অস্ট্রেলিয়ান বোলিং তোপে ৯৬ রানেই শেষ জিম্বাবুয়ে
৮ উইকেটের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
আগের ম্যাচের উইকেটেই খেলা। কিন্তু জিম্বাবুয়ের আগের ম্যাচের ব্যাটিং উধাও। সবুজ ঘাসের ছোঁয়া থাকা বাউন্সি উইকেটে মিচেল স্টার্কের আগুনে প্রথম স্পেলে উড়ে গেল তাদের টপ অর্ডার। অস্ট্রেলিয়ার অন্য বোলারদের সামনে ব্যাটিং অর্ডারের বাকিদের অবস্থাও তথৈবচ। সব মিলিয়ে একশ রানও করতে পারল না জিম্বাবুয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া।
টাউন্সভিলে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৯৬ রানে। অস্ট্রেলিয়া সেই রান টপকে যায় ১৪.২ ওভারে।
১০০ ওভারের ম্যাচ খতম হয়ে যায় ৪৩ ওভারের আগেই।
প্রথম ম্যাচে এই উইকেটেই বেশ লড়াই করেছিল জিম্বাবুয়ে। শেষ দিকে ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২০০ করেছিল তারা। কিন্তু এই ম্যাচে লড়াইয়ের চিহ্নমাত্র দেখাতে পারেনি দলটি।
বলা ভালো, তাদের সেই লড়াই করতে দেননি অস্ট্রেলিয়ান বোলাররা। শুরুটা স্টার্কের হাত ধরে। তৃতীয় ওভারেই তার দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কারে বোল্ড ইনোসেন্ট কাইয়া।
স্টার্কের পরের ওভারে আরেকটি জোর ধাক্কা। আগের ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ৭১ রান করা ওয়েসলি মাধেভেরে এবার আউট শূন্য রানেই। সেই ধারাবাহিকতা ধরে রেখে স্টার্ক নিজের পরের ওভারে ফেরান টাডিওয়ানাশে মারুমানিকেও।
স্টার্কের নতুন বলের সঙ্গী জশ হেইজেলউড উইকেট না পেলেও প্রথম ৫ ওভারে রান দেন কেবল ৬।
১৪ রানে ৩ উইকেট হারানো দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন চোট কাটিয়ে দলে ফেরা অভিজ্ঞ শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। সেই চেষ্টাও খুব সফল হয়নি।
শুরুতে অনেকটা সময় ধুঁকে ৩৩ বলে ৭ রান করার পর হেইজেলউডকে টানা দুই বলে দারুণ দুটি চার-ছক্কা মারেন রাজা। সেই ওভারেই শোধ তোলেন হেইজেলউড। তার বাউন্সারে শট খেলে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন রাজা (৩৭ বলে ১৭)।
এরপর জিম্বাবুয়ের পরের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। কিছুটা লড়াই করা উইলিয়ামসকে ২৯ রানে থামান অ্যাডাম জ্যাম্পা। এই লেগ স্পিনার শেষ দিকে তিন উইকেট নিয়ে নেন দ্রুতই। ১৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে অল আউট হয় মাত্র ২৭.৫ ওভারেই।
স্টার্ক দ্বিতীয় স্পেলে আর উইকেট পাননি। ১০১ ম্যাচে ১৯৯ উইকেট এখন তার। পরের দুই ম্যাচে একটি উইকেট নিলেই তিনি গড়বেন দারুণ এক রেকর্ড। ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড এখন সাকলায়েন মুশতাকের, ১০৪ ম্যাচে।
রান তাড়ায় দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ বিদায় নেন ৩ ওভারের মধ্যে। তবে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি দলকে জেতান অনায়াসেই। ৭৪ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন।
আগের ম্যাচে ৮০ বলে অপরাজিত ৪৮ রান করা স্মিথ এবার অপরাজিত থাকেন ৪১ বলে ৪৭ রান করে। ৩৩ বলে ২৬ রানে অপরাজিত কেয়ারি।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে অস্ট্রেলিয়ার নবম জয় এটি, ২০ ম্যাচে জিম্বাবুয়ে হার ১৬টিতেই।
সিরিজের শেষ ম্যাচ শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৭.৫ ওভারে ৯৬ (কাইয়া ২, মারুমানি ৪, মাধেভেরে ০, উইলিয়ামস ২৯, রাজা ১৭, চাকাভা ১০, মুনিয়োঙ্গা ১০, বার্ল ১০, জঙ্গুয়ে ১, ইভান্স ২, এনগারাভা ১*; স্টার্ক ৮-১-২৪-৩, হেইজেলউড ৬-১-১৬-১, স্টয়নিস ৪-০-৯-০, অ্যাগার ৩-০-১৫-১, জ্যাম্পা ৩.৫-০-২১-৩, গ্রিন ৩-০-৭-২)।
অস্ট্রেলিয়া: ১৪.৪ ওভারে ১০০/২ (ফিঞ্চ ১, ওয়ার্নার ১৩, স্মিথ ৪৭*, কেয়ারি ২৬*; এনগারাভা ৪-০-১৬-২, ইভান্স ৪-০-২৯-০, রাজা ২-০-২৩-০, জঙ্গুয়ে ৩-০-১৩-০, উইলিয়ামস ১.৪-০-১৪-০)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: মিচেল স্টার্ক।
