২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: বিবর্ণ পারফরম্যান্সে ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে ভারতের বিপক্ষে ৫০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 07:50 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

৫০ রানে হারল বাংলাদেশ

আর্শদিপ সিংয়ের বাউন্সার পুল করলেন মাহমুদউল্লাহ। কিন্তু সীমানা পার করতে পারলেন না। শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমের পথ ধরলেন তিনি। পরের বলে নেমে ১ রান নিলেন তানজিম হাসান। বাংলাদেশের পরাজয়ের ব্যবধান নামল ৫০ রানে।

ভারতের ১৯৬ রানের জবাবে ৮ উইকেটে ১৪৬ রান করতে পেরেছে বাংলাদেশ। পরপর দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিতই হয়ে গেছে। রোববার ভোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে বাংলাদেশকে নিয়েই বাদ পড়বে আফগানরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে একবারও মনে হয়নি জিততে পারে বাংলাদেশ। লিটন কুমার দাস আরও একবার হতাশ করেন। তানজিদ হাসান ২৯ রান করতে খেলেন ৩১ বল। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়রাও পাননি রানের দেখা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ৪০ ও রিশাদ হোসেনের ১০ বলে ২৪ রানের সৌজন্যে পরাজয়ের ব্যবধান কমে কিছুটা। 

কুলদিপ ইয়াদাভ ১৯ রানে নেন ৩ উইকেট। ১৩ রানে জাসপ্রিত বুমরাহ ধরেন ২ শিকার।

ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রানের পর বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৯৬/৫ (রোহিত ২৩, ভিরাট ৩৭, পান্ত ৩৬, সুরিয়াকুমার ৬, দুবে ৩৪, পান্ডিয়া ৫০*, আকসার ৩*; মেহেদি ৪-০-২৮-০, সাকিব ৩-০-৩৭-১, তানজিম ৪-০-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, রিশাদ ৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ২-০-৮-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লিটন ১৩, তানজিদ ২৯, শান্ত ৪০, হৃদয় ৪, সাকিব ১১, মাহমুদউল্লাহ ১৩, জাকের ১, রিশাদ ২৪, মেহেদি ৫*, তানজিম ১*; আর্শদিপ ৪-০-৩০-২, বুমরাহ ৪-০-১৩-২, আকসার ২-০-২৬-০, পান্ডিয়া ৩-০-৩২-১, জাদেজা ৩-০-২৪-০, কুলদিপ ৪-০-১৯-৩)

ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হার্দিক পান্ডিয়া

ঝড় তুলে রিশাদের বিদায়

আর্শদিপ সিংয়ের বলে প্রথম ছক্কার পর আকসার প্যাটেলকে দুবার একই ঠিকানায় পাঠান রিশাদ হোসেন। তবে জাসপ্রিত বুমরাহর সামনে আর পারলেন না তিনি। কভারে ক্যাচ দিয়ে ধরলেন ড্রেসিং রুমের পথ।

১ চার ও ৩ ছক্কায় ১০ বলে ২৪ রান করেন রিশাদ।

১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪২ রান। শেষ ওভারে প্রয়োজন ৫৫ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ।

টিকতে পারলেন না জাকের

ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই হয়তো তাসকিন আহমেদের জায়গা নেওয়া হয়েছিল জাকের আলিকে। কিন্তু প্রতিদান দিতে ব্যর্থ তিনি। ৪ বলে মাত্র ১ রান করে আর্শদিপ সিংয়ের বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন ড্রেসিং রুমে।

১৬.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১০ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিশাদ হোসেন।

শান্তকে ফেরালেন বুমরাহ

শেষ দিকে বোলিংয়ে ফিরেই নাজমুল হোসেন শান্তকে ফেরালেন জাসপ্রিত বুমরাহ। অফ কাটারে স্লগ করতে গিয়ে শান্তর ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় ডিপ থার্ড ম্যানে। একদম সীমানায় সহজ ক্যাচ নেন আর্শদিপ সিং।

১ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৪০ রান করেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৭ বলে ৮ রানে অপরাজিত মাহমুদউল্লাহ। 

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১০ রান। ২৪ বলে প্রয়োজন ৮৭ রান।

লিটনের পর সাকিবও ছক্কা মেরে অক্কা

ছক্কা মেরেই অক্কা, চলতি ম্যাচের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই ধারায় ড্রেসিং রুমে ফিরলেন সাকিব আল হাসান। সুরিয়াকুমার ইয়াদাভ ও লিটন কুমার দাসও ছক্কা মেরে পরের বলেই আউট হন।

চতুর্দশ ওভারে কুলদিপ ইয়াদাভের দ্বিতীয় বলে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কায় ওড়ান সাকিব। পরের বল আবার বড় শটের খোঁজে টাইমিং করতে পারেননি। এক্সট্রা কভারে সহজ ক্যাচ নেন রোহিত শার্মা।

১টি করে চার-ছক্কায় ৭ বলে ১১ রান করেন সাকিব। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। 

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। ২৮ বলে ৩৯ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। 

শেষ ৬ ওভারে প্রয়োজন ৯৭ রান।

অল্পেই ফিরলেন হৃদয়

কুলদিপ ইয়াদাভের মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি স্লগ সুইপের চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না তাওহিদ হৃদয়। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার।

অনিশ্চয়তা নিয়েই রিভিউ ডাকলেন হৃদয়। তাতে কাজ হলো না কোনো। ৬ বলে ৪ রান করে ফিরতে হলো হৃদয়কে। এর আগে তানজিদ হাসান নষ্ট করেন প্রথম রিভিউ। ফলে আর কোনো রিভিউ বাকি নেই বাংলাদেশের।

১১.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২০ বলে ২৭ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

মন্থর ব্যাটিংয়ের পর তানজিদের বিদায়

পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারলেন তানজিদ হাসান। কিন্তু বড় লক্ষ্যে দলের চাহিদা মিটিয়ে ব্যাটিংটা করতে পারলেন না তরুণ বাঁহাতি ওপেনার।

কুলদিপ ইয়াদাভের গুগলিতে পেছনের পায়ে খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন তানজিদ। ৪ চারে ২৯ রান করতে ৩১ বল খেলেন তিনি। 

১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। ১৭ বলে ২১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। 

শেষ ১০ ওভারে প্রয়োজন ১৩০ রান।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪২

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা তেমন ভালো করতে পারল না বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে তাদের সংগ্রহ মোটে ৪২ রান। বাকি ১৪ ওভারে প্রয়োজন আরও ১৫৫ রান।

পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন ১০ বলে ১৩ রান করা লিটন কুমার দাস। তানজিদ হাসান ২৪ বলে ২৬ ও নাজমুল হোসেন শান্ত ২ বলে ১ রানে খেলছেন।

জীবন পেলেন তানজিদ 

জাসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে উইকেটের পেছনে দিলেন তানজিদ হাসান। কিন্তু বল গ্লাভসে জমাতে পারলেন না রিশাদ পান্ত। ২৪ রানে বেঁচে গেলেন তানজিদ।

বুমরাহর আগের ডেলিভারি পরিষ্কারভাবেই ছিল তানজিদের কোমর-উচ্চতার ওপরে। কিন্তু নো বল ডাকেননি আম্পায়ার।

ছক্কা মেরে অক্কা লিটন

হার্দিক পান্ডিয়ার আগের বলেই ছক্কা মারেন লিটন কুমার দাস। পরের বল একই জায়গা দিয়ে ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু এবার স্লোয়ার ডেলিভারিতে লিটনকে পরাস্ত করেন হার্দিক। সীমানার অনেক ভেতরে দারুণ ক্যাচ নেন সুরিয়াকুমার ইয়াদাভ।

১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করেছেন লিটন। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 

৪.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। তানজিদ হাসান ১৭ বলে ২১ রানে অপরাজিত।

১৯৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটির সঙ্গে ভিরাট কোহলি, রিশাভ পান্ত, শিভাম দুবেদের ত্রিশ ছোঁয়া ইনিংসে প্রায় দুইশ ছুঁইছুঁই পুঁজি পেল ভারত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৭ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতার নজির আছে মাত্র দুটি। বিশ্ব আসরে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড ১৬৫ রানের। তাই সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় রোহিত শার্মার দল। 

পাওয়ার প্লেতে ৫৩ রান করে তারা। সেখান থেকে ১০ ওভারে দাঁড়ায় ৩ উইকেটে ৮৩ রান। শেষ ১০ ওভারে আসে আরও ১১৩ রান। 

৪ চার ও ৩ ছক্কায় মাত্র ২৭ বলে ৫০ রান করেন পান্ডিয়া। এছাড়া কোহলি ৩৭, পান্ত ৩৬ ও দুবের ব্যাট থেকে আসে ৩৪ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান শুধু কিছুটা সমীহ আদায় করে নেন। ৪ ওভারে ৩২ রানে তিনি নেন ২ উইকেট। মাহমুদউল্লাহর ২ ওভারে খরচ ৮ রান। আরও এক ম্যাচে পুরো ৪ ওভার করতে পারেননি সাকিব আল হাসান। খরুচে বোলিংয়ে দুই হাতে রান দেন মুস্তাফিজুর রহমান। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৯৬/৫ (রোহিত ২৩, ভিরাট ৩৭, পান্ত ৩৬, সুরিয়াকুমার ৬, দুবে ৩৪, পান্ডিয়া ৫০*, আকসার ৩*; মেহেদি ৪-০-২৮-০, সাকিব ৩-০-৩৭-১, তানজিম ৪-০-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, রিশাদ ৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ২-০-৮-০)

ছক্কা মেরে অক্কা দুবে

রিশাদ হোসেনের শর্ট বলে ছক্কা মারলেন শিভাম দুবে। পরের ডেলিভারি কিছুটা জোরের ওপর সোজা করলেন রিশাদ। আবারও বড় শটের খোঁজে চালালেন দুবে। কিন্তু এবার ব্যাটে লাগাতে পারলেন না দুবে, হলেন বোল্ড।

৩ ছক্কায় ২৪ বলে ৩৪ রান করে ফিরলেন দুবে। ক্রিজে নতুন ব্যাটসম্যান আকসার প্যাটেল।

১৭.৩ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৬২ রান। হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২০ রানে খেলছেন।

পান্তকে থামালেন রিশাদ

মুস্তাফিজুর রহমানের আগের ওভারে দুই চারের মাঝে একটি ছক্কা মেরেছিলেন রিশাভ পান্ত। পরে রিশাদ হোসেনের পরপর দুই বলে ছক্কা ও চারের পর রিভার্স খেলার চেষ্টা করলেন তিনি। কিন্তু পয়েন্টে থাকা ফিল্ডারকে পার করতে পারলেন না। 

দারুণ ক্যাচে পান্তের বিদায় নিশ্চিত করলেন তানজিম। ৪ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৩৬ রান করে ফেরেন পান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৪ রানে খেলছেন শিভাম দুবে। 

১২ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১০ রান।

মাঝপথে ভারতের ৩ উইকেটে ৮৩

পাওয়ার প্লে শেষ হওয়ার পর রানের গতিতে কিছুটা বাধ দিতে পেরেছে বাংলাদেশ। পরের ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান করেছে ভারত।

নবম ওভারে তিন বলের মধ্যে ভিরাট কোহলি ও সুরিয়াকুমার ইয়াদাভকে ফেরান তানজিম হাসান। পরের ওভারে মত্র ৩ রান খরচ করেন মাহমুদউল্লাহ।

১০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। রিশাভ পান্ত ১৫ বলে ১২ ও রিশাদ পান্ত ৪ বলে ২ রানে অপরাজিত।

ছক্কা মেরে অক্কা সুরিয়াকুমার

প্রথম বলে ছক্কা মেরে পরের বলেই ড্রেসিংরুমে ফিরলেন সুরিয়াকুমার ইয়াদাভ। তানজিম হাসানের অফ স্টাম্পের বাইরের হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি থার্ড ম্যান দিয়ে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হলেন তিনি। 

৯ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিভাম দুবে। ১১ বলে ১০ রানে খেলছেন রিশাভ পান্ত।

তানজিমের স্লোয়ারে বোল্ড কোহলি

তানজিম হাসানের স্লোয়ার ডেলিভারি ক্রিজ ছেড়ে মারার চেষ্টায় নাগালেই পেলেন ভিরাট কোহলি। তার ব্যাটের নিচ দিয়ে বল আঘাত করল স্টাম্পে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেলেন তানজিম। 

১ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৩৭ রান করে ফেরেন কোহলি। চার নম্বরে নেমে প্রথম বলেই হুক ছক্কা মারেন সুরিয়াকুমার ইয়াদাভ। 

৮.২ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান। রিশাদ পান্ত ১০ বলে ৯ রানে অপরাজিত।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৩

টস হেরে ফিল্ডিং নেওয়ার পর শুরুটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে রোহিত শার্মার উইকেট হারিয়ে ৫৩ রান করেছে ভারত। 

চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ছক্কা ও চার মারার পর আরেকটি বড় শটের খোঁজে আউট হন রোহিত। 

ভিরাট কোহলি ১৮ বলে ২৭ ও রিশাদ পান্ত ৭ বলে ৩ রানে অপরাজিত।

সাকিবের '৫০'

রোহিত শার্মাকে ফিরিয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন সাকিব আল হাসান। অনন্য এই মাইলফলক ছুঁতে তার লাগল ৪০ ইনিংস।

দুইয়ে থাকা শাহিদ আফ্রিদির ৩৪ ইনিংসে উইকেট ৩৯টি। এখনও খেলতে থাকা বোলারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ১৯ ইনিংস নিয়েছেন ৩৭ উইকেট।

রোহিতকে ফেরালেন সাকিব

প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে ১০ রান দিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। তবে চতুর্থ বলে পেয়েছেন মূল্যবান উইকেট। আরেকটি ছক্কার খোঁজে ক্যাচ আউট হয়েছেন রোহিত শার্মা।

১ চার ও ৩ ছক্কায় ১১ বলে ২৩ রান করেন ভারত অধিনায়ক। সমান বল খেলে ১৬ রানে অপরাজিত ভিরাট কোহলি। তিন নম্বরে নেমেছেন রিশাভ পান্ত।

৪ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান।

তাসকিনের জায়গায় ফিরলেন জাকের

টিকে থাকার লড়াইয়ে নিজেদের একাদশে একটি পরিবর্তন করল বাংলাদেশ। তাসকিন আহমেদকে বাদ দিয়ে ফেরান হলো জাকের আলিকে।

অর্থাৎ বোলিং বিভাগের শক্তি কমিয়ে ব্যাটিংয়ে জোর দিল নাজমুল হোসেন শান্তর দল।

পেস বিভাগে থাকছেন শুধু তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান। ফলে মাহমুদউল্লাহকে বল হাতেও বাড়তি দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চার ম্যাচ পর কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।

ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ। ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন।

টিকে থাকার লড়াইয়ে ভারতের সামনে বাংলাদেশ 

অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি সবগুলো ম্যাচই এখন একরকম নকআউট। এর প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। হেরে গেলেও অঙ্কের মারপ্যাঁচে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা টিকে থাকবে। তবে সেটি প্রায় না থাকার মতোই। 

ম্যাচের আগে টানা ব্যর্থতায় থাকা ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন শান্ত। ভারতকে হারানোর সুযোগ তৈরি করতে বোলারদের সামনে যথেষ্ট পুঁজি দেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 

অতীত থেকে প্রেরণা নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৩ ম্যাচের ১২টিই জিতেছে ভারত। এর চারটি বিশ্বকাপে। বাংলাদেশের একমাত্র জয় ২০১৯ সালের ভারত সফরে।