২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের মাঠে সীমানা আরও বড় দেখতে চান তামিম

চার-ছক্কা বেশি হওয়ার জন্য মাঠের সীমানা রাখা হয়েছে বেশ ছোট, নিজে ব্যাটসম্যান হলেও বোলারদের কথা ভেবে অসন্তুষ্টি জানালেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 09:31 AM

Updated : 26 Aug 2026, 11:32 AM

মাঠের বাউন্ডারি সীমানা যে অনেক ছোট, ধরা পড়ে একদম খালি চোখেই। তামিম ইকবাল মাঠে ঢুকে উইকেট দেখার পরই খেয়াল করলেন বাউন্ডারি। এগিয়ে গিয়ে খানিকটা কাছ থেকেও দেখলেন তিনি। পরে মাঠকর্মীদের সঙ্গে কথা বললেন কিছু নিয়ে। তখন যা ছিল তার মনে, দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের পর তা কণ্ঠেও ফুটিয়ে তুললেন ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে চার-ছক্কা-রান বাড়ানোর জন্য সীমানা ছোট করে দেওয়ার কৌশল ভালো লাগেনি অভিজ্ঞ এই ক্রিকেটারের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতেই খুব বড় নয়। এবার বিপিএলের জন্য তা কমিয়ে দেওয়া হয় আরও। সীমানা ছোট করা হয়েছিল ঢাকা পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেও। তবে সিলেটে এতটা কমিয়ে দেওয়া হয়েছে যে, মাঠে ঢুকে সবার আগে নজরে পড়ে এটিই। বিশেষ করে, প্রেস বক্স প্রান্তের সোজাসুজি বাউন্ডারি তো ৩০ গজের বৃত্তের পর আর ৩০ গজও রাখা হয়নি। এই ছোট মাঠেও বাউন্ডারি সীমানা বাইরে বাড়তি জায়গা পড়ে আছে অঢেল। 

ব্যাটিং স্বর্গ উইকেটের সঙ্গে ছোট সীমানার কারণে সিলেট পর্বের প্রথম ম্যাচে হয়েছে ছক্কার রেকর্ড। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। সেই ম্যাচে সিলেটের ২০৫ রান তাড়ায় অনায়াসে জিতে যায় রংপুর। দিনের পরের ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৬৮ রানে আটকে রেখে বরিশাল ৭ উইকেটে জিতে গেছে ১৫ বল বাকি রেখেই। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যান অব দা ম্যাচ এ দিন তামিম।

ব্যাটসম্যান হিসেবে ছোট সীমানাতে খুশিই হওয়ার কথা তামিমের। তবে তিনি শুধু একটি দিক থেকে না ভেবে তুলে ধরছেন বৃহত্তর দৃষ্টিভঙ্গি। 

“‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।”

“উইকেট এবার এত ভালো…! কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।”

মাঠে বাড়তি জায়গা আছে অনেক। তবে শীর্ষ কর্তাদের ভাবনায় জায়গায় কতটা পরিবর্তন আনা গেল, সেটিই বোঝা যাবে সময়ে।

সিলেট পর্বের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স, দিনের পরের ম্যাচে তামিমের ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।