২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে অন্যদের চেয়ে হয়তো ভালো দল করা যাবে’

বিপিএলে একটির বেশি ম্যাচ খেলতে না পারায় আক্ষেপ নেই তাইজুল ইসলামের, দলের বাস্তবতা তিনি উপলব্ধি করতে পারছেন।

‘আমাদের বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে অন্যদের চেয়ে হয়তো ভালো দল করা যাবে’
বরিশালের হয়ে এবার একটি ম্যাচ খেলতে পেরেছেন তাইজুল, একটিও খেলতে পারেননি নাঈম হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

ফরচুন বরিশালের স্কোয়াডে দেশের চার স্পিনারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তাইজুল ইসলাম। অথচ গোটা মৌসুমে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোটে একটি! এতে অবশ্য তার অভিযোগ-আক্ষেপ নেই তেমন। বরং দলের বাস্তবতা তিনি অনুভব করতে পারছেন।

বরিশালের মূল স্পিনার হিসেবে এবার খেলছেন তানভির ইসলাম। গত তিন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তার উইকেট ছিল ১৬, ১৭ ও ১৩টি। এবার বরিশালের ১১ ম্যাচের ১০টিই খেলেছেন বাঁহাতি এই স্পিনার, উইকেট নিয়েছেন ১০টি।

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন বরিশালের হয়ে প্রথমবার খেলে এবার উইকেট নিয়েছেন ৮ ম্যাচে ৬টি। পাশাপাশি অবদান রেখেছেন তিনি ব্যাটিংয়ে।

স্রেফ একটি ম্যাচে সুযোগ পাওয়া তাইজুল তিন ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। আরেক অভিজ্ঞ স্পিনার নাঈম হাসান তো একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। 

মিরপুরে শুক্রবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বললেন, তাদের দলের বাস্তবতা অনুভব করেই ম্যাচ খেলার আশা করেননি নিজেই। 

“আমি ম্যাচ খেলিনি। না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন, রিশাদ বা তানভির, ওরা এখন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে টি-টোয়েন্টি সংস্করণে। এখানে প্রশ্নই আসে না যে, আমি অনেক ম্যাচ খেলব। এটাই স্বাভাবিক ও মেনে নিতে হবে। আমাদের দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।”

চার স্পিনারের মধ্যে একশর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কেবল তাইজুলেরই। তবে তিনি আবারও বললেন, দলের প্রয়োজনই সবকিছুর আগে। 

“অভিজ্ঞতার কিছু নেই। আগেও খেলেছি, বিপিএল নিয়ে অনেক অভিজ্ঞতা আমার আছে। পরিস্থিতি বুঝতে হবে যে, আমাদের দলটা কেমন বা দলে কেমন ক্রিকেটার আছে।”

“এর ফরম্যাটে আমাদের জাতীয় দলে যে দুজন খেলে, তানভির আর রিশাদ, ওরা খেলছে এখানে। ওদেরকে এখানে খেলাবেন না, তা তো হয় না। তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে। তারা যদি একবারে পারফর্ম না করত, তাহলে আমার সুযোগ আসত।”

শুধু তাইজুল-নাঈমরাই নন, জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না বরিশালের হয়ে। শুরুতে ছয় ম্যাচের পাঁচটিতে খেলে একটি ম্যাচ ছাড়া তিনি ভালো কিছু আর করতে পারেননি। এরপর আর একাদশেই জায়গা মিলছে না। 

তাইজুল আবারও তুলে ধরলেন তাদের দলের শক্তির গভীরতার দিকটি। 

“আমাদের দলটা তো দেখতে হবে। অন্য দলগুলি দেখেন, আমাদেরটা দেখেন যে, আমাদের দলের বেঞ্চে কারা কারা বসে আছে। তাদেরকে দিয়ে অন্য দলের চেয়ে হয়তো ভালো দল করা যাবে, আমার কাছে মনে হয়।”

এমন দল নিয়ে প্রত্যাশিতভাবেই প্রাথমিক পর্বে শীর্ষে আছে বরিশাল। এই পর্বের শেষ ম্যাচে শনিবার তারা হেরে গেলেও শীর্ষে থেকেই খেলবে প্রথম কোয়ালিফায়ারে। তবে তাইজুল স্পষ্ট করেই বললেন, চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনো ফল ভাবছেন না তারা।  

“আমাদের চোখ এক দিকেই, ট্রফির দিকে। এটা করার জন্য আমাদের জন্য যেটা ভালো হবে, সেটাই করব এবং আমরা কাপ নেওয়ার চিন্তা করব।”