চট্টগ্রাম টেস্টে ডিআরএস ‘বিভ্রাট’
সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে একটি রিভিউয়ের সিদ্ধান্ত নিতে পারেননি টিভি আম্পায়ার।
ইয়াসির আলি চৌধুরীর তীক্ষ্ণ টার্ন করা ডেলিভারি আঘাত করল শুবমান গিলের প্যাডে। বাংলাদেশের জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। আত্মবিশ্বাসের সাথে রিভিউ নিল স্বাগতিকরা। অনেকক্ষণ অপেক্ষা করে শুধু সেই বলের রিপ্লেই দেখা গেল!
রিভিউয়ের জন্য যে আল্ট্রা এজ বা হক আই ব্যবহার করতে হবে, তার কোনোটিই দেখানো হয়নি। উল্টো মাঠের আম্পায়ার খেলা শুরুর ইঙ্গিত দেন। পরে জানা যায়, যান্ত্রিক সমস্যায় কিছুক্ষণ বন্ধ ছিল ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) জন্য ব্যবহৃত ক্যামেরা! টিভিতে তৃতীয় আম্পায়ারের কণ্ঠ শোনা যায়. ‘ডিআরএস ডাউন।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারের ঘটনা। অনিয়মিত স্পিনার ইয়াসির বোলিং করছিলেন তার দ্বিতীয় ওভার। অফস্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি দারুণ টার্নে ঢুকে যায় ভেতরে। অনসাইডে খেলতে গিয়েও পারেননি গিল। বল লাগে তার প্যাডে।
জোরাল আবেদন করেন ইয়াসির। সঙ্গে যোগ দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও। তবে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ তাতে সাড়া দেননি। বোলার-কিপারের সঙ্গে কথা বলে রিভিউ নেন অধিনায়ক সাকিব।
পিচের পাশে দাঁড়িয়ে রিপ্লে’র অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই ব্যাটসম্যান শুবমান গিল ও চেতেশ্বর পুজারাও তাকিয়ে ছিলেন মাঠের বড় পর্দার দিকে। কিন্তু ওই বলের রিপ্লে ছাড়া আর কিছুই আসেনি পর্দায়।
সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ খেলা শুরু করতে বলেন শরফুদ্দৌলা। অধিনায়ক সাকিব ও বোলার ইয়াসিরের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি ফুটে ওঠে স্পষ্ট।
এ সময়ে টিভি ধারাভাষ্যে থাকা ধারাভাষ্যকাররা জানান, সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে বল ট্র্যাকিং ক্যামেরায় সমস্যা দেখা দিয়েছে। যে কারণে আল্ট্রা-এজ বা হক আই পরিচালনা করতে পারছে না ব্রডকাস্টাররা।
ডিআরএস পরিচালনা করা সম্ভব হয়নি বলে রিভিউটি অবশ্য হারায়নি বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ব্রডকাস্টারদের কাছ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি এটি নিয়ে।
ডিআরএস বিভ্রাটের সময় গিল অপরাজিত ছিলেন ৭০ রানে। চা বিরতিতে যাওয়ার আগে আরও ১০ রান যোগ করেন তিনি। আরেক অপরাজিত ব্যাটসম্যান পুজারার রান তখন ৩৩।
