Published : 22 Feb 2025, 09:45 AM
বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের নায়ক শুবমান গিল। কঠিন হয়ে ওঠা পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়ে অপরাজিত সেঞ্চুরিতে তিনি দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। অন্য কোনো ম্যাচে হয়তো তিনি পারবেন না। কিন্তু জ্বলে উঠবেন অন্য কোনো ‘গিল!’ হ্যাঁ, ভারতের ব্যাটিং অর্ডারে এরকম গিলের অভাব দেখেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
শুবমান গিলের বয়স এখনও স্রেফ ২৫। ওয়ানডের অভিজ্ঞতাও বিশাল নয়। ম্যাচ খেলেছেন কেবল ৫১টি। তবে ৮ সেঞ্চুরি করে ফেলেছেন এর মধ্যেই। দলের সহ-অধিনায়কও তিনি। তার ওপর ভারতীয় ক্রিকেটের ভরসা অনেক। কিন্তু তার পরও, যে দলে ভিরাট কোহলি, রোহিত শার্মার মতো ওয়ানডে ইতিহাসের সেরাদের সেরা ব্যাটসম্যানরা আছেন, সেই ব্যাটিং লাইন আপের পরিচয় তো আর গিলকে দিয়ে হতে পারে না!
সৌরভও নিশ্চয়ই সেটা ভালো করেই বোঝেন। তিনি আসলে এখানে অনেকগুলো ‘গিল’ বলতে বুঝিয়েছেন সেঞ্চুরির সামর্থ্য আর ম্যাচ জেতানোর ক্ষমতাকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বললেন, এই দলের ব্যাটিংয়ের গভীরতা অনেক।
“এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়ের মধ্যে পাঁচজন শুবমান গিল আছে ভারতীয় দলে… যারা সেঞ্চুরি করতে পারে, ম্যাচ জেতাতে পারে। আকসার প্যাটেল যখন পাঁচ নম্বরে ব্যাট করছে, এই দলের ব্যাটিং গভীরতা চিন্তা করতে পারেন?”
“এই ম্যাচে ভারত একসময় বিপাকে পড়ে গিয়েছিল। কিন্তু তখন ব্যাটিংয়ে নেমেছে কেএল রাহুলের (ছয় নম্বরে) মতো একজন ব্যাটসম্যান। রাভিন্দ্রা জাদেজা, হার্দিক পান্ডিয়া বাইরে অপেক্ষায় ছিল… একের পর এক ব্যাটসম্যান আছে দলে। আমাদের যে সিস্টেম এবং যেভাবে আমরা ক্রিকেট খেলি, এই কারণেই এত এত প্রতিভা বেরিয়ে আসে আমাদের।”
বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করার পর ভারতের সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সৌরভের বিশ্বাস, দুবাইয়ে রোববার এই ম্যাচে ভারতের কাছে খুব একটা পাত্তা পাবে না পাকিস্তানিরা।
“আমার মতে, শুধু পাকিস্তানের বিপক্ষে নয়, গোটা টুর্নামেন্টেই ফেভারিট ভারত। পাকিস্তানের জন্য এই ম্যাচে কাজটা সহজ হবে না। স্পিনাররা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার মনে হয়, ভারতীয় দল একই বোলিং সমন্বয় নিয়ে খেলবে। পেস আক্রমণে শামি, হার্শিত ও পান্ডিয়া থাকবে, স্পিনের দেখভাল করবে আকসার, জাদেজা ও কুলদিপ।”
“দুবাইয়ের এই উইকেটে স্পিনারদের প্রয়োজন। আমার ধারণা, উইকেটে স্পিন ধরবে ও টার্ন করবে। পাকিস্তান স্পিন ভালো খেলে না, খুব ভালো স্পিনারও তাদের নেই। ভারতের দারুণ সব স্পিনার আছে।”