২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ বছর পর ফিরেই ওয়াশিংটনের রেকর্ড গড়া ৭ উইকেট

টেস্ট ক্রিকেটে ফেরার উপলক্ষ ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাঙালেন ভারতীয় অফ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 05:46 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

টেস্ট খেলেননি প্রায় ৪৪ মাস ধরে। শুরুতে ছিলেন না স্কোয়াডেও। হঠাৎ করে পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন ওয়াশিংটন সুন্দার। রেকর্ড গড়া বোলিংয়ে ভারতের হয়ে সাদা পোশাকে ফেরার উপলক্ষ রাঙালেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

পুনে টেস্টের প্রথম দিন নিউ জিল্যান্ডকে ২৫৯ রানে গুটিয়ে দিতে ৫৯ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়াশিংটন।

প্রথম দুই স্পেল মিলিয়ে ১৩ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি। তৃতীয় স্পেলে ১০.১ ওভারে ২৮ রানে নেন ৭ উইকেট!

পাঁচ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

আগের চার টেস্টের সাত ইনিংসে তার উইকেট ছিল মোটে ৬টি। এর চেয়ে বেশি উইকেট পেলেন এবার এক ইনিংসেই।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তার প্রথম পাঁচ উইকেট এটি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের তিন টেস্টে কোনো বোলারের সেরা বোলিং এটি। আগের সেরা ছিল অস্ট্রেলিয়ার স্টিভ ও’কিফের, ২০১৭ সালে এই মাঠের অভিষেক টেস্টে দুই ইনিংসেই ৩৫ রানে ৬টি করে উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

ওয়াশিংটনের ৩২ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিংও এটি। আগের সেরা ছিল ৮৭ রানে ৬ উইকেট, ২০১৭ সালে দুলিপ ট্রফিতে ভারত লাল দলের হয়ে ভারত সবুজ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ওই ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে দুই ইনিংসে ৮৮ ও ৪২ রান করে ওই ম্যাচে সেরার স্বীকৃতিও পেয়েছিলেন তিনিই।

রাঞ্জি ট্রফির ম্যাচে গত শনিবার দিল্লির বিপক্ষে তামিল নাড়ুর হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৬৯ বলে ১৫২ রানের দারুণ ইনিংস খেলার পরদিন তাকে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে অন্তর্ভুক্ত করে ভারত।

প্রথম টেস্টে বেঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে হারা ভারত পুনেতে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের জায়গায় একাদশে নেয় ওয়াশিংটনকে।

টস জিতে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের ইনিংসের পঞ্চদশ ওভারে প্রথম বল হাতে পান তিনি। প্রথম স্পেলে ৬ ওভারে ৩ মেডেনে ১০ রান দেন। লাঞ্চের আগে-পরে মিলিয়ে ৭ ওভারের দ্বিতীয় স্পেলেও পাননি উইকেটের দেখা। যদিও বোলিং করেন আঁটসাঁট।

৫৯ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৭ রান। এরপরই শুরু হয় ওয়াশিংটনের জাদু। পরের ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে থিতু হয়ে যাওয়া রাচিন রাভিন্দ্রাকে (১০৫ বলে ৬৫) বোল্ড করে দেন তিনি। ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বল টার্ন করে ছোবল দেয় অফ স্টাম্পে।

নিজের পরের ওভারে আরেকটি চমৎকার ডেলিভারিতে তিনি বোল্ড করেন ডানহাতি টম ব্লান্ডেলকে। পরের ওভারে এলবিডব্লিউ করে দেন ড্যারিল মিচেলকে। এবার সাফল্য আসে রিভিউ নিয়ে।

ওই স্পেলেই পরে টানা চার ওভারে আরও ৪ শিকার ধরেন ওয়াশিংটন। নিউ জিল্যান্ডের শেষ ৭ উইকেটই তার। স্পিন সহায়ক উইকেটে প্রথম তিনটি নেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার রাভিচান্দ্রান অশ্বিন।

২০২২ সালের অগাস্টের পর প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট পেলেন ওয়াশিংটন, ভারতের মাটিতে ২০১৭ সালের পর প্রথম। 

ক্যারিয়ারের প্রথম চার টেস্টের সবকটিই তিনি খেলেন ২০২০-২১ মৌসুমে। যেখানে ৬ ইনিংসে ব্যাট হাতে ফিফটি করেন ৩টি, ৬৬.২৫ গড়ে রান করেন ২৬৫। অভিষেকে ২০২১ সালের জানুয়ারিতে ব্রিজবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২৮ রানের লক্ষ্য তাড়ায় ভারতের স্মরণীয় জয়ে তিনি রাখেন উল্লেখযোগ্য অবদান। বল হাতে ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি দুই ইনিংসে খেলেছিলেন ৬২ ও ২২ রানের মূল্যবান দুটি ইনিংস।

ওই মৌসুমের শেষ দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা সিরিজেও ব্যাট হাতে আলো ছড়ান তিনি। চেন্নাইয়ে প্রথম টেস্টে সাতে নেমে খেলেন অপরাজিত ৮৫ রানের ইনিংস। আহমেদাবাদে চতুর্থ টেস্টে আটে নেমে করেন ১৭৪ বলে অপরাজিত ৯৬ রান।

তারপর থেকে লম্বা সময় আর টেস্ট খেলার সুযোগ তিনি পাননি। বারবার চোটেও বাধাগ্রস্ত হয়েছে ক্যারিয়ার।

এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে প্রথম দিন ৪৬ রানে গুটিয়ে যাওয়া এবং বড় ব্যবধানে ম্যাচ হারা ভারত ওয়াশিংটনের ব্যাটিং সামর্থ্যের কারণেই হয়তো তাকে একাদশে ফিরিয়েছে। তবে ব্যাটিংয়ে নামার আগেই তিনি চমক দেখালেন বল হাতে।