২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দারুণ পারফরম্যান্সের পর তানজিদের ঝড়ো ইনিংসে প্লে-অফে রাজশাহী

সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের রাজশাহী ওয়ারিয়র্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

আগের তিন ম্যাচে উইকেট না পাওয়া আব্দুল গাফফার সাকলায়েন এবার জ্বলে উঠলেন। হ্যাটট্রিক করলেন রিপন মন্ডল। বিপিএল অভিষেকে বল হাতে দ্যুতি ছড়ালেন এমডি রুবেল। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখল রাজশাহী ওয়ারিয়র্স। পরে ছন্দের খোঁজে থাকা তানজিদ হাসানের ঝড়ো ইনিংসে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল তারা।

সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে রাজশাহী। প্রতিপক্ষকে ১৩১ রানে থামিয়ে ২৩ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে খেলা রাজশাহীর এটি ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ফিরল তারা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম রয়্যালস। সমান পয়েন্ট নিয়ে তিনে ৯ ম্যাচ খেলা সিলেট টাইটান্স। এই দুই দলেরও নিশ্চিত হয়ে গেছে প্লে-অফে খেলা।

বিপিএলে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে স্রেফ ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন সাকলায়েন। ইনিংসের শেষ তিন বলে উইকেট নিয়ে প্রথমবার হ্যাটট্রিকের কীর্তি গড়েন রিপন। আর অফ স্পিনে স্রেফ ২২ রান দিয়ে ২ শিকার ধরেন অভিষিক্ত রুবেল।

আসরে আগের সাত ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন তানজিদ। একটি ইনিংসেও ৩০ স্পর্শ করতে পারেননি তিনি। ব্যর্থতার জাল ছিঁড়ে এবার করলেন ৭৬ রান। ৫ ছক্কা ও ৭ চারে সাজানো ৪৩ বলের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ওপেনার।

আসর জুড়ে ধুঁকতে থাকা ঢাকাকে এদিন ভালো শুরু এনে দেন উসমান খান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে ফেরা পাকিস্তানি ওপেনার রুবেলকে তিন বলের মধ্যে মারেন চার ও ছক্কা। পঞ্চম ওভারে বিনুরা ফার্নান্দোকে হাঁকান তিন চার।

পরের ওভারে রিপনকে ছক্কায় ওড়ান উসমান। কোনো উইকেট না হারিয়ে ৫৪ রানে পাওয়ার প্লে শেষ করে ঢাকা। সপ্তম ওভারে উসমানকে ফিরিয়ে ওই রানেই উদ্বোধনী জুটি ভাঙেন সাকলায়েন। পরের বলে সাইফ হাসানকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান এই পেসার। শেষ পর্যন্ত কীর্তিটি গড়া হয়নি তার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। অষ্টম ওভারে ওপেনার আবদুল্লাহ আল মামুনকে বোল্ড করে বিপিএলে প্রথম উইকেটের স্বাদ পান রুবেল।

মোহাম্মদ মিঠুন, ইমাদ ওয়াসিম, শামীম হোসেনরা পারেননি ঢাকাকে টানতে। একটি করে ছক্কা-চারে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন নাসির হোসেন।

শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন রিপন। তার প্রথম তিন বল থেকে আসে তিন রান। শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রাহমান ও তাইজুল ইসলামকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান রিপন।

চলতি বিপিএলে রিপনের আগে হ্যাটট্রিক করেন মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরি। বিপিএলের এক আসরে তিন হ্যাটট্রিক দেখা গেল দ্বিতীয়বার। ২০১৯ সালে আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল পেয়েছিলেন এই স্বাদ।

লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারে আফগান পেসার জিয়াউরকে টানা দুই চার মারেন তানজিদ। তোফায়েল আহমেদকে ছক্কার পর চার হাঁকান মুহাম্মাদ ওয়াসিম। ওই ওভারের পঞ্চম বলে ছক্কায় ওড়ান তানজিদ।

পঞ্চম ওভারে নাসিরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন এক ছক্কা ও ২ চারে ১৩ বলে ২২ রান করা ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাত ওপেনারের বিদায় ভাঙেন ৩৮ রানের জুটি। নাসিরকে ওই ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মারেন তানজিদ। 

পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬০ রান করে রাজশাহী। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা শান্ত এদিন পারেননি দুই অঙ্কে যেতে।

ক্রিজে গিয়ে কিছুটা সাবধানি ছিলেন মুশফিকুর রহিম। আরেক প্রান্তে রানের চাকায় দম দেন তানজিদ। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুলের দুই ওভারে দুটি করে ছক্কা ও চার মারেন ২৯ বলে বলে ফিফটি করা বাঁহাতি ব্যাটসম্যান।

সাইফকে ছক্কায় ওড়ানো তানজিদকে বোল্ড করে দেন ইমাদ ওয়াসিম। ততক্ষণে জয়ের কাছে পৌঁছে যায় রাজশাহী। জেমস নিশামকে নিয়ে বাকি পথ পাড়ি দেন অভিজ্ঞ মুশফিক।

ষোড়শ ওভারে পাকিস্তানি স্পিনিং অলরাউন্ডারকে ইমাদকে দুটি চার ও একটি ছক্কা হাঁকান কিউই অলরাউন্ডার নিশাম। ১০ বলে ১৪ রান করেন তিনি। ১৯ বলে ১১ রান করেন মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৩১ (উসমান ৪১, মামুন ১২, সাইফ ০, মিঠুন ১৩, নাসির ১৪, ইমাদ ১১, শামীম ৭, সাব্বির ১৪, তোফায়েল ৬*, জিয়াউর ০, তাইজুল ০; বিনুরা ৪-০-৩৬-১, রুবেল ৪-০-২২-২, রিপন ৪-০-৩০-৩, সাকলায়েন ৪-০-২৪-৪, নিশাম ৩-০-১৭-০, বার্ল ১-১-০-০)

রাজশাহী ওয়ারিয়র্স: ১৬.২ ওভারে ১৩২/৩ (ওয়াসিম ২২, তানজিদ ৭৬, শান্ত ৫, মুশফিক ১২*, নিশাম ১৪*; জিয়াউর ২-০-১৯-০, ইমাদ ৪-০-৩০-১, তোফায়েল ১-০-১৭-০, নাসির ১-০-১২-১, শামীম ২.১-০-১১-০, সাইফ ৪-০-১৭-১, তাইজুল ২-০-১৪-০)

ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।