রেকর্ড-ছোঁয়া সেঞ্চুরিতে উদ্বোধনী মঞ্চে নায়ক শান্ত, দারুণ জয়ে শুরু রাজশাহীর
১৯০ রান করেও লড়াই জমাতে পারেনি সিলেট, শান্তর অসাধারণ অপরাজিত সেঞ্চুরি ও মুশফিকের সঙ্গে ১৩০ রানের দুর্দান্ত জুটিতে রাজশাহী জিতে গেছে ৮ উইকেটে।
প্রায় ১৮ হাজার দর্শকে উত্তাল হয়ে ওঠা গ্যালারি এক পর্যায়ে অনেকটাই শান্ত হয়ে গেল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটের দাপটে। ঘরের মাঠে খেলতে নামা সিলেট যে তখন বিপাকে! তবে এক পর্যায়ে সেই গ্যালারিতে প্রাণ ফিরল আবার। নাহ, সিলেট আর ম্যাচে ফিরতে পারেনি। তবে শান্ত ও মুশফিক এতটা দারুণ ব্যাটিং করলেন যে, দর্শকেরাও ঘরের দলকে ভুলে যেন মজে উঠলেন ক্রিকেটীয় আনন্দে। দুজনের জুটিতে ম্যাচ যখন শেষ হলো, ধারাভাষ্যে ওয়াকার ইউনিস বললেন, “জাদুকরি জুটি, দারুণ রান তাড়া… দর্শকদের পয়সা উসুল।”
শেষ ওভারের প্রথম বলে শতরান পূরণ করেন শান্ত, চতুর্থ বলে চার মেরে মুশফিক পা রাখেন পঞ্চাশে। ওই শটে রাজশাহী ওয়ারিয়র্স পৌঁছে যায় জয়ের ঠিকানায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের ১৯০ রানের চ্যালেঞ্জ টপকে ৮ উইকেটে জিতে বিপিএল শুরু করে শান্তর দল।
নানা অব্যবস্থাপনা ও বিতর্ককে সঙ্গী করে শুরু হওয়া বিপিএলের দ্বাদশ আসরে প্রথম ম্যাচটিতে অন্তত মাঠের ক্রিকেটই জীবন্ত হয়ে ফুটে উঠল বেশি। সেটিতে মূল কৃতিত্ব শান্তর।
১০ চার ও ৫ ছক্কায় ৬০ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে রাজশাহীকে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতরান এটি, বিপিএলে দ্বিতীয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে দুটি করে সেঞ্চুরি আছে আর কেবল তামিম ইকবাল ও তানজিদ হাসানের।
গত বিপিএলে ৫ ইনিংস খেলে তার মোট রান ছিল ৫৬। এবার এক ইনিংসেই করে ফেললেন প্রায় দ্বিগুণ। টুর্নামেন্ট শুরুর আগের দিন বলেছিলেন, এই বিপিএল দিয়ে বিশ্বকাপের জন্য নির্বাচকদের বিবেচনায় আসতে চান তিনি। সেই পথে শুরুটাও করলেন দারুণ।
অভিজ্ঞতার সবটুকু মেলে ধরে মুশফিক অপরাজিত থাকেন ৩১ বলে ৫১ রান করে। গত বিপিএলে ৯ ইনিংস খেলে তার কোনো ফিফটি ছিল না। এবার নিলামে শুরুতে দল পাননি। দল পান শেষ সময়ে। তবে তার টি-টোয়েন্টি সামর্থ্য যে শেষ হয়ে যায়নি, তা দেখালেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।
দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১৩০ রান আসে মাত্র ৭১ বলে।
এই জুটির আগে অবশ্য খুব ভালো অবস্থায় ছিল না রাজশাহী। ওপেনার তানজিদ হাসান আউট হন ৮ বলে ১০ রান করে। বিপিএল অভিষেকে ভালো করতে পারেননি সাহিবজাদা ফারহান। একবার রান আউট হতে হতে রক্ষা পেয়ে ও আরেকবার ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে পাকিস্তানি ব্যাটসম্যান আউট হন ১৯ বলে ২০ করে।
শান্ত ও মুশফিকের জুটি শুরুর সময় ওভারপ্রতি রান প্রয়োজন ছিল দশের বেশি। শান্তর শুরুটা ধীরস্থির। ৮ বলে ২ রান ছিল তার। পরে সাইমকে টানা তিনটি বাউন্ডারি মেরে তিনি ছন্দ পেয়ে যান। প্রতিপক্ষ অধিনায়ক মিরাজকে বোলিংয়ে আমন্ত্রণ জানান ছক্কা ও চার মেরে।
এরপর তাকে আর থামাতে পারেননি কেউ। ৩৬ বলে করেন তিনি ফিফটি। আরও দ্রুততায় ছুটে পরের ফিফটি করতে লাগে ২২ বল।
মুশফিক ক্রিজে যাওয়ার পরপর মিরাজকে ছক্কা ও চার মারেন। পরে মন দেন শান্তকে সঙ্গ দেওয়ায়। শেষ দিকে তিনিও পরিস্থিতির দাবি মেটান দারুণ কিছু শটে। সিলেটের কোনো বোলারকে পাত্তা না দিয়ে ম্যাচ শেষ করেন তারা।
ম্যাচের প্রথম ভাগে সিলেট ব্যাটিংয়ে নামে টস হেরে। প্রথম ১০ ওভারে তোলে তারা ৭৫ রান, পরের ১০ ওভারে ১১৫।
প্রথম ওভারে রনি তালুকদারের বাউন্ডারিতে ম্যাচ শুরু হয়, পরের তিন ওভারে দুটি করে ছক্কা ও চারে মারেন সাইম আইয়ুবও।
প্রথম চার ওভারে ৩৬ রান তোলার পর বিদায় নেন সাইম (১৫ বলে ২৮)। প্রায় ছয় বছর পর বিপিএলে ফিরে হাজরাতউল্লাহ জাজাই খুব একটা সুবিধে করতে পারেননি (১৮ বলে ২০)।
আফগান এই ব্যাটসম্যানকে ফিরিয়েই প্রথম শিকার ধরেন প্রায় সাত বছর পর বিপিএলে ফেরা সান্দিপ লামিছানে।
পাওয়ার প্লে শেষে রনির রান ছিল ১৬ বলে ১৬। পরে গতি কিছুটা বাড়ান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে ৩৪ বলে ৪১ রান করে বোল্ড হন তিনি লামিছানের বলে।
৩৬, ৩২ ও ৩৬ রানের তিনটি জুটির পর সিলেটকে কাঙ্ক্ষিত বড় জুটি এনে দেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন।
এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও পারভেজকে নামানো হয় চারে। ক্রিজে যাওয়ার কিছুক্ষণ পরই ছক্কা মারেন তিনি লামিছানেকে। পরে এসএম মেহরব ও লামিছানের স্পিনকে ছক্কায় উড়িয়ে দেন আবার। সেই গতিতেই ছুটে ফিফটি করেন ২৮ বলে, এবারের বিপিএলে যা প্রথম ফিফটি।
আফিফ শুরুটা ধীরে করলেও জ্বলে ওঠেন পরে। দুজনের দারুণ ব্যাটিংয়ে ৪১ বলের জুটিতে আসে ৮৬ রান। সিলেট স্পর্শ করে ১৯০।
কিন্তু ব্যাটিং উইকেটে পৌষের শিশির ভেজা মাঠে সেই রান যথেষ্ট হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৯০/৫ (সাইম ২৮, রনি ৪১, জাজাই ২০, পারভেজ ৬৫*, আফিফ ৩৩, ব্রুকস ০; মেহরব ৪-০-৩৪-০, ফার্নান্দো ৪-০-৩১-১, তানজিম ৪-০-৪৩-১, লামিছানে ৪-০-৩৮-২, সাকলাইন ৩-০-৩৩-০, নাওয়াজ ১-০-৯-০)।
রাজশাহী ওয়ারিয়র্স: ১৯.২ ওভারে ১৯২/২ (সাহিবজাদা ২০, তানজিদ ১০, শান্ত ১০১*, মুশফিক ৫১*; আমির ৪-০-৩০-০, নাসুম ৪-০-৩৩-০, খালেদ ৩-০-৩০-১, সাইম ১-০-১২-০, রুয়েল ৩.৪-০-৩১-০, মিরাজ ৩-০-৩৯-১, ব্রুকস ১-০-১৫-০)।
ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।
