স্টোকসের লম্বা স্পেল ইংল্যান্ডের জন্য ভালো ইঙ্গিত
জো রুটের মতে, নিজের সেরা অবস্থায় ফিরে এসেছেন বেন স্টোকস।
লর্ডস টেস্টের শেষ দিনের প্রথম সেশনে ৯ ওভারের স্পেল। দ্বিতীয় সেশনে আবার টানা ১০ ওভার করেন বেন স্টোকস। সতীর্থের এমন ম্যারাথন বোলিং করতে পারার সামর্থ্যকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন জো রুট। তার মতে, চোট কাটিয়ে ফেরা স্টোকস এখন নিজের শরীরের ওপর ভরসা রাখতে পারছেন।
ভারতের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ৪৪ ওভার বোলিং করেন স্টোকস। দুই দল মিলিয়েই যা সর্বোচ্চ। রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ২২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
ইংলিশদের শ্বাসরুদ্ধকর এই জয়ে বড় অবদান রাখেন স্টোকস। দুই ইনিংস মিলিয়ে নেন পাঁচ উইকেট। ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৩৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অস্ত্রোপচার করাতে হয় স্টোকসের। এরপর ফিটনেস প্রোগ্রামে অংশ নিয়ে ১০ কেজি ওজন কমান তিনি।
চোট থেকে ফেরা সতীর্থের এমন টানা বোলিং করায় কিছুটা ভয় পেয়েছিলেন রুট। শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি। বিবিসি স্পোর্টসে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বললেন, স্টোকসের সেরা অবস্থায় ফিরে আসা দলের জন্য ভালো ইঙ্গিত।
“সে ম্যাচ জয়ের কারিগর হতে স্রেফ মরিয়া ছিল এবং মোড় ঘুরাতে চাইছিল। এটা করার জন্য অসাধারণ প্রচেষ্টা দেখায় সে। আমি কিছুটা ভীত ছিলাম যে, বাজে কয়েকটি চোট কাটিয়ে ফিরে আসায় সে ম্যাচটি শেষ করতে পারবে কি-না। কিন্তু এখন এটা স্পষ্ট যে, সে তার শরীরের ওপর আস্থা রাখে।”
“এটা আমাদের সামনের পথচলার জন্য দারুণ ইঙ্গিত। সত্যিই তাই, কারণ সে তার সেরা অবস্থায় ফিরে এসেছে।”
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২৩ জুলাই শুরু হবে ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্ট।
