২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল-ইমতিয়াজ-পারভেজের সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার লিগে এদিন অল্পের জন্য সেঞ্চুরি হয়নি নাঈম শেখ-চিরাগের।

এনামুল-ইমতিয়াজ-পারভেজের সেঞ্চুরি

ম্যাচ সেরার পুরস্কার হাতে ১৫৬ রানের ইনিংস খেলা এনামুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 07:34 PM

Updated : 04 Apr 2023, 07:34 PM

ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে চলেছেন এনামুল হক। ঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার দেড়শ ছাড়ানো ইনিংস খেলার দিনে অল্পের জন্য শতক না পাওয়ার আক্ষেপে পুড়লেন মোহাম্মদ নাঈম শেখ। সঙ্গে আফিফ হোসেনের ফিফটিতে যে সংগ্রহ গড়ল আবাহনী লিমিটেড তার ধারেকাছেও যেতে পারল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

প্রিমিয়ার লিগে মঙ্গলবার তিনটি সেঞ্চুরির দেখা মিলেছে। এনামুল ছাড়াও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ইমতিয়াজ হোসেন ও লেজেন্ডস অব রূপগঞ্জের পারভেজ হোসেন। ৬ রানের জন্য শতক করতে পারেননি পারভেজেরে সতীর্থ ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৪১ রানের বড় জয় তুলে নিয়েছে আবাহনী। ৩৩৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ১৯৫ রানে।

আবাহনীকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে ৫ ছক্কা ও ১৩ চারে ১২৭ বলে ১৫৩ রান করেন এনামুল। চলতি লিগে এটি তার তৃতীয় সেঞ্চুরি, টানা দ্বিতীয়। গত মৌসুমে লিগে রেকর্ড ১ হাজার ১৩৮ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান এবার ৭ ম্যাচে করে ফেললেন ৫৭২।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাঈম শেখ থামেন ৫ ছক্কা ও ৯ চারে ৯৪ রানে। ২ ছক্কা ও ৪টি চারে ৫৩ রান করেন সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল ও নাঈম শেখ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৮৩ রান। ৫৯ বলে ফিফটি করা নাঈম শেখকে ফিরিয়ে জুটি ভাঙেন আফগানিস্তান অলরাউন্ডার করিম জানাত।

আফিফকে নিয়ে আরেকটি একশ ছাড়ানো জুটি গড়েন এনামুল। ৬২ বলে ফিফটি করা এনামুল দ্রুত রান বাড়িয়ে অষ্টাদশ লিস্ট ‘এ’ সেঞ্চুরি স্পর্শ করেন ১২৫ বলে। দেড়শ ছোঁয়ার পর রুবেল হোসেনের বলে বিদায় নেন তিনি।

আফিফকে ফেরান করিম জানাত। ঝড় তোলার মঞ্চ পেয়েও কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক হোসেন, পাকিস্তানের দানিশ আজিজ।

রান পাহাড় টপকানোর চ্যালেঞ্জে নেমে ভালো শুরু পেলেও টিকে থাকতে ব্যর্থ হন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশর আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

প্রাইম ব্যাংকের ইনিংসে আটজন ব্যাটসম্যান যান দুই অঙ্কে। কিন্তু তাদের মধ্যে কেবল ইয়াসির আলি চৌধুরি (৪৫) পার করতে পারেন চল্লিশের ঘর।

আবাহনীর হয়ে দুর্দান্ত বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নেন তানজিম হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ৩৩৬/৬ (এনামুল ১৫৩, নাঈম ৯৪, আফিফ ৫৩, মোসাদ্দেক ৭, দানিশ ৭, জাকের ১৬*, সাইফ ০, তানজিম ০*; নাসির ৮-০-৩৯-০, রুবেল ১০-০-৬৯-২, করিম ১০-০-৬৩-৪, আলিস ১০-০-৫২-০, রকিবুল ২-০-২৮-০, কাপালী ৪-০-৪৬-০, আল আমিন জুনি. ৬-০-৩৮-০)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৭.৫ ওভারে ১৯৫ (শাহাদাত ২৫, বিশাল ১১, আল আমিন জুনি. ২১, মিঠুন ৪, নাসির ২৮, ইয়াসির ৪৫, করিম ১৮, কাপালী ১৬, আলিস ১১*, রকিবুল ৯, রুবেল ৪)

ফল: আবাহনী লিমিটেড ১৪১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: এনামুল হক

Image

ঠিক ১০০ রান করেন রূপগঞ্জ টাইগার্সের ইমতিয়াজ হোসেন।

ইমতিয়াজের শতক ও মুকিদুলের ৫ উইকেটে ম্লান পারভেজের ১১১

ইনিংস শুরু করতে নেমে সেঞ্চুরি উপহার দিলেন ইমতিয়াজ হোসেন। সঙ্গে নাঈম ইসলাম ও অঙ্কিতের ফিফটিতে তিনশর কাছে গেল রূপগঞ্জ টাইগার্সের পুঁজি। পরে পারভেজের সেঞ্চুরি ও চিরাগ জানির নব্বই ছাড়ানো ইনিংসে জবাবটা ভালোই দেয় লেজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু মুকিদুল ইসলামের চমৎকার বোলিংয়ে পেরে উঠল না তারা।

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের জয় ২৫ রানে। ২৮৭ রানের পুঁজি গড়ে তারা লেজেন্ডস অব রূপগঞ্জকে প্রথম হারের স্বাদ দেয় ২৬২ রানে থামিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ টাইগার্স ৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। ইমতিয়াজ ও নাঈম ১৬৮ রানের জুটিতে সামাল দেন সেই ধাক্কা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ঠিক ১০০ রান করে বিদায় নেন ইমতিয়াজ। ৩ ছক্কা ও ১০ চারে সাজান তার ইনিংস।

১ ছক্কা ও ৫ চারে ৬৬ রান করা নাঈমকে বোল্ড করে দেন মাশরাফি বিন মুর্তজা। পরে দলকে বড় সংগ্রহের দিকে টানেন ভারতের অঙ্কিত। তিনটি করে ছক্কা-চারে অপরাজিত ৬৫ রান করেন তিনি।

রান তাড়ায় ৮০ রানে ৪ উইকেট হারায় লেজেন্ডস অব রূপগঞ্জ। বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন পারভেজ ও চিরাগ। এই দুইজন গড়েন ১২৫ রানের জুটি।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ৭টি করে ছক্কা-চারে ৯৯ বলে ১১১ রান করেন পারভেজ। দলকে এরপর জয়ের পথে রেখেছিলেন চিরাগ। কিন্তু ৮ চারে ৯৪ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান তিনি। দলটির হয়ে আর কেবল তানবির হায়দার (১৪) যান দুই অঙ্কে।

৪০ রানে ৫ উইকেট নেন মুকিদুল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৮৭/৫ (ইমতিয়াজ ১০০, ইমরানুজ্জামান ৩, সালমান ৪, নাঈম ৬৬, অঙ্কিত ৬৫*, শামীম ২৩, আলাউদ্দিন ৮*; চিরাগ ১০-১-৫০-১, হালিম ১০-১-৫৪-২, মাশরাফি ১০-১-৫১-২, নাঈম জুনি. ৯-১-৫৮-০, সোহাগ ৬-১-৩৫-০, তানবির ১-০-৯-০, আশিক ৪-০-২৫-০)

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.২ ওভারে ২৬২ (ফারদিন ৯, পারভেজ ১১১, সাব্বির ৫, ইরফান ৫, আশিক ০, চিরাগ ৯৪, তানবির ১৪, সোহাগ ১, মাশরাফি ৬, হালিম ২, নাঈম জুনি. ০*; হাসান ১০-০-৭১-১, শামীম ২-০-২০-০, মুকিদুল ৭.২-০-৪০-৫, নাসুম ১০-০-৪৪-৩, নাঈম ১০-০-৩১-০, সানজামুল ৭-০-৩৭-০, আলাউদ্দিন ২-০-১৩-০)

ফল: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইমতিয়াজ হোসেন

Image

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা ভারতের পারভেজ রসুল।

রসুলের অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামালের জয়

অপরাজিত ইনিংস খেললেন পারভেজ রসুল। সঙ্গে বাকিদের অবদানে লড়ার মতো সংগ্রহ পেল শেখ জামাল। পরে বোলিংয়েও আলো ছড়ান রসুল। তার অলরাউন্ড পারফরম্যান্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারাল শেখ জামাল।

ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে ৩১ রানে জিতেছে শেখ জামাল। টস জিতে ২৫১ রান করে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ২২০ রানে।

শুরুতেই সাইফ হাসানকে হারানো শেখ জামালের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে টুকটাক অবদান রাখেন বেশিরভাগ ক্রিকেটার।

দলটির সাত জন ব্যাটসম্যান স্পর্শ করেন দুই অঙ্ক। সেখানে পাঁচ জন পার করেন ত্রিশের ঘর, কিন্তু ফিফটি নেই কারো। ২ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রসুল। একটি করে ছক্কা-চারে ৪৬ রান করেন তাওহিদ হৃদয়। ৪ ছক্কা ও ১ চারে ৪৫ রান করেন জিয়াউর রহমান।

লক্ষ্য তাড়ায় হাবিবুর রহমানের ব্যাটে এগোয় গাজী গ্রুপ। এই ওপেনার ৩ ছক্কা ও ৬ চারে ৫৫ রান করে ফেরেন। তাদের আর ৬ জন ব্যাটসম্যান যান দুই অঙ্কে। কিন্তু কেউই দলকে পৌঁছে দিতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে।

ভারতীয় অলরাউন্ডার রসুল ৩০ রানে ৪ উইকেট নেন। ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে ম্যাচ সেরা হন তিনিই।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৫১/৮ (সাইফ ১, সৈকত ১০, ফজলে মাহমুদ ৩২, হৃদয় ৪৬, সোহান ৭, তাইবুর ৩৭, রসুল ৪৮*, জিয়াউর ৪৫, মৃত্যুঞ্জয় ১৪, মনির ০*; সুমন ১০-০-৫১-২, রবি ৫-০-৪৭-১, এনামুল ১০-১-৩৩-০, নিহাদ ১০-০-৪৬-২, হুসনা ১০-০-৫১-৩, মাহমুদুল ৫-০-২২-০)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৭.৩ ওভারে ২২০ (হাবিবুর ৫৫, মাহমুদুল ৫, ফরহাদ ২১, রবি ২২, গালিব ৩১, আকবর ৩, জুবারুল ৫, এনামুল ৪৪, সুমন ২১, হুসনা ১২, নিহাদ ০*; মনির ১০-০-৪২-১, আরিফ ১০-০-৪৯-২, মৃত্যুঞ্জয় ৬.৩-০-৫৩-২, রসুল ১০-১-৩০-৪, সাইফ ৪-০-১৫-১, তাইবুর ৭-১-৩১-০)

ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: পারভেজ রসুল