কোনো বাউন্ডারি। একপ্রান্ত আগলে রাখা ইমাম প্রতিরোধের চেষ্টা করেন ইফতিখার আহমেদকে নিয়ে। এই দুজনের ব্যাট থেকেই আসে ম্যাচের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি।

ইফতিখারকে (৪১ বলে ৩০) ফিরিয়ে প্রথম শিকার ধরেন নবি। ৭৮ বলে ফিফটির পর আর বেশিদূর যেতে পারেননি ইমাম। নবিকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় রাশিদের দারুণ ক্যাচে ফেরেন বাঁহাতি ওপেনার।

ইমামের ৯৪ বলে ৬১ রানের ইনিংসে বাউন্ডারি স্রেফ ২টি।

উসামা মির ও শাহিন শাহ আফ্রিদি দ্রুত বিদায় নিলে ১৬৩ রানে ৮ উইকেট হারানো পাকিস্তানের দুইশ হওয়া নিয়েই জাগে শঙ্কা।

এরপরই নবম উইকেটে নাসিমকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন শাদাব খান। ৫০ বলে ৩ চারে ৩৯ রান করে শাদাব হন রান আউট। পরের ওভারে রউফকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন রহমত শাহ। নাসিম অপরাজিত থাকেন ২৭ বলে ১৮ রান করে।

রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে আফগানিস্তান। তৃতীয় ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সুর বেঁধে দেন আফ্রিদি। বাউন্সার ডেলিভারিতে ইব্রাহিম জাদরান ক্যাচ দিয়ে ফেরার পর ফুল টস বলে সহজ ক্যাচ দেন রহমত।

নাসিমের বলে শাদাবের অসাধারণ এক ক্যাচে বিদায় নেন হাশমতউল্লাহ শাহিদি। তিন জনের কেউ খুলতে পারেননি রানের খাতা।

প্রায় চার বছর পর ওয়ানডেতে ফিরে ইকরাম আলিখিল আউট হন ৪ রান করে। অষ্টম ওভারে আফগানিস্তানের রান তখন ৪ উইকেটে ১৮।  

এরপর নবিকে নিয়ে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন রহমানউল্লাহ গুরবাজ।  ৪৭ রানে ১৮ রান করা গুরবাজকে থামান রউফ। ২৯ বছর বয়সী পেসার পরের ওভারে বিদায় করেন নবি ও রাশিদকে।

১২ বলে ১৬ রান করে ক্রিজ ছাড়েন ওমরজাই। ম্যাচে নিজের একমাত্র ওভারে আব্দুর রহমানকে ফিরিয়ে উইকেট মেডেন নেন স্পিনার শাদাব। মুজিবকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ম্যাচের ইতি টেনে দেন রউফ।

একই মাঠে আগামী বৃহস্পতিবার হবে দ্বিতীয় ম্যাচ।

Image

ম্যাচের একমাত্র ফিফটি আসে ইমাম-উল-হকের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৭.১ ওভারে ২০১ (ফখর ২, ইমাম ৬১, বাবর ০, রিজওয়ান ২১, সালমান ৭, ইফতিখার ৩০, শাদাব ৩৯, উসামা ২, আফ্রিদি ২, নাসিম ১৮*, রউফ ১; ফারুকি ৮-০-৫১-১, মুজিব ১০-১-৩৩-৩, ওমরজাই ৪.৪-০-১২-০, নবি ১০-০-৩৪-২, রাশিদ ১০-০-৪২-২, রহমান ৩.২-০-২৩-০, রহমত ১.১-০-৬-১)

আফগানিস্তান: ১৯.২ ওভারে ৫৯ (গুরবাজ ১৮, ইব্রাহিম ০, রহমত ০, শাহিদি ০, ইকরাম ৪, নবি ৭, ওমরজাই ১৬ (আহত অবসর), রাশিদ ০, রহমান ২, মুজিব ৪, ফারুকি ০; আফ্রিদি ৪-২-৯-২, নাসিম ৫-০-১২-১, রউফ ৬.২-০-২-১৮-৫,  উসামা ৩-০-১৮-০, শাদাব ১-১-০-১)

ফল: পাকিস্তান ১৪২ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান

ম্যান অব দা ম্যাচ: হারিস রউফ