ধারামশালা টেস্টেও নেই রাহুল, ফিরলেন বুমরাহ
রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে খেলতে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারকে ছেড়ে দিয়েছে ভারত।
পায়ের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে পাচ্ছে না ভারত। বিশ্রাম কাটিয়ে ধারামশালা টেস্টের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ।
ম্যাচটির জন্য বৃহস্পতিবার ঘোষিত ১৬ জনের স্কোয়াডে জায়গা হয়নি ওয়াশিংটন সুন্দারের। এতদিন দলের সঙ্গে থাকা এই স্পিনিং অলরাউন্ডারকে তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে শনিবার শুরু হবে ম্যাচটি।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচ শেষে প্রয়োজন হলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ওয়াশিংটন। ধারামশালা টেস্ট শুরু আগামী ৭ মার্চ।
ইংলিশদের সঙ্গে হায়দরাবাদে প্রথম টেস্ট খেলার পর পায়ের চোটে ছিটকে পড়া রাহুল এখনও ফিরতে পারেননি। ‘কোয়াড্রিসেপ টেন্ডন’ চোট কাটিয়ে উঠতে লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন তিনি। তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিসিআই।
আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএল। চোটের কারণে শুরুর কয়েকটি ম্যাচ তার না খেলার শঙ্কা রয়েছে। এই সময়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের নেতৃত্ব সামলাতে হতে পারে সহ-অধিনায়ক নিকোলাস পুরানকে।
চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা বুমরাহকে রাঁচি টেস্টে বিশ্রাম দেয় ভারত। দলের সহ-অধিনায়ককে ছাড়াই ওই ম্যাচটি জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।
এক ম্যাচ না খেললেও সিরিজে যৌথভাবে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। তার সমান ১৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ টেস্টের দলে অনুমিতভাবেই আছেন এই দুইজন।
ধামারশালা টেস্টের ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, রাজাত পাতিদার, সারফারাজ খান, ধ্রুব জুরেল, শ্রিকর ভারত, দেবদুত পাডিক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দিপ।
