২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের সঙ্গে মধুর লড়াই জিতেই ফারজানার ইতিহাস

মেয়েদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে চলা খুনসুটির গল্প শোনালেন ফারজানা হক।

অধিনায়কের সঙ্গে মধুর লড়াই জিতেই ফারজানার ইতিহাস

সেঞ্চুরি ছোঁয়ার পর উদযাপনের ফাঁকে নিগার সুলতানার দিকে ইঙ্গিত করেন ফারজানা হক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:40 PM

Updated : 22 Jul 2023, 09:47 PM

‘আমার পাশে যে বসে আছে, সে সবসময় আমাকে বলতো, ‘পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব।’ আমি সবসময়  শুনতাম। কখনও  উত্তর দেইনি’- সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন ফারজানা হক। পাশে নিগার সুলতানার মুখে তখন চওড়া হাসি। মুখে নিগারের কথার কোনো উত্তর না দিলেও, ব্যাট হাতে ফারজানা ঠিকই উপহার দিলেন ইতিহাস গড়া সেঞ্চুরি। 

ভারতের বিপক্ষে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছেন ফারজানা। ১৬০ বলে তিনি খেলেছেন ৯ চারে ১০৭ রানের ইনিংস।

এই শতরান নিয়ে এত দিন ধরে অধিনায়ক নিগারের সঙ্গে তার চলছিল অন্য রকম লড়াই। তাই তো ৪৮তম ওভারে শেফালি ভার্মার বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি ছুঁয়ে উদযাপনের ফাঁকেই ড্রেসিং রুমের দিকে ইঙ্গিত করে ‘জ্যোতিইইই’ (নিগার সুলতানার ডাক নাম) বলে চিৎকার দেন ফারজানা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা ও নিগার। মালদ্বীপের বিপক্ষে ২০১৯ সালের ওই ম্যাচে তিন অঙ্কে আগে পৌঁছান নিগার। পরে একই গন্তব্যে পা রাখেন ফারজানা। শেষ পর্যন্ত অধিনায়ক অপরাজিত থাকেন ১১৩ রানে। ফারজানা করেন ১১০ রান।

তবে এবার ওয়ানডেতে ঠিকই নিগারের আগে সেঞ্চুরি করলেন ফারজানা। এই অর্জন ছোঁয়ার পর ম্যাচ শেষে দুজনের খুনসুটির বিষয়টি তুলে ধরেন ৩০ বছর বয়সী ব্যাটার। 

“আমার পাশে যে বসে আছে, সে সবসময় আমাকে বলতো, ‘পিংকি আপু আমি কিন্তু আগে সেঞ্চুরি করব।’ আমি সবসময় শুনতাম। কখনও উত্তর দেইনি। আসলে আমার আর ওর পজিশনটা... ক্লাবে বা জাতীয় দলে আমাদের ওপরেই ব্যাটিং করতে হয়। তো আমি সবসময় মনে মনে বলতাম, ‘আচ্ছা! ঠিক আছে। আপনিই কইরেন।’” 

“আমার এই সেঞ্চুরির ৭০-৮০ ভাগ হচ্ছে ওর (নিগার) জন্য। কারণ আমি ওকে দেখানোর জন্য যে, ‘কেউ করতে পারলে আমারই সেই সম্ভাবনা থাকতে পারে।’ নিজের স্কিলের ওপর আমার অনেক বিশ্বাস ছিল। যেহেতু আমি ভালো শুরু পাচ্ছি, যত দূর নেওয়া যায়। দিন শেষে সেঞ্চুরিটা হয়ে গেছে।”

সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার সময় ফারজানার সেঞ্চুরির উদযাপনের ওই অংশ নিয়ে নিজের আনন্দের কথা জানান নিগার।

“(উদযাপনে) আমার নাম তো নেবেই। আমিই ওকে উজ্জীবিত করছিলাম। দলের মধ্যে সব সময় কথা হতো, ও আগে করবে না হয়, আমি করব। তবে আমি বলতাম, ‘আমিই আগে করব।’ আজ তো ও করে ফেলছে। খুব ভালো হয়েছে, খুব।”

ম্যাচে সেঞ্চুরি ছোঁয়ার পথটা সহজ ছিল না ফারজানার। নব্বইয়ের ঘরে ঢুকে একবার পড়িমড়ি করে ডাইভ দিয়ে অল্পের জন্য বেঁচে যান রান আউট হওয়া থেকে। ৯৮ রানে থাকতে টানা তিনটি ডট বল খেলে যেন চাপ আরও বাড়ান নিজের ওপর। 

তবে শেষ পর্যন্ত ওই চাপ জয় করেই তিনি পৌঁছান স্বপ্নের ঠিকানায়। যেখানে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার। তিনি জানালেন, স্নায়ুচাপের মুহূর্তে নিজেকে সামলে নেওয়ার দীক্ষাটা তিনি নিয়েছেন ছেলেদের দলের ক্রিকেটারদের সেঞ্চুরি দেখে দেখে। 

“আমি আগে হয়তো সেঞ্চুরি করিনি, তবে অনেক সেঞ্চুরি দেখেছি। মুশফিক ভাইয়ের (মুশফিকুর রহিম) শতরান দেখেছি। (নাজমুল হোসেন) শান্ত ভাই সম্প্রতি দুটি সেঞ্চুরি করেছেন। এছাড়া ঘরোয়াতে আমি সেঞ্চুরি করেছি। কিন্তু এখানে ওই সময়টায় (নব্বইয়ের ঘরে) আমি সেঞ্চুরির কোনো চিন্তাই করিনি।” 

তবু চাপ ঘিরে ধরেছিল তাকে। তখন নিজের প্রক্রিয়ায় থেকেই পেয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা।

“যখন দেখেছি ৯৬ রান হয়ে গেছে, তখন একটু ঘাবড়ে গেছিলাম যে, ‘আমি কী করব?’ তারপর ভাবছি, ‘না! ভালো ব্যাটার হতে হলে শেষ পর্যন্ত যেতে হবে।” গত ম্যাচে ৪৭ রানে শেষ হয়েছিল, আমার বন্ধুবান্ধব সবাই বলছিল, ‘ইশ! একটুর জন্য ফিফটিটা হলো না।’ তো এবার আমি ভাবছিলাম, প্রক্রিয়া অনুযায়ী চেষ্টা করে যাই। পরে সেঞ্চুরিটা হলো।” 

শতরানের মুহূর্তে ফারজানার সঙ্গে অপর প্রান্তে ছিলেন সোবহানা মোস্তারি। নব্বইয়ের ঘরে ঢোকার পর তরুণ এই ব্যাটারের পরামর্শও সাহায্য করেছে দেশের প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটারকে।

“নব্বইয়ের পর আমার সেঞ্চুরি হবে কি না, সেটি ভাবিনি। তখন ভাবনা ছিল ২২০ রানের বেশি করতে হবে। আমি যেহেতু সময় নিয়েছি, ওরাও আমার জোনগুলোতে বল দিচ্ছিল। হাতে ব্যথা লাগায় তখন বড় শট খেলতে পারছিলাম না। তবে আমার বিশ্বাস ছিল, ওই সময়টা রিকভার করে যদি দলের জন্য কিছু একটা করতে পারি।” 

“ওই সময় আমাদের বাউন্ডারির দরকার ছিল। তখন আমার সঙ্গী (সোবহানা) খুব ভালো সমর্থন দিয়েছে। ও বলছিল, ‘পিংকি আপু তুমি বল দেখে দেখে খেলে যাও। তোমার সেঞ্চুরিও হবে, দলের ভালো স্কোরও হবে।’ তো এটাই তখন চলছিল আমাদের মধ্যে।”

শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠেছিল বাংলাদেশের ব্যাটারদের বড় ইনিংস খেলতে না পারার প্রসঙ্গ। প্রধান কোচ হাশান তিলাকারত্নে তখন স্কিলের ওপর আস্থার কথা জানিয়ে লম্বা সময় উইকেটে থাকার ও বড় রান করার মানসিকতা, ফিটনেসের ঘাটতির কথা বলেন। 

কোচের অমন মন্তব্যের পরদিনই বাংলাদেশের ব্যাটাররা করলেন একটি ফিফটি ও একটি সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে তিন অঙ্ক ছাড়িয়ে যান ফারজানা। তার সঙ্গে প্রথম উইকেটে জুটি বেঁধে ৫২ রানের ইনিংস খেলেন শামিমা সুলতানা। 

ম্যাচ শেষে ফারজানাকে মনে করিয়ে দেওয়া হলো কোচের বলা কথা। তখন ফের প্রক্রিয়ার দিকেই জোর দেন অভিজ্ঞ ব্যাটার।

“আজকে আমি ভালো খেলেছি বলেই নয়, আমাদের দলে কিন্তু ৪-৫টা ব্যাটার আছে বড় স্কোর করার মতো। বড় দলের বিপক্ষে খেলতে হলে অবশ্যই স্কিলফুল হতে হবে এবং বল বুঝে খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কোচ ও ম্যানেজমেন্ট এসব নিয়ে অনেক কাজ করছে।” 

“আজকে আমি ভালো করেছি দেখেই যে ফল এসে গেছে, তা নয়। আজকে যদি আমি ব্যর্থও হতাম, আমার প্রক্রিয়াটা এরকমই থাকত। আসলে আজকে শুধু সময় নিয়ে ব্যাটিং করার ইচ্ছা ছিল। এটা করতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে।”

সিরিজের প্রথম দুই ম্যাচে তিন নম্বরে নেমে ২৭ ও ৪৭ রানের ইনিংস খেলেন ফারজানা। শেষের লড়াইয়ে আগের দুই ম্যাচের ওপেনারদের একাদশের বাইরে পাঠিয়ে শামিমার সঙ্গে তাকে নামানো হয় ওপেনিংয়ে। সুযোগ কাজে লাগিয়ে ফারজানা জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। 

সচরাচর তিন নম্বরে ব্যাটিংয়ের অভ্যাস থাকায় সিরিজ নির্ধারণী চ্যালেঞ্জে ওপেনিং করার বিষয়টি তেমন কঠিন মনে হয়নি ফারজানার।

“সবসময় ওপেনিং বা ওয়ান ডাউন আমার পছন্দের জায়গা। আগের দুই ম্যাচে আমি ওয়ান ডাউন ব্যাটিং করেছি। এই ম্যাচের আগে প্রধান কোচ বলেছিলেন, ‘পিংকি তুমি প্রস্তুতি রাখো। তোমার ওপেনিং করা লাগতে পারে।’ তো আমি তখন ভাবছিলাম, আমার তো আগেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে। ওই মানসিকতা নিয়েই আমি পরিকল্পনা নিচ্ছিলাম।” 

“আমার একটা ভালো বিষয় হচ্ছে, সুইং বলে আমি ভালোভাবে মানিয়ে নিতে পারছিলাম। ওই হিসেবেই আমার নিজের প্রতি বিশ্বাস ছিল। আর (ওপেনিংয়ে) যাওয়া তো লাগতোই, তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। তো ওভাবেই মানিয়ে নিয়েছি।”

ফারজানার পাশেই থাকা নিগারের কাছে প্রশ্ন যায়, প্রথম সেঞ্চুরি না করার কোনো আফসোস আছে কি না? বাংলাদেশ অধিনায়ক তখন খুনসুটির মেজাজেই দেন আরও বড় অর্জনের বার্তা, ‘ডাবল সেঞ্চুরি কেউ এখনও করেনি!’