১২ হাজারে ইংল্যান্ডের দ্বিতীয় রুট
১২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ব্যাটসম্যান।
আলজারি জোসেফের শর্ট বলে চাবুকের মতো ব্যাট চালিয়ে দিলেন জো রুট। সীমানায় দুই ফিল্ডারের মাঝ দিয়ে বল বাউন্ডারিতে পৌঁছে গেল গুলির বেগে। রুটের ইনিংসের পঞ্চম বাউন্ডারি সেটি। তবে এটি একটু আলাদা। এই শটই যে তাকে পৌঁছে দিল ১২ হাজার টেস্ট রানের উচ্চতায়!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন রুট। ইংল্যান্ডের হয়ে এতদিন ১২ হাজার রান ছিল কেবল অ্যালেস্টার কুকের। ১৬১ টেস্টে ২৯১ ইনিংস খেলে সাবেক এই অধিনায়কের ক্যারিয়ার শেষ হয় ১২ হাজার ৪৭২ রান নিয়ে।
রুট এই টেস্ট শুরু করেছিলন ১২ হাজারের ৬০ রান দূরে থেকে। প্রথম দিন শেষ করেন তিনি ২ রান নিয়ে। দ্বিতীয় দিন সকালে তিনি পেরিয়ে যান ব্রায়ান লারার ১১ হাজার ৯৫৩ রান। এরপর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই পা রাখেন ১২ হাজারে। ১৪৩ টেস্টে ২৬১ ইনিংস লাগল তার এখানে পৌঁছতে।
এই প্রতিবেদন লেখার সময় ৭১ রানে খেলছিলেন রুট। এই ইনিংসে সেঞ্চুরি করতে পারলে কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করবেন তিনি।
বয়স তার কেবল ৩৩। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়া তার জন্য স্রেফ সময়ের ব্যাপার। রেকর্ডটিকে তিনি এমন উচ্চতায় নিয়ে যেতে পারেন, যেখানে পৌঁছানো কঠিন হবে অন্যদের জন্য।
সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেটে ১২ হাজার রান করা সপ্তম ব্যাটসম্যান রুট। ১৫ হাজার ৯২১ রান করে সবার ওপরে সাচিন টেন্ডুলকার, ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে দুইয়ে রিকি পন্টিং। তিনে থাকা জ্যাক ক্যালিসের রান ১৩ হাজার ২৮৯। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির চেয়ে এক রান কম করে চারে রাহুল দ্রাবিড়। এরপর কুক। ১২ হাজার ৪০০ রান নিয়ে ছয়ে কুমার সাঙ্গাকারা।
এই মাইলফলকে দ্রুততম ছিলেন সাঙ্গাকারা। তার লেগেছিল ২২৪ ইনিংস। টেন্ডুলকার ও পন্টিংয়ের লাগে সমান ২৪৭ ইনিংস, ক্যালিসের ২৪৯ ইনিংস ও দ্রাবিড়ের ২৫৫ ইনিংস। রুটের (২৬১) চেয়ে বেশি ইনিংস লেগেছে কুকের, ২৭৫ ইনিংস।
