গায়ানার প্রেসিডেন্টের হস্তক্ষেপে ভিসা জটিলতা কাটল ভারত-উইন্ডিজ দলের
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি পূর্বপরিকল্পনা অনুযায়ী ফ্লোরিডাতেই হবে।
খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অনিশ্চয়তা ও জটিলতার অবসান ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি তাই পূর্বপরিকল্পনা অনুযায়ী ফ্লোরিডাতেই হবে।
দুই দলের কিছু সদস্যের ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। সমস্যার সমাধানে এগিয়ে আসেন গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি।
প্রথম তিন ম্যাচের ভেন্যু ত্রিনিদাদ বা সেন্ট কিটস থেকেই ভিসা পাওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু সেটা হয়নি। তাই মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি শেষ করে দুই দলই চার্টার্ড ফ্লাইটে পৌঁছায় গায়ানার রাজধানী জর্জটাউনে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) অবশ্য শুরু থেকেই আশাবাদী ছিল। সেই সঙ্গে বিকল্প ভাবনা হিসিবে ক্যারিবীয় দ্বীপে সিরিজের শেষ দুই ম্যাচ আয়োজনের পরিকল্পনাও নিয়ে রেখেছিল তারা।
যাদের ভিসা আগে থেকেই ছিল, তারা সেন্ট কিটস থেকেই যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন। বাকিরা জর্জটাউন থেকে চার্টার্ড ফ্লাইটে মায়ামি পৌঁছাবে বৃহস্পতিবার। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাও আছেন এই তালিকায়।
এই সিরিজে অবশ্য শুরু থেকেই নানা রকম ঝামেলার মুখোমুখি হতে হয়েছে দুই দলকে। ত্রিনিদাদ থেকে সময়মতো দুই দলের কিট ব্যাগ না পৌঁছানোয় দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ায় নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর। পরে তৃতীয় টি-টোয়েন্টি পিছিয়ে দেওয়া হয় দেড় ঘণ্টা।
পাঁচ ম্যাচ সিরিজে ভারত ২-১ এ এগিয়ে আছে। ফ্লোরিডায় শেষ দুই ম্যাচ হবে শনি ও রোববার।
