২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন পোশাকে ফেরার অপেক্ষা বাড়ল পান্তের

সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন ভারতের কিপার-ব্যাটসম্যান।

রঙিন পোশাকে ফেরার অপেক্ষা বাড়ল পান্তের
রিশাভ পান্ত। ছবি: পান্তের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

সাদা বলের ক্রিকেটে রিশাভ পান্তের ভারতের প্রতিনিধিত্ব করা হয় না প্রায় দেড় বছর ধরে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে রঙিন পোশাকে ফেরার দুয়ারেই ছিলেন ভারতের কিপার-ব্যাটসম্যান। কিন্তু চোটের থাবায় ভেস্তে গেল তার সব পরিকল্পনা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হয়েছে রোববার। ম্যাচ শুরুর আগে এদিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে চোট পান পান্ত। যা ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

ভারতের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেন পান্ত ২০২৪ সালের অগাস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবশেষ টি-টোয়েন্টি তার আগের মাসে, প্রতিপক্ষ লঙ্কানরাই। এখন পর্যন্ত ৩১ ওয়ানডে খেলে ৮৭১ রান ও ৭৬ টি-টোয়েন্টিতে ১ হাজার ২০৯ রান করেছেন পান্ত।

আর দেশের হয়ে সবশেষ মাঠে নামেন পান্ত গত নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে।

পান্তের বদলি হিসেবে ধ্রুভ জুরেলকে দলে যোগ করেছে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক হয়নি ২৪ বছর বয়সী জুরেলের। ৯টি টেস্ট ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি জাতীয় দলের হয়ে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭ ম্যাচ খেলে জুরেলের রান ৭৪৭। নামের পাশে সেঞ্চুরি আছে দুটি, ফিফটি ছয়টি।

দুটি সেঞ্চুরিই করেছেন তিনি চলমান ভিজায় হাজারে ট্রফিতে। গত বৃহস্পতিবার ১২৩ রানের ইনিংস খেলেন উত্তরপ্রদেশের হয়, প্রতিপক্ষ ছিল বেঙ্গল। গত ২৯ ডিসেম্বর বারোদার বিপক্ষে করেন অপরাজিত ১৬০ রান।

সিরিজের শেষ দুই ম্যাচ আগামী বুধবার ও রোববার।

ভারতের ওয়ানডে দল: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি, লোকেশ রাহুল (কিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দার, রাভিন্দ্রা জাদেজা, মোহাম্মেদ সিরাজ, হার্শিত রানা, প্রাসিধ কৃষ্ণা, কুলদিপ ইয়াদাভ, নিতিশ কুমার রেড্ডি, আর্শদিপ সিং, ইয়াশাসভি জয়সওয়াল, ধ্রুভ জুরেল (কিপার)।