২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে হেরে বাংলাদেশের বিদায়

কুসল মেন্ডিসকে বারবার জীবন দেওয়া সাকিব আল হাসানের দল হেরে গেল শেষ ওভারে।

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 01:20 AM

Updated : 02 Sep 2022, 03:31 AM

বাঁচা-মরার লড়াইয়ে অবশেষে আগ্রাসনের প্রতিচ্ছবি ধরা দিল বাংলাদেশের ব্যাটিংয়ে। বোলিংয়েও একটা সময় পর্যন্ত সম্ভাবনা ভালোমতোই টিকে ছিল। বারবার বেঁচে যাওয়া কুসল মেন্ডিসকে অসাধারণ এক ক্যাচে তাসকিন আহমেদ যখন ফেরালেন, তখন গ্যালারিতে লাল-সবুজ জার্সিদের সে কী গর্জন। কিন্তু এরপর একটু একটু করে ম্যাচ ছুটতে থাকল। বারবার রঙ পাল্টানো ম‍্যাচে শেষ পর্যন্ত আর পেরে উঠল না তারা। রেকর্ড গড়া জয়ে সাকিব আল হাসানের দলকে বিদায় করে এশিয়া কাপের সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা।

দুবাই ইন্টারন‍্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৮৩ রান শানাকার দল পেরিয়ে গেছে চার বল বাকি থাকতে।

দুবাইয়ে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের ১৭৯ রান তাড়ায় আফগানিস্তানের ৫ উইকেটের জয় ছিল এই মাঠের রেকর্ড।

দিনটি হতে পারতো প্রথম ২ ওভারে তিন উইকেট নিয়ে দলকে ম‍্যাচে ফেরানো ইবাদত হোসেনের। কিন্তু অভিষিক্ত এই পেসারই পরে খরুচে বোলিং করে সহজ করে দেন সমীকরণ। শেষ পর্যন্ত চার ওভারে তিনি দেন ৫১ রান।

ব‍্যাটিংয়ের অর্জন ম্লান হয়ে গেছে ফিল্ডিং ও বোলিংয়ের ব‍্যর্থতায়। হাত থেকে ছুটেছে ক‍্যাচ, ব‍্যাটে বলের স্পর্শ বুঝতে না পারায় নেওয়া যায়নি রিভিউ। ম‍্যাচে ১০ বল বাড়তি করেছে বাংলাদেশ! ইবাদত ৬ ওয়াইডের সঙ্গে করেছেন দুটি ‘নো’ বল। শেখ মেহেদি করেছেন দুটি ‘নো’ বল। ম‍্যাচের ফলে এগুলো রেখেছে অনেক বড় প্রভাব।

শেষটা হতাশায় মোড়ানো হলেও শুরুটা সাকিবদের জন‍্য ছিল দারুণ। ভেন‍্যু বদলানোর সঙ্গে যেন বদলে যায় বাংলাদেশ দল। আগের ম‍্যাচে প্রশ্নবিদ্ধ ব‍্যাটিংয়ে সমালোচনার মুখে পড়া দলটির খেলায় দেখা যায় অভিপ্রায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারা ম‍্যাচে যেটা অনুপস্থিত ছিল প্রবলভাবে।

এদিন শট খেলার প্রবণতা দেখা গেল শুরু থেকে। ফলস্বরূপ, ইনিংসে এলো ১৫ চারের সঙ্গে ছক্কা ৬টি।

বাংলাদেশ পরিবর্তন আনে তিনটি; দুই ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখের জায়গায় লম্বা সময় পর একাদশে ফেরায় মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে। বিশেষজ্ঞ ওপেনারের অনুপস্থিতিতে ওপেন করেন এই দুই জনই।

প্রথম ওভার থেকে আসে ১১ রান। দিলশান মাদুশাঙ্কার বলে স্কুপ করে সাব্বির যে চার মারেন, সেটাতেই আভাস মেলে, এই ম‍্যাচে মেরে খেলার পরিকল্পনা নিয়েই নেমেছে বাংলাদেশ।

সাব্বির অবশ‍্য ফেরাটা রাঙাতে পারেননি। অভিষিক্ত পেসার আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বল পুল করার চেষ্টায় ধরা পড়েন কিপারের গ্লাভসে।

অন‍্য প্রান্তে ঝড় তোলেন মিরাজ। শুরুটা করেন রহস‍্য স্পিনার মাহিশ থিকসানাকে বেরিয়ে এসে ছক্কায় উড়িয়ে। কয়েক মাস আগে মিরপুর টেস্টে বাংলাদেশকে ভীষণ ভোগানো আসিথার পরের ওভারে চড়াও হন তিনি।

লঙ্কান পেসারকে কীভাবে খেলতে হবে, সেটা ইশারায় যেন দেখিয়ে দেন সাকিব। এক বল পর ঠিক সেভাবেই র‍্যাম্প শটে ছক্কা মারেন মিরাজ। পরের বলে বেরিয়ে গিয়ে বুলেট গতির স্ট্রেইট শটে মারেন চার। ওভার থেকে আসে ১৮ রান।

পাওয়ার প্লের পরপরই আক্রমণে এসে বোল্ড করে মিরাজ-ঝড় থামান ভানিন্দু হাসারাঙ্গা। মিরাজ ২৬ বলে দুটি করে ছক্কা ও চারে করেন ৩৮ রান। দ্রুত ফেরেন মুশফিকুর রহিম।

থিকসানাকে কাভারের ওপর দিয়ে চমৎকার বাউন্ডারি মারার পর র‍্যাম্প শটে করুনারত্নেকে পরপর দুটি চার মেরে ঝড়ের আভাস দেন সাকিব। তবে তিনিও পারেননি ইনিংস বড় করতে। থিকসানাকে জায়গা করে মারার চেষ্টায় হয়ে যান বোল্ড।

দশম ওভারে ৮৭ রানে প্রথম চার ব‍্যাটসম‍্যানকে হারানো বাংলাদেশ এগিয়ে যায় আফিফ ও মাহমুদউল্লাহর ব‍্যাটে। জুটিতে অগ্রণী ছিলেন আফিফ। শুরু থেকে দারুণ সব শটে রানের গতি পড়ে যেতে দেননি তিনি। একটু সময় নেওয়া মাহমুদউল্লাহও পরে হাত খোলেন।

দুই জনের জুটি ৩৩ বলে স্পর্শ করে পঞ্চাশ। এরপর যদিও বেশিদূর যেতে পারেননি আফিফ ও মাহমুদউল্লাহ। মাদুশাঙ্কাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ক‍্যাচ দেন আফিফ। চমৎকার সব শটের পসরা সাজিয়ে বসা বাঁহাতি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ২২ বলে দুই ছক্কা ও চারটি চারে করেন ৩৯।

একটি করে ছক্কা ও চারে ২২ বলে ২৭ রান করে মাহমুদউল্লাহ থামেন পরের ওভারে।

পরপর দুই ওভারে দুই থিতু ব‍্যাটসম‍্যানের বিদায়ের পর ৯ বলে চারটি চারে ২৪ রানের ক‍্যামিও ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। শেষ দিকে এক ছক্কায় ৬ বলে ১১ রান করেন তাসকিন।

শেষের ঝড়ে বাংলাদেশের রান যায় দুইশর কাছে। শেষ ৫ ওভারে আসে ৬০ রান।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ভাঙত পারত শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। তাসকিনের বলে মেন্ডিসের ক‍্যাচ গ্লাভসে নিতে পারেননি মুশফিক। ২ রানে জীবন পাওয়া ডানহাতি ওপেনার পরে করেন ফিফটি।

শেখ মেহেদি হাসান ‘নো’ বল করায় ২৯ রানে কট বিহাইন্ড হয়েও বেঁচে যান মেন্ডিস। পরে ৩১ রানে আবার বাঁচেন কিপারকে ক‍্যাচ দিয়ে। কারণ, বলে ব‍্যাটের স্পর্শ বুঝতে পারেননি কেউ। রিভিউ নিলেই আউট হতেন তিনি। ৪৪ রানে সাব্বির হাত ছাড়া করেন রান আউটের নিশ্চিত সুযোগ। আরেকবার মিরাজের বলে ক‍্যাচের মতো উঠে একটুর জন‍্য যায়নি ফিল্ডারের হাতে।

এক দিকে বারবার বেঁচে যাচ্ছিলেন মেন্ডিস, অন‍্য প্রান্তে উইকেট নিচ্ছিল বাংলাদেশ। শুরুটা অভিষিক্ত বোলার ইবাদতের হাত ধরে।

টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে চার বলের মধ‍্যে গতিময় এই পেসার বিদায় করে দেন পাথুম নিসানকা ও চারিথ আসালাঙ্কাকে। পরের ওভারে বিদায় করেন দানুশকা গুনাথিলাকাকে। ভানুকা রাজাপাকসাকে টিকতে দেননি তাসকিন।

নবম ওভারে ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কাকে টানেন মেন্ডিস ও শানাকা। ত্রয়োদশ ওভারে এলোমেলো বোলিংয়ে ২২ রান হজম করে চাপ আলগা করে দেন ইবাদত। সেই ওভারে তাকে দুটি ছক্কা মারেন শানাকা।

মুস্তাফিজ ভাঙেন তাদের ৩৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি। বাঁহাতি পেসারের বলে আপারকাট করেছিলেন মেন্ডিস, ঝাঁপিয়ে পড়ে চমৎকার ক্যাচটি নেন তাসকিন। ৩৭ বলে তিন ছক্কা ও চারটি চারে তিনি করেন ৬০। পরের ওভারে হাসারাঙ্গাকে নিজেই বিদায় করেন তাসকিন।

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। শানাকা ক্রিজে থাকায় সম্ভাবনায় কিছুটা এগিয়ে ছিল শ্রীলঙ্কা। অষ্টাদশ ওভারে মেহেদির বলে লং অনে ক‍্যাচ দিয়ে লঙ্কান অধিনায়ক ফিরলে বাড়ে বাংলাদেশের আশা। দুই ছক্কা ও তিন চারে ৩৩ বলে শানাকা করেন ৪৫।

কিন্তু শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের এলোমেলো বোলিং।

শেষ ২ ওভারে লঙ্কার প্রয়োজন ছিল ২৫ রান। ১৭ রান দিয়ে কাজ অনেকটাই সহজ করে দেন ইবাদত। ম্যাচের অমন টার্নিং পয়েন্টে ওভারে একটি করে ওয়াইড ও নো বল করেন তিনি।

শেষ ওভারে দরকার ছিল ৮ রান। খুব সহজ নয় নিশ্চিতভাবেই, বিশেষ করে উইকেট বাকি ছিল মাত্র দুটি। কিন্তু প্রথম বলে থিকশানা একটি লেগ বাই নেওয়ার পর বাউন্ডারি মারেন আসিথা ফার্নান্দো। পরের বলটি হয় নো, সঙ্গে দুই রান নিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৩/৭ (মিরাজ ৩৮, সাব্বির ৫, সাকিব ২৪, মুশফিক ৪, আফিফ ৩৯, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ২৪*, মেহেদি ১, তাসকিন ১১*; মাদুশাঙ্কা ৪-০-২৬-১, থিকশানা ৪-০-২৩-১, আসিথা ৪-০-৫১-১, হাসারাঙ্গা ৪-০-৪১-২, করুনারত্নে ৪-০-৩২-২)।

শ্রীলঙ্কা: ১৯.৩ ওভারে ১৮৪/৮ (নিসানকা ২০, মেন্ডিস ৬০, আসালাঙ্কা ১, গুনাথিলাকা ১১, রাজাপাকসা ২, শানাকা ৪৫, হাসারাঙ্গা ২, করুনারত্নে ১৬, থিকশানা ০*, ফার্নান্দো ১০*; মুস্তাফিজ ৪-০-৩২-১, তাসকিন ৪-০-২৪-২, সাকিব ৪-০-৩১-০, ইবাদত ৪-০-৫১-৩, মেহেদি ৩.৩-০-৩০-১, মিরাজ ১-০-১১-০)।

ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: কুসল মেন্ডিস