এশিয়া কাপ
Published : 23 Aug 2025, 04:01 PM
টি-টোয়েন্টিতে সুরিয়াকুমার ইয়াদাভের নেতৃত্বের ধরন খুব পছন্দ ভিরেন্দার শেবাগের। উত্তরসূরির ভয়ডরহীন মানসিকতা ভালো লাগে তার। ভারতের সাবেক বিস্ফোরক ব্যাটসম্যানের বিশ্বাস, সুরিয়াকুমারের আগ্রাসী অধিনায়কত্ব ভারতকে এনে দিতে পারে এশিয়া কাপের আরেকটি শিরোপা।
গত বছর রোহিত শার্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনাল শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তারকা এই ব্যাটসম্যান। এরপর সুরিয়াকুমারকে এই সংস্করণের অধিনায়ক হিসেবে বেছে নেয় ভারত।
পাকাপাকিভাবে দায়িত্বটি পাওয়ার আগেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সুরিয়াকুমার। সব মিলিয়ে তার অধিনায়কত্বে এই সংস্করণে বেশ ভালোই করছে দলটি; ২২ ম্যাচ খেলে জিতেছে ১৭টি, হার চারটিতে, একটি হয়েছে টাই।
সুরিয়াকুমারের নেতৃত্বে সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে ভারত। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে শেবাগ বলেন, বিধ্বংসী এই ব্যাটসম্যানের অধিনায়কত্বে আসছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের শিরোপাও জিতবে ভারত।
“ভারতের এই দলে তরুণ ও অভিজ্ঞদের সঠিক মিশ্রণ রয়েছে এবং সুরিয়াকুমারের নির্ভীক নেতৃত্বে তারা আবারও এশিয়া কাপে আধিপত্য করতে পারে।”
“তার আক্রমণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি সংস্করণের সঙ্গে পুরোপুরি মানানসই। আর দল যদি একই অভিপ্রায় নিয়ে খেলে, তাহলে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।”
৮ দলের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরা, পাকিস্তান ও ওমান।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাদের লড়াই ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারত তাদের শেষ ম্যাচটি খেলবে ওমানের বিপক্ষে, ১৯ সেপ্টেম্বর।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত এশিয়া কাপের ১৬টি আসর হয়েছে। যার মধ্যে রেকর্ড আটবার জিতেছে ভারত।