মিরপুরের আঁধারে মিরাজের আলো
মিরাজের দুর্দান্ত ইনিংস ও অভিষিক্ত জাকের আলির সঙ্গে রেকর্ড গড়া জুটিতে মিরপুর টেস্টে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।
সকাল থেকেই মিরপুরের আকাশ মেঘলা। চারপাশ গুমোট। এর মধ্যেই শুরু হলো খেলা। কখনও কালো মেঘ ফুঁড়ে রোদের ঝিলিক দেখা গেল। কখনও কৃত্রিম আলোর সহায়তা নিতে হলো। তবে এই আলো-আঁধারের লুকোচুরিতেও দিনজুড়ে তীব্র আলোর বিচ্ছুরণ দেখা গেল ২২ গজে। সেখানে দারুণ দ্যুতিময় মেহেদী হাসান মিরাজের ব্যাট।
ইনিংস পরাজয়ের খড়গ যখন ঝুলছে বাংলাদেশের সামনে, মিরাজ তখন মাথা তুলে দাঁড়ালেন প্রবল প্রতিরোধে। লড়াইয়ে সঙ্গী পেলেন অভিষিক্ত জাকের আলিকে। দুজনের রেকর্ড গড়া জুটি আর বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে মিরপুর টেস্ট গড়াল চতুর্থ দিনে।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৭ উইকটে ২৮৩। প্রথম ইনিংসে ২০২ রানের ঘাটতি ঘুচিয়ে তারা এখন এগিয়ে ৮১ রানে। উইকেট আছে তিনটি।
এই লিডকে যদি বাড়িয়ে নেওয়া যায় ১৫০-১৮০ রানে, জয়ের লড়াই করার স্বপ্নও তখন দেখতে পারে দল।
সেই আশা জিইয়ে আছে মিরাজ এখনও টিকে আছেন বলেই। এই সময়ে ব্যাটে-বলে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ক্রিকেটার নিজের মূল্য বুঝিয়ে দিয়েছেন আরও একবার। দিনশেষে তিনি অপরাজিত ১৭১ বলে ৮৭ রান করে।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ২ রানে আউট হওয়া জাকের এবার করেছেন ৫৮।
মিরপুরের পিচ এ দিনও ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল না। তবে দিনের শুরুটা বাংলাদেশের ছিল দুঃস্বপ্নের মতো। নিস্তরঙ্গ চারটি ওভারের পর কাগিসো রাবাদার বেশ বাইরের বলে অহেতুক ব্যাট চালিয়ে আউট মাহমুদুল হাসান জয় (৯২ বলে ৪০)। এক বল পরই ভেতরে ঢোকা ডেলিভারিতে উপড়ে যায় মুশফিকুর রহিমের মিডল স্টাম্প(৩৯ বলে ৩৩)।
দুই ব্যাটসম্যানই আগের দিনের সঙ্গে যোগ করতে পারেন স্রেফ দুটি করে রান।
মুশফিক বোল্ড হলেন টানা চার টেস্ট ইনিংসে। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৩৭ বার বোল্ড হলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। বাংলাদেশের রেকর্ডটি অনেক আগে থেকেই তার।
ম্যাচের প্রথম ইনিংসেও রাবাদার ভেতরে ঢোকা বলে আউট হয়েছিলেন তিনি। সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কতবার এই ধরনের ডেলিভারিতে আউট হলেন, ইয়ত্তা নেই সেটির।
সাতসকালে অমন জোড়া ধাক্কার পর দল আরও টালটামাল হয়ে ওঠে লিটন কুমার দাসের দ্রুত বিদায়ে। কেশাভ মহারাজের টার্ন ও বাউন্সে উইকেটের পেছনে ক্যাচ দেন কিপার-ব্যাটসম্যান (৭)।
সাত রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ইনিংস পরাজয়কে আলিঙ্গন করার অপেক্ষায়। তবে মাথা নত করতে নারাজ ছিলেন মিরাজ ও জাকের।
দুজনের কারও ব্যাটিংয়ে অস্বস্তি খুব একটা ছিল না। রাবাদার টানা দুই ওভারে বাউন্ডারিতে মিরাজ বুঝিয়ে দেন, ভড়কে যাননি তিনি। মহারাজকে প্যাডল সুইপে বাউন্ডারিতে রানের পথে ছুটতে শুরু করেন জাকের।
রাবাদার প্রান্তে ভিয়ান মুল্ডারকে এনেও লাভ হয়নি তাদের। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ চালাতে থাকেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তবে মিরাজ ও জাকের খেলতে থাকেন স্বচ্ছন্দে।
বিশেষ করে, ডেন পিটকে পাত্তা দেননি দুজনের কেউই। আক্রমণে আসার পরপরই এই অফ স্পিনারকে ছক্কায় স্বাগত জানান মিরাজ। পরে মহারাজের ওভারেও মারেন জোড়া বাউন্ডারি। সময়ের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন জাকেরও।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনার মতো এই দুজনও সুইপ শটকে কাজে লাগান দারুণভাবে।
লাঞ্চের একটু আগে মিরাজ পৌঁছে যান নবম টেস্ট ফিফটিতে। লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
লাঞ্চের পরও খুব একটা বিপাকে পড়তে হয়নি তাদেরকে। পিটকে চার মেরে অভিষেকে পঞ্চাশে পা রাখেন জাকের। টেস্ট অভিষেকে ফিফটি করা বাংলাদেশের অষ্টাদশ ব্যাটসম্যান তিনি।
একটু পরই থামতে হয় তাকে। মহারাজের স্কিড করা ডেলিভারি পেছনের পায়ে খেলে এলবিডব্লিউ হয়ে যান জাকের।
১১১ বলে ৫৮ রান আসে তার বাট থেকে। বাংলাদেশের হয়ে অভিষেকে আট নম্বরে নেমে ফিফটি আগে ছিল শুধু ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মোসাদ্দেক হোসেনের ৭৫।
মিরাজের সঙ্গে তার জুটি থামে ১৩৮ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ টেস্টে বাংলাদেশের শতরানের জুটি ছিল আগে স্রেফ আর একটিই। ২০০৩ সালে চট্টগ্রামে দ্বিতীয় উইকেটে ১৩১ রান যোগ করেছিলেন জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার।
মহারাজের ওই ওভারেই সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি নাঈম হাসান। এলবিডব্লিউ দিয়ে দেন আম্পায়ার। তবে রিভিউয়ে দেখা যায়, বল চলে যাচ্ছিল স্টাম্পের ওপর দিয়ে।
এরপর আর ভুল করেননি নাঈম। আরেক প্রান্তে মিরাজ তো অবিচল। দুপুরে বৃষ্টিতে ১ ঘণ্টা ২২ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়।
৮০ ওভার হয়ে যাওয়ায় দ্বিতীয় নতুন বল নেওয়ার সময় হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। কিন্তু পেস বোলিং করার মতো আলো তখন ছিল না। মহারাজ-মার্করামের স্পিন ৫ ওভার চালানোর পর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয় দুপুর সোয়া তিনটায়। এরপর আর শুরু হতে পারেনি।
চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১০১/৩) ৮৫ ওভারে ২৮৩/৭ (জয় ৪০, মুশফিক ৩৩, লিটন ৭, মিরাজ ৮৭*, জাকের ৫৮, নাঈম ১৬*; রাবাদা ১৫-৪-৩৫-৪, মুল্ডার ১১-৩-২৮-০, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)।
