অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে মিরাজ
টেস্ট বোলারদের মধ্যে উন্নতি করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
দলের চরম বিপর্যয়ে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের লড়াকু ইনিংসের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে।
পুরুষ ক্রিকেটারদের বুধবার ঘোষিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় মিরাজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তার ওপরে আছেন দুই ভারতীয়- রাভিন্দ্রা জাদেজা (৪৩৪) ও রাভিচান্দ্রান অশ্বিন (৩১৫)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংস ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ।
এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম, ২৬ নম্বরে।
প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে।
এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি।
প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।
