১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ দলে বার্টম্যান না থাকায় প্রশ্ন স্টেইনের

পেস বোলিং গ্রেট ডেল স্টেইনের মতে, ওটনিল বার্টম্যান বর্তমানে সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সেরা বোলারদের একজন।

বিশ্বকাপ দলে বার্টম্যান না থাকায় প্রশ্ন স্টেইনের
ওটনিল বার্টম্যান। ছবি: এসএটোয়েন্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 07:57 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ওটনিল বার্টম্যানকে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং গ্রেটের মতে, সাদা বলের ক্রিকেটে দেশের সেরাদের একজন হয়ে উঠছেন এই পেসার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন বার্টম্যান। ওই আসরে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৫ ম্যাচ খেলে নেন ৬ উইকেট। যার মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষেই পেয়েছেন ১১ রানে ৪টি।

ওই আসরের ফাইনালে বার্টম্যানকে খেলায়নি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষের রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি হেরে শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তাদের।

এরপর টি-টোয়েন্টি দলে অনিয়মিত হয়ে পড়েন বার্টম্যান। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার খেলা ১৯ টি-টোয়েন্টির কেবল ১১টিতে সুযোগ পান তিনি। সব মিলিয়ে দেশের জার্সিতে ১৭ টি-টোয়েন্টি খেলে তার প্রাপ্তি ২২ উইকেট। ওয়ানডেতে ৬ ম্যাচে ধরেছেন ৮ শিকার।

৩২ বছর বয়সী বার্টম্যান অবশ্য দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টির সফলতম বোলার। সবশেষ ম্যাচে ২ উইকেট নিয়ে মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলেছেন তিনি।

এই টুর্নামেন্টে ৪০ ম্যাচ খেলে ইয়ানসেনের শিকার ৫১ উইকেট। ২৯ ম্যাচ খেলেই তাকে টপকে গেছেন বার্টম্যান, তার উইকেট এখন ৫২টি।

এসএটোয়েন্টির প্রথম তিন আসরে সানরাইজার্স কেপ টাউনের হয়ে খেলেছেন বার্টম্যান। দলটির হয়ে দুইবার পেয়েছেন শিরোপার স্বাদ, একবার হয়েছেন রানার্সআপ। চলতি আসরে তিনি প্রতিনিধিত্ব করছেন পার্ল রয়্যালসের।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দলে ছয়জন পেসার রেখেছে দক্ষিণ আফ্রিকা-কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কিউনা মাফাকা, আনরিখ নরকিয়া ও ইয়ানসেন। ঘরোয়া ক্রিকেটে বল হাতে দারুণ ছন্দে থাকলেও সেখানে জায়গা হয়নি বার্টম্যানের।

সানরাইজার্স কেপ টাউনে বার্টম্যানের বোলিং কোচ ছিলেন স্টেইন। এই পেসারকে তাই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তারা। যখন সবাইকে ছাড়িয়ে এসএটোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি হলেন বার্টম্যান, চুপ করে থাকতে পারলেন না স্টেইন। এই পেসারের বিশ্বকাপে দল থেকে বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুললেন তিনি।

“সাদা বলের ক্রিকেটে বার্টম্যানকে দক্ষিণ আফ্রিকার সেরা বোলারদের একজন হিসেবে আমাদের সত্যিই দেখতে শুরু করা উচিত।”

“এসএটোয়েন্টিতে সে সর্বোচ্চ উইকেট শিকারি, দুইবার শিরোপা জিতেছে এবং একবার ফাইনালে খেলেছে…কিন্তু সে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরে বসে থাকবে।”

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন আনার সুযোগ আছে দলগুলোর। তাই বৈশ্বিক আসরের দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বার্টম্যানের।

কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ৯ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।