২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অধিনায়কের ভাবনায় ডট বল কমানো

টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ডট বল কমানো নিয়ে কাজ করার কথা বললেন বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় মাথাব্যথার কারণ ডট বল। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে এক-দুই নিয়ে রানের চাকা সচল রাখতে না পারায় পারায় প্রায়ই ভুগতে হয় দলকে। ক্ষুদ্রতম সংস্করণে ভালো করার জন্য বড় শটের পাশাপাশি তাই ডট বল কম খেলার দিকেও জোর দিলেন দলের অধিনায়ক লিটন কুমার দাস। 

টি-টোয়েন্টির নতুন অধিনায়কের এই কথা যদিও নতুন কিছু নয়। তিনিসহ আরও অনেক ব্যাটসম্যান, কোচিং স্টাফের সদস্যরা বলেছেন এখানে উন্নতির তাড়নার কথা। তবে খুব একটা বদলায়নি চিত্র। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করলেও তিন ম্যাচে ৪৩ শতাংশের বেশি বল থেকে কোনো রান করতে পারেনি বাংলাদেশ।

এই সমস্যায় আরও বেশি ভুগতে হয়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সাত ম্যাচের তিনটিতে ৫০ শতাংশের বেশি বল নিষ্ফলা রাখে বাংলাদেশ। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে প্রায় ৪৮ শতাংশ বল থেকে কোনো রান করতে পারেনি। সুপার এইট পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি তাদের।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের সাত টি-টোয়েন্টির জন্য গত সপ্তাহে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে তাই ডট বল কমানোর উপায় বের করার চেষ্টা করছেন লিটন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা। 

সপ্তাহখানেক প্রস্তুতির পর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় ম্যাচের আদলে অনুশীলন দিয়ে শেষ হবে এই ক্যাম্প।

গত সোমবার শুরু হওয়া এই প্রস্তুতি পর্ব অনেকটা রুদ্ধদ্বারই রেখেছে বিসিবি। সংবাদকর্মীদের জন্য প্রতিদিন মাত্র ১৫ মিনিট ছিল অনুশীলন দেখার সুযোগ। এটুকু দেখে পরিষ্কার করে বোঝার উপায় নেই কী নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। 

রোববারের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, টি-টোয়েন্টিসুলভ কিছু শট নিয়ে কাজ করছেন ব্যাটসম্যানরা। পরদিন এর সঙ্গে যোগ করে লিটন জানালেন, পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ডট বল কমানোর দিকেও তাদের মনোযোগ। 

“টানা আন্তর্জাতিক খেলা থাকলে স্কিল উন্নতির সময় তেমন পাওয়া যায় না। ম্যাচের পর ম্যাচ খেলতে থাকলে, ম্যাচের ইন্টেন্সিটির কারণে স্কিলের কাজটা করার সুযোগ হয় না। তাই এটা একটা বাড়তি সুযোগ যে, আমরা অনেক দিন ধরে স্কিল নিয়ে কাজ করছি।” 

“স্কিল মানেই এই না যে... অবশ্যই পাওয়ার হিটিং চলছে, এর সঙ্গে কীভাবে কী... টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই জানি বড় শট খেলতে হয়। একইসঙ্গে যে যত (কম) ডট বল খেলতে পারে, তাদের জন্যই কিন্তু সুবিধা। তাই দুটি দিক নিয়েই কাজ করছি।”

কিছু দিন আগপর্যন্তও ওয়ানডেতে কিছুটা ধারাবাহিক ছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে কখনও সেই পর্যায়ে যেতে পারেনি তারা। ঘুরে দাঁড়ানোর আশায় বিভিন্ন সময়ে অধিনায়ক বা কোচের কণ্ঠে শোনা গেছে, এই সংস্করণে বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় দল। 

তবে সেই ব্র্যান্ড আসলে কী বা ক্রিকেটের ধরনটা, তা কখনও ধারাবাহিকভাবে মাঠে দেখাতে পারেনি বাংলাদেশ। ফলে হয়েছে যা হওয়ার তা-ই। এখনও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সমীহ করার মতো দল হয়ে উঠতে পারেনি তারা।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া লিটনের ভাবনা তাই ভিন্ন। কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট না খেলে ক্রিকেটারদের কাছে নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী পারফরম্যান্সের আশা নতুন অধিনায়কের।

“ব্র‍্যান্ডেড ক্রিকেট (খেলব), আমি এটা বলব না। আমি যেভাবে চিন্তা করছি, কোনো কোনো ম্যাচে ১৮০-২০০ রান তাড়া করতে হতে পারে। কোনো ম্যাচে ১৪০-১৪৫ তাড়া করতে হবে। কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি, সেটা মূল লক্ষ্য। হতে পারে কেউ এক ম্যাচে ২০ বলে ৪০ রান করল, আবার একই ব্যাটসম্যানের পরের দিন ২০ বলে ১৫ রানও করতে হতে পারে।”

“আমি চাই, প্রতিটা ক্রিকেটার যেন ম্যাচে সম্পৃক্ত থাকে। তারা যেন বোঝে, ওই ম্যাচে তার কাছে দলের চাহিদা কী। আমার মতে, কোনো নির্দিষ্ট ব্র‍্যান্ডের ক্রিকেট খেলার চেয়ে, প্রতিটা ক্রিকেটার যদি বোঝে যে দল আমার কাছে এই জিনিসটা চাচ্ছে, তাহলে আমাদের ফল বেশি আসবে।”

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ তারিখ হবে ম্যাচ দুটি। এরপর সূচি অনুযায়ী ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা তাদের।