জাদেজার ছোবলের পর রোহিতের ঝড়ো ব্যাটিং
অস্ট্রেলিয়াকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে ভালো শুরু করেছে ভারত।
প্রথম দিনের শুরু থেকেই নাগপুরে স্পিনাররা পেলেন টার্ন। উইকেটের সুবিধা দারুণভাগে কাজে লাগালেন রবীন্দ্র জাদেজা। জাতীয় দলে ফেরার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুইশর আগে গুঁড়িয়ে দেওয়ার পথে নিলেন পাঁচ উইকেট। পরে ওয়ানডে মেজাজের ফিফটিতে ভারতকে ভালো শুরু এনে দিলেন রোহিত শর্মা।
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে প্রথম ইনিংসে ব্যাটিং করছে ভারত। ১ উইকেটে ৭৭ রান নিয়ে বৃহস্পতিবার দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনও ১০০ রানে পিছিয়ে তারা।
সফরকারীদের অল্পতে আটকে রাখার কৃতিত্ব জাদেজার। গত অগাস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলতে নেমে বাঁহাতি স্পিনে ৪৭ রানে ৫ উইকেট নেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে ফেরা এই ক্রিকেটার টেস্টে একাদশবার পেলেন এই স্বাদ।
তিনটি শিকার ধরেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একটি করে প্রাপ্তি মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের।
টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে ফিফটি করতে পারেননি কেউ। ৮ চারে সর্বোচ্চ ৪৯ রান করেন মার্নাস লাবুশেন। তাদের ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি কেবল দুটি।
যে পিচে খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, সেখানেই ছড়ি ঘোরান রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৯ চারে ৬৯ বলে ৫৬ রান করে অপরাজিত তিনি।
ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন স্পিনাররা রাজত্ব করলেও ভারতকে শুরুতে সাফল্য এনে দেন পেসার সিরাজ। তার প্রথম বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে উসমান খাওয়াজাকে ফেরায় ভারত।
পরের ওভারে সুইং করে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে ডেভিড ওয়ার্নারের অফ স্টাম্প উড়িয়ে দেন শামি। ২ রানে ২ উইকেট হারিয়ে কাঁপতে থাকা অস্ট্রেলিয়ার হাল ধরেন স্টিভেন স্মিথ ও লাবুশেন। দুজনে পার করে দেন প্রথম সেশন।
ষোড়শ ওভারে অবশ্য এই জুটি ভাঙার সুযোগ পায় ভারত। কিন্তু আকসার প্যাটেলের বলে স্লিপে তখন ৬ রানে থাকা স্মিথের কঠিন ক্যাচ নিতে পারেননি বিরাট কোহলি।
লাঞ্চ বিরতির পর চতুর্থ ওভারে জোড়া শিকার ধরেন জাদেজা। তার বল পা বাড়িয়ে খেলতে গিয়ে টার্নে পুরোপুরি পরাস্ত হন লাবুশেন। দ্রুত স্টাম্প ভেঙে ৮২ রানের জুটি ভাঙেন অভিষিক্ত কেএস ভারত। পরের বলে এলবিডব্লিউ ম্যাট রেনশ।
কয়েক ওভার পর চমৎকার এক ডেলিভারিতে স্মিথকে বোল্ড করে দেন জাদেজা। ৭ চারে ৩৭ রান করা স্মিথের ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে।
১০৯ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা অস্ট্রেলিয়াকে পথে ফেরানোর চেষ্টা চালান অ্যালেক্স কেয়ারি ও পিটার হ্যান্ডসকম। দারুণ কিছু শটে দ্রুত রান বাড়ান কেয়ারি। ২০১৯ সালের জানুয়ারির পর টেস্ট খেলতে নামা হ্যান্ডসকম খেলতে থাকেন ধীরলয়ে।
অতি আগ্রাসনই কাল হয় কেয়ারির (৭ চারে ৩৬)। অশ্বিনকে রিভার্স সুইপ করে বল স্টাম্পে টেনে আনেন তিনি। ৫৩ রানের জুটি ভেঙে ৪৫০ টেস্ট উইকেট পূর্ণ করেন অশ্বিন।
অভিষিক্ত টড মার্ফির পর ৪ চারে ৩১ রান করা হ্যান্ডসকমকে এলবিডব্লিউ করে পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা। আর স্কট বোল্যান্ডকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন অশ্বিন।
ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন রোহিত। ইনিংসের প্রথম চার বলের মধ্যে প্যাট কামিন্সকে তিনটি চার মেরে দেন ভারত অধিনায়ক। দ্রুত রান তুলে ৬৬ বলে পঞ্চাশে পা রাখেন তিনি।
আরেক প্রান্তে সাবধানী ছিলেন লোকেশ রাহুল। কিন্তু দিন শেষের একটু আগে তার বিদায়ে ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি। শেষের এক ওভার আগে রাহুলের ফিরতি ক্যাচ নিয়ে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান ২২ বছর বয়সী অফ স্পিনার মার্ফি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ১৭৭ (ওয়ার্নার ১, খাওয়াজা ১, লাবুশেন ৪৯, স্মিথ ৩৭, রেনশ ০, হ্যান্ডসকম ৩১, কেয়ারি ৩৬, কামিন্স ৬, মার্ফি ০, লায়ন ০*, বোল্যান্ড ১; শামি ৯-৪-১৮-১, সিরাজ ৭-৩-৩০-১, জাদেজা ২২-৮-৪৭-৫, আকসার ১০-৩-২৮-০, অশ্বিন ১৫.৫-২-৪২-৩)
ভারত ১ম ইনিংস: ২৪ ওভারে ৭৭/১ (রোহিত ৫৬*, রাহুল ২০, অশ্বিন ০*; কামিন্স ৪-১-২৭-০, বোল্যান্ড ৩-১-৪-০, লায়ন ১০-৩-৩৩-০, মার্ফি ৭-০-১৩-১)
