২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ‘কোয়ার্টার ফাইনাল’ থেকে

কোয়ার্টার ফাইনাল থেকেই টুর্নামেন্ট শুরু হচ্ছে, দলকে এই বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ‘কোয়ার্টার ফাইনাল’ থেকে
বড় টুর্নামেন্ট মানেই বড় দল অস্ট্রেলিয়া। ছবি: অস্ট্রেলিয়া মেন'স ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 10:04 AM

Updated : 26 Aug 2026, 11:52 AM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার ফাইনাল বলে কিছু নেই। গ্রুপ পর্বের পর সরাসরি সেমি-ফাইনাল। কিন্তু অস্ট্রেলিয়ার আসর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকেই! হ্যাঁ, দলকে এই বার্তাই দিয়েছেন স্টিভেন স্মিথ। টুর্নামেন্টের শুরু থেকেই জ্বলে উঠতে অস্ট্রেলিয়ান অধিনায়কের মন্ত্র এটিই। 

লাহোরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। দলটা তাদের এবার অনেকটাই খর্বশক্তির। স্মিথই যেমন নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত দায়িত্বে। তবে আইসিসি টুর্নামেন্ট বলেই অস্ট্রেলিয়াকে বিবেচনার বাইরে রাখা কঠিন। বড় আসর মানেই যে অস্ট্রেলিয়া বড় দল!

ওয়ানডে বিশ্বকাপে রেকর্ডে ছয়বারের বিজয়ীয় তারা। আর কোনো দলের দুটির বেশি ট্রফি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল তারাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি অধরা ছিল দীর্ঘদিন। সেটিও মিটে গেছে ২০২১ আসরে। এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ফাইনালে উঠেছে এবারও। অস্ট্রেলিয়ার দলীয় শক্তি যেমনই হোক, গোনায় ধরতেই হয়।

তবে সমস্যা হলো, কখনও কখনও সেরা চেহারায় আবির্ভূত হতে একটু সময় লাগে তাদের। গত ওয়ানডে বিশ্বকাপেই যেমন, প্রথম দুই ম্যাচেই বাজেভাবে হেরে গিয়েছিল তারা। পরে টানা ৯ ম্যাচ জিতে শিরোপা জয় করে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বাস্তবতায় দুটি ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নিশ্চিত। এজন্যই শুরু থেকেই দলকে সেরা চেহারায় দেখতে চান স্মিথ।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্মিথের কাছে প্রশ্নটি যদিও ছিল আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের রহস্য নিয়ে। সেই উত্তরটি তিনি দিলেন। সঙ্গে যোগ করলেন, প্রতিটি ম্যাচকে নক আউট ধরেই তারা এই আসর শুরু করছেন। 

“ভালো প্রশ্ন…। আমার মনে হয়, বড় টুর্নামেন্টের চাপ অস্ট্রেলিয়ার সেরাটা বের করে আনে। যদিও গত ১০ বছরের মতো সময়ে আমরা সম্ভবত প্রত্যাশিতরকমের ভালো করতে পারিনি। যেমন, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে।”

“আমরা জানি যে, কখনও কখনও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগে আমাদের, গত কয়েকটি বিশ্বকাপে যেমন হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্ষিপ্ত টুর্নামেন্ট। মাত্র তিনটি লিগ ম্যাচ এখানে। একদম প্রথম থেকেই তাই সজাগ থাকতে হবে। দলের ভেতরে তাই আমাদের জন্য বার্তা হলো, আমরা শুরু করছি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। আশা করি, এটা আমাদের ক্রিকেটারদের সেরাটা বের করে আনবে।”

অস্ট্রেলিয়ান মানসিকতা সবসময়ই তাদের বড় শক্তি। তবে ক্রিকেটীয় শক্তিতে এবার তারা আসলেই অনেকটা পিছিয়ে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেস আক্রমণের অন্য দুই মূল অস্ত্র মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড খেলতে পারছেন না চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে। চোটের কারণে নেই দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। দল ঘোষণার পর আচমকা অবসরে চলে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। দলে তাই অনভিজ্ঞ ক্রিকেটারের ছড়াছড়ি।

তবে স্মিথের বিশ্বাসের কমতি নেই। এই দল নিয়েই দারুণ কিছু করতে প্রবল আত্মবিশ্বাসী তিনি। 

“আমি বেশ রিল্যাক্সড আছি। আন্তর্জাতিক ক্রিকেটে ও বড় টুর্নামেন্টে সবসময়ই চাপ থাকে। অবশ্যই আমরা দারুণ কয়েকজন ফাস্ট বোলারকে পাচ্ছি না। তবে সেসব নিয়ে আমরা চিন্তিত নই। বরং এখানে যারা আছে এবং যাদের সামনে সুযোগ আছে, তাদের নিয়েই ভাবছি।”

“বেশ কয়েকজন মানসম্পন্ন ক্রিকেটার আছে দলে, যারা তাদের প্রথম বড় টুর্নমেন্ট খেলতে যাচ্ছে এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আমিও তাদেরকে দেখার অপেক্ষায় আছি। ভালো কিছু প্রতিপক্ষের সঙ্গে চাপের মধ্যে ওদেরকে দেখাটা হবে দারুণ অভিজ্ঞতা এবং আমাদের জন্য সময়টা রোমাঞ্চকর। আমাদের তর সইছে না।”