২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরি ছুঁয়ে যেখানে অনন্য বেন স্টোকস

একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নেই আর কোনো ইংলিশ অধিনায়কের।

সেঞ্চুরি ছুঁয়ে যেখানে অনন্য বেন স্টোকস
সেঞ্চুরি উদযাপন করছেন বেন স্টোকস (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

কাঙ্ক্ষিত মাইলফলকের হাত ছোঁয়া দূরত্বে থেকে একটু সময় নিলেন বেন স্টোকস। এরপর, পায়ের ওপর করা মোহাম্মদ সিরাজের বলটি ফাইল লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন ইংলিশ অধিনায়ক। পৌঁছে গেলেন সেঞ্চুরিতে। একই সঙ্গে গড়লেন দারুণ কিছু কীর্তি।

ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিন শতক হাঁকালেন স্টোকস। ক্রিকেটের অভিজাত সংস্করণে এটি তার ১৪তম সেঞ্চুরি। উপমহাদেশের দলটির বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন দ্বিতীয়বার।

লম্বা সময় পর সাদা পোশাকে সেঞ্চুরির দেখা পেলেন স্টোকস। লাল বলে তার আগের শতকটি এসেছিল দুই বছর আগে, ২০৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে। ২০ টেস্ট ও ৩৫ ইনিংস পর আবার এই স্বাদ পেলেন তিনি।

চলমান ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে বল হাতেও আলো ছড়ান স্টোকস। ৭২ রানে ধরেন ৫ উইকেট। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার তিনি। তার আগে এই স্বাদ পেয়েছিলেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন।

তবে একটি জায়গায় অনন্য স্টোকস। এই ডাবলের স্বাদ পাওয়া ইংল্যান্ডের প্রথম অধিনায়ক তিনি। আর সব দেশ মিলিয়ে এই কীর্তিতে নাম লেখানো পঞ্চম অধিনায়ক। আগের চারজন ছিলেন- ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ও গ্যারি সোবার্স, পাকিস্তানের মুশতাক মোহাম্মদ ও ইমরান খান।

একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের নজির এনিয়ে দেখা গেল ৪১ বার। সবশেষ এই স্বাদ পান দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ, গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

এই ম্যাচে আরেকটি কীর্তি গড়েন স্টোকস। সেঞ্চুরির পর আরেকটু এগিয়ে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৭ হাজার ছুঁতে ম্যাচটিতে ১০৯ রান প্রয়োজন ছিল স্টোকস। শেষ পর্যন্ত ১৪১ রানের চমৎকার খেলে আউট হন তিনি।

টেস্টে স্টোকসের উইকেট এখন ২২৯টি। এই সংস্করণে ৭ হাজার ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন। আর ক্যালিস ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি ধরেছিলেন ২৯২ উইকেট।

৭৭ রান নিয়ে চতুর্থ দিন শনিবার খেলতে নামেন স্টোকস। প্রথম ঘণ্টার শেষ দিকে ১৬৪ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন তিনি।

শতক ছোঁয়ার পর দ্রুত রান তোলায় মনোযোগ দেন স্টোকস। ওয়াশিংটন সুন্দারকে ছক্কার পর মারেন চার। রাভিন্দ্রা জাদেজার দেলিভারি উইকেট ছেড়ে বেরিয়ে এসে আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে।

পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় লং-অনে ধরা পড়েন স্টোকস। শেষ হয় তার ৩ ছক্কা ও ১১ চারে সাজানো ১৯৮ বলের ইনিংস।

স্টোকসের বিদায়ের এক ওভার পর ব্রাইডন কার্সকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনে দেন জাদেজা। ৬৬৯ রানে থামে ইংলিশরা। দুই দলের প্রথম ইনিংস শেষে তারা এগিয়ে ৩১১ রানে।