Published : 10 Jun 2026, 10:04 PM
টিম কারফিউ ভেঙে নাইটক্লাবে বেন স্টোকস অপ্রীতিকর কাণ্ড ঘটনোর পর, দলে তার অবস্থান ঘিরে যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হয়েছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রাথা হয়নি তাকে। তার অনুপস্থিতিতে ওভাল টেস্টে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জো রুট।
ইংলিশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তও বেশ চমক জাগিয়েছে। তাদের টেস্ট দলের নিয়মিত সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু বিস্ময়করভাবে তাকে টপকে নেতৃত্ব পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। ইসিবির বিবৃতিতে রুটকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন অধিনায়ক।
২০১৭-২২ সাল পর্যন্ত ৬৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন রুট। কিন্তু শেষ দিকে টানা ব্যর্থতায় (১৭ টেস্টে মাত্র এক জয়) অধিনায়কত্ব ছেড়ে তিনি, এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-০ ব্যবধানে হার।
অধিনায়কের পদ ছাড়লেও দলে এখনও তিনি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন এবং বিশেষ পরিস্থিতিতে দলের প্রয়োজনে বুধবার বিকালে তার কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছে ইংল্যান্ড।
নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১১৫ রান প্রথম টেস্ট জয়ের পর একটি নাইটক্লাবের ঘটনা তদন্ত করছে ইসিবি। ওই ঘটনায় স্টোকস ও গাস অ্যাটকিনসন দলের কারফিউ ভঙ্গ করেছেন বলে বিবৃতিতে জানিয়েছিল ইসিবি। পরে সংবাদমাধ্যমের খবরে উঠে আসতে থাকে বিস্তারিত নানা কিছু।
জানা গেছে যে, রাগবি ইউনিয়নের ক্লাব সারাসেন্স এফসির সামোয়ান খেলোয়াড় টোটোয়া ওভার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় ইংল্যান্ডের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন এবং তার সেলাইয়ের প্রয়োজন পড়ে।
গত মৌসুমে মাঠের বাইরের ইংলিশ ক্রিকেটারদের নানা অসংযত আচরণের পর, দলের আচরণ ও সংস্কৃতি উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পরও, স্টোকসদের এই ঘটনায় তাদের আচরণগত সমস্যা নিয়ে বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে।
স্টোকসের ডেপুটি হিসেবে তার অনুপস্থিতিতে স্বাভাবিকভাবে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ব্রুকের। তবে তারও আচরণগত অতীত খুব একটা সন্তোষজনক নয়। অ্যাশেজের আগে গত বছরের শেষ দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আগের দিন ওয়েলিংটনের এক নাইটক্লাবের বাউন্সারের হাতে ঘুষি খেয়েছিলেন সাদা বলের অধিনায়ক ব্রুক।
ওই ঘটনার পরই, ইংল্যান্ড দলে ‘মিডনাইট কারফিউ’ চালু করা হয়।
সেজন্যই হয়তো রুটের মতো নিরাপদ হাতে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর ফিরে পেয়েছেন অধিনায়কত্ব।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওভালে আগামী বুধবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। স্টোকসের পাশাপাশি এই ম্যাচের দলে পেসার অ্যাটকিনসনকেও না রাখার কথা জানিয়েছে ইসিবি। তাদের জায়গায় ডাক পেয়েছেন পেসার জফ্রা আর্চার ও কিপার-ব্যাটসম্যান জর্ডান কক্স। জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলা কক্স এখন পর্যন্ত টেস্ট খেলেননি।