২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুন অপরাজিত ১৫৬, রাজার ৪ উইকেট

তামিল নাড়ুর বিপক্ষে ভালো একটি দিন কাটল বিসিবি একাদশের।

মিঠুন অপরাজিত ১৫৬, রাজার ৪ উইকেট

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 08:27 PM

Updated : 26 Oct 2022, 08:27 PM

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করলেন মোহাম্মদ মিঠুন। খেললেন অপরাজিত দেড়শ রানের ইনিংস। তার ব্যাটে সাড়ে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পেল বিসিবি একাদশ। পরে বল হাতে আলো ছড়ালেন রেজাউর রহমান রাজা। তামিল নাড়ুর বিপক্ষে বড় লিডের সম্ভাবনা জাগাল সফরকারীরা। 

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের সংগ্রহ ৭ উইকেটে ৮২ রান। এর আগে ৯ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। 

স্রেফ ৩ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ২৬৭ রানে পিছিয়ে রয়েছে তামিল নাড়ু। ফলো-অন এড়াতে স্বাগতিকদের এখনও প্রয়োজন ১১৮ রান। 

প্রথম দিন ৫ উইকেটে ২৩০ রান করে বিসিবি একাদশ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৯ রানে আউট হন সাদমান ইসলাম। তবে বুধবার কোনো ভুল করেননি মিঠুন। বোলারদের নিয়ে খেলেই তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। 

দিনের নবম ওভারে সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি। তিনি করেন ১৫ রান। এরপর চার বোলার তাইজুল ইসলাম, নাঈম হাসান, রেজাউর ও সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে আরও ৯৮ রান যোগ করেন মিঠুন। 

৬টি চারের সঙ্গে ৫টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন বিসিবি একাদশের অধিনায়ক। শেষ পর্যন্ত ১০ চার ও ৮ ছয়ে ১৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। 

বোলিং করতে নেমে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেন জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রাজা। তামিল নাড়ুর ইনিংসে ধস নামিয়ে ১৭ রানে ৪ উইকেট নেন তিনি। 

এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ২টি ও ডানহাতি পেসার খালেদ নিয়েছেন ১ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে): 

বিসিবি একাদশ ১ম ইনিংস: ১২৭ ওভারে ৩৪৯/৯ ডিক্লে: (আগেরদিন ২৩০/৫) (মিঠুন ১৫৬*, জাকের ১৫, তাইজুল ৮, নাইম ১, রাজা ৮, খালেদ ০*; ভিগনেশ ২৪-১-৬৫-৪, গোথাম ১৮-১-৪৯-০, অস্বিম ১৯-৪-৪০-০, সুনিল ১৮-২-৭২-০, অজিত ৪৩-১৭-৮৪-৪, কৌশিক ৪-০-২৯-০, চতুর্ভেদ ১-০-১-০) 

তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৪০.২ ওভারে ৮২/৭ (চতুর্ভেদ ৭, সূর্যপ্রকাশ ৫, কৌশিক ১০, ইন্দ্রজিত ১১, প্রদোষ ২৮, আদিত্য ১, সুনি ১০*, অজিত ৪; খালেদ ১০-৫-৯-১, তাইজুল ১৬-২-৩৫-২, রাজা ৭.২-০-১৭-৪, নাইম ৭-১-১৫-০)