২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের হারানো ‘শুধুই একটি জয়’ নয় হাথুরুসিংহের কাছে

রেকর্ড গড়া জয়ের পর প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 05:30 PM

Updated : 18 Jun 2023, 05:30 PM

‘এটি স্রেফ একটি টেস্ট জয়ের চেয়েও বড় কিছু। দারুণ সব ক্রীড়াবিদে গড়া দলকে নিয়ে আমি গর্বিত’- আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা লেখেন চান্দিকা হাথুরুসিংহে। পরদিন বাংলাদেশের প্রধান কোচ সংবাদমাধ্যমে ব্যাখ্যা করলেন, কেন এই জয় তার কাছে বিশেষ কিছু।

দাপুটে ব্যাটিং-বোলিংয়ে মিরপুর টেস্টে আফগানিস্তানকে সাড়ে তিন দিনেরও কম সময়ে হারিয়েছে বাংলাদেশ। জয়ের ব্যবধান ৫৪৬ রানের! টেস্ট ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে স্রেফ দুইটি। 

ম্যাচ সেরার পুরস্কার জেতা নাজমুল হোসেন শান্ত দুই ইনিংস (১৪৬ ও ১২৪) মিলে করেন ২৭০ রান। আর সফরকারীরা থামে মোটে ২৬১ (১৪৬ ও ১১৫) রানে। ম্যাচে বাংলাদেশের আধিপত্য ফুটিয়ে তোলার জন্য হয়তো এই একটি তথ্যই যথেষ্ট। 

শান্ত ছাড়াও সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস। 

ব্যাটসম্যানদের সাজিয়ে দেওয়া মঞ্চে নিজেদের মেলে ধরেন পেসাররা। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম মিলে নেন ১৪ উইকেট। এক টেস্টে যা বাংলাদেশের রেকর্ড। 

রেকর্ড জয়ের বাইরে পরিসংখ্যানের বিচারেও অনেক প্রাপ্তিযোগ হয়েছে শান্ত, মুমিনুল, তাসকিনদের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সংবাদ সম্মেলনে এসবের বাইরে গিয়ে প্রক্রিয়ার দিকে জোর দিয়ে সন্তুষ্টির কথা জানান হাথুরুসিংহে। 

“জানি না, আপনারা দেখেছেন কি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি, ‘এটি শুধুমাত্র একটি টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু।’ আমি এটা দিয়ে বুঝিয়েছি... আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সব কিছু মিলিয়েই এমন আর আগে কখনও হয়নি।” 

“আমরা গতিময় সবুজ উইকেট তৈরি করেছি। আমার মতে, এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার। আমরা অনেক মানসিক বাধা পার করেছি। কারণ ম্যাচের আগে আমরা কেমন করব, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। আমরা এখানে সাধারণত ভিন্ন ঘরানার ক্রিকেট খেলি।” 

দেশের হোম অব ক্রিকেটে সাধারণত স্পিনবান্ধব উইকেটে খেলা হয়। তবে এই ম্যাচের জন্য পেস সহায়ক উইকেট বানানোয় পিচ কিউরেটরকেও বাহবা দিলেন বাংলাদেশের প্রধান কোচ, “গামিনি (সিলভা), কিউরেটরকেও কৃতিত্ব দিতে হবে এই ধরনের উইকেট তৈরির জন্য।”

সাদা বলের ক্রিকেটে প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশে-বিদেশে বেশ ভালো পারফর্ম করছেন বাংলাদেশের পেসাররা। গত বছর নিউ জিল্যান্ড সফরে টেস্ট ম্যাচেও সামর্থ্যের ছাপ রাখেন ইবাদত, তাসকিনরা। তবে দেশের মাঠে পেস নির্ভর বোলিং আক্রমণ ছিল এবারই প্রথম, যা বাজিমাত করেছে প্রথমবারেই।

তাই বলে এখন থেকে কেবল ফাস্ট বোলিংয়ের ওপর বাড়তি মনোযোগ দেওয়া হবে, তা নয়। শনিবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছিলেন, প্রতিপক্ষ বিবেচনায় পরিকল্পনা সাজাবেন তারা। সেটিরই যেন পুনরাবৃত্তি করলেন হাথুরুসিংহে।

“আগে আমাদের শক্তি ছিল স্পিন। কিছু কিছু প্রতিপক্ষের বিপক্ষে স্পিন দিয়ে জেতা সম্ভব- এটা আমরা অনুধাবন করতে পেরেছি। এখন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের ওপর নির্ভর করে, পেস দিয়ে কিছু ম্যাচ জেতার উপায় তৈরি হয়েছে।” 

সবুজ উইকেটে পেসারদের বোলিংয়ে নিজের তৃপ্তির কথাও জানান তিনি।

“সন্তুষ্টির জায়গা হচ্ছে, গতিময় উইকেটে পেসাররা গা ভাসিয়ে দেয়নি। ওরা যেভাবে বল করেছে, খুবই ভালো ছিল। খুব পেশাদারি বোলিং। ওরা বাউন্সার শুধু করার জন্য করেনি। বেশিরভাগ উইকেট এসেছে ফ্রন্ট ফুটে। এসব ছোট ছোট জিনিস পেসারদের পরিণত বোধের উদাহরণ। ওরা অনেক দূর পাড়ি দিয়ে এসেছে। আমি খুশি।”

ম্যাচের দুই ইনিংসেই তুলনামূলক আগ্রাসী ঘরানার ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওভারপ্রতি ৪.৪৪ গড়ে করে ৩৮২ রান। দ্বিতীয় ইনিংসে স্রেফ ৮০ ওভারে ৪২৫ রান আসে ওভারপ্রতি ৫.৩১ হারে।

তবে ফাস্ট বোলিংয়ের মতো এই দ্রুত রান তোলার বিষয়টিও সামনের দিনগুলোর জন্য স্থায়ী কোনো পথ নয়, জানিয়ে দিয়েছেন হাথুরুসিংহে।  

“যদি কন্ডিশন সাহায্য করে, তাহলে অবশ্যই এভাবে ব্যাটিং করব। আমরা সেভাবেই অনুশীলন করেছি। ছেলেদেরও স্বাধীনতা দেওয়া হয়েছে এভাবে খেলার জন্য। খেলাটা তো মূলত রানের। কন্ডিশন যদি কঠিন হয়, তাহলে আমরা ওই অনুযায়ী ব্যাটিং করব।” 

“শান্তকে কৃতিত্ব দিতে হবে তার দুই ইনিংসের ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে প্রথম দিনের প্রথম দুই ঘন্টা সে আর জয় যেভাবে খেলেছে, সেটা ড্রেসিংরুমের সবার স্নায়ু ঠাণ্ডা করেছে। হ্যাঁ, যদি কন্ডিশন সাহায্য করে, তাহলে অবশ্যই আমরা আক্রমণাত্মক খেলব।”