২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর পাকিস্তান সফরে ‘যাচ্ছেন’ ভারতের ক্রিকেট প্রধান

২০০৮ সালের পর পাকিস্তান সফরে যাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি।

১৫ বছর পর পাকিস্তান সফরে ‘যাচ্ছেন’ ভারতের ক্রিকেট প্রধান

১৯৮৩ বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার রজার বিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 04:43 PM

Updated : 26 Aug 2023, 04:43 PM

রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে প্রায় দেড় দশক ধরে পাকিস্তানে খেলতে যায় না ভারত। লম্বা এই সময়ে প্রতিবেশী দেশটিতে সফর করেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধিও। সেই ধারায় এবার ছেদ পড়তে যাচ্ছে। পাকিস্তানে সৌজন্য সফর করতে যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। 

পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপকে ঘিরে তৈরি হয়েছে এই সম্ভাবনা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে বিসিসিআই প্রতিনিধি হিসেবে নৈশভোজে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিনি ও শুক্লা। 

গত ১৫ অগাস্ট পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান। ক্রিকইনফোর খবর, বিসিসিআই সহ এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর বোর্ড কর্তারা গ্রহণ করেছেন পিসিবির আমন্ত্রণ। 

আগামী বুধবার শুরু এশিয়া কাপের এবারের আসর। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। আগামী শনিবার পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। দুই দলের লড়াইটি দেখতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বিনি ও শুক্লার। সেখান থেকে ফিরে দুয়েক দিনের মধ্যে তারা লাহোরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। 

ক্রিকইনফো আরও জানিয়েছে, স্রেফ সৌজন্য সফর করতেই পাকিস্তানে যাচ্ছেন বিনি। বোর্ড প্রধানদের নিয়ে অফিসিয়াল কোনো সভা নেই। দুই দিনের সফরে আগামী ৩ কিংবা ৫ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের একটি ম্যাচও দেখতে পারেন বিনি ও শুক্লা। 

বিনি ও শুক্লা পাকিস্তানে গেলে, ২০০৮ সালের পর দেশটিতে সফর করবেন বিসিসিআইয়ের কোনো প্রতিনিধি। ওই বছরের জুন-জুলাইয়ে পাকিস্তানে হয় এশিয়া কাপ। সেবার পিসিবির আমন্ত্রণে প্রতিবেশী দেশে খেলা দেখতে যান বিসিসিআইয়ের কর্তারা। 

ওই টুর্নামেন্টের কয়েক মাস পরই মুম্বাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার দিকে আঙুল তোলে ভারত। এরপর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয় নতুন দ্বন্দ্ব। যার প্রভাব পড়ে ক্রিকেটেও। 

ভারতের মাটিতে এরপর কয়েকবার পাকিস্তান খেলতে গেলেও পাকিস্তানে আর খেলতে যায়নি ভারত। এবারের এশিয়া কাপ মূলত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে খেলবে না বলে জানিয়ে দেয়। পরে অনেক দিনের আলোচনার পর হাইব্রিড মডেলে সম্মত হয় দুই বোর্ড।