২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক, প্রশ্ন আর সংশয়ের ঝড়ে শুরু হচ্ছে বিপিএল

অধিনায়কদের নিয়ে ফটোসেশন হয়নি, ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়নি, টাইটেল স্পন্সর নেই, এক দলের মালিকপক্ষ সরে গেছে শেষ সময়ে, সব মিলিয়ে বিপিএল এবার শুরুর আগেই টালমাটাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 10:08 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

অধিনায়কদের নিয়ে ফটোসেশন হয়নি। ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়নি। আদতে, ট্রফিই এখনও চূড়ান্ত হয়নি। টাইটেল স্পন্সরের নাম জানানো হয়নি। এই সময়ের একটি ফ্র্যাঞ্চাইজি লিগে এসব কল্পনাও করা যায় না। কিন্তু অকল্পনীয় নানা কিছু বাস্তব হয়ে ওঠার নামই তো বিপিএল! যে টুর্নামেন্ট শুরুর আগের দিন একটি দলের মালিকপক্ষ সরে দাঁড়ায়, অনুশীলনে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে যান কোচ ও সহকারী কোচ, সেখানে ট্রফি উন্মোচন আর ফটোসেশন না থাকাটা তো সামান্য ব্যাপার। 

ক্রিকেট অনুসারীদের অনেকে বলেন বিতর্ক প্রিমিয়ার লিগ, অনেকে মজা করে বলেন বিনোদন প্রিমিয়ার লিগ। বছরের পর বছর ধরে নানা অব্যবস্থাপনা ও বিতর্কের পথ ধরেই এসব নাম পেয়ে গেছে বিপিএল। বোর্ডে পরিবর্তন এসেছে, গভর্নিং কাউন্সিলের মুখগুলো বদলে গেছে। বিপিএলের চেহারা বদলায়নি। অনেক বিতর্ক, প্রশ্ন আর সংশয়কে সঙ্গী করে শুরু হচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের আরেকটি আসর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে নতুন চারটি ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচে সিলেট টাইটান্স লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। 

আগের সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে ছোট পরিসরে উদ্বোধনী আয়োজনের কারণে ম্যাচের সময়ে বদল এসেছে। প্রথম ম্যাচটি শুরু দুপুর ৩টায়, পরেরটি রাত পৌনে আটটায়।

শুরুতে বড় আকারের উদ্বোধনী আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। পরে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে সেই ভাবনা থেকে সরে আসা হয়। একবার ঠিক করা হয়েছিল কোনো উদ্বোধনী আয়োজনই থাকবে না। পরে আবার কিছু আয়োজন রাখা হয়েছে। প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের কিছু আনুষ্ঠানিকতা থাকবে। দুই ম্যাচের মাঝবিরতিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী দিনেই মাঠে নামার অপেক্ষায় থাকা চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বদল এসেছে আসর শুরুর আগের দিন। এই দলটির কর্ণধারদের নিয়ে নানা প্রশ্ন ও সংশয় ছিল আগে থেকেই। শেষ মুহূর্তে আর্থিক সঙ্কটের কথা জানিয়ে তারা সরে দাঁড়ায়। ত্বরিত দলটির দায়িত্ব নিতে বাধ্য হয় বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগের দিন ঠিক করা হয় নতুন কোচ।

বিশ্বের আর কোন ফ্র্যাঞ্চাইজি লিগে এমন কিছু সম্ভব?

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদল নিয়ে যখন তোলপাড়, এর মধ্যেই বয়ে যায় আরেক ঝড়। দলের ভেতরের নানা অব্যবস্থাপনা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশায় করে মাঠ ছেড়ে চলে যান নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জোবায়ের। নানা কিছু নিয়ে অভিযোগ জানিয়ে খালেদ মাহমুদ বলেন, এভাবে তিনি কাজ করতে চান না। তালহা বলেন, এবারের মতো এতটা বাজে বিপিএল তিনি আগে দেখেননি।

বিপিএল এভাবেই প্রতি বছর নতুন তলানিতে পৌঁছে যাওয়ার পথ খুঁজে নেয়।

গত মৌসুমে নানা বিতর্কে জেরবার ছিল এই লিগ। এরপর অনেক আলোচনা হয়েছে, স্বচ্ছ ও বিতর্কমুক্ত এবং গোছানো আসরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেসবের প্রতিফলন পড়েনি। বরং এবার শুরুর আগেই নজিরবিহীন সব ঘটনা দেখা গেল।

ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। দীর্ঘমেয়াদী ভাবনা থেকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য। মালিকপক্ষের আর্থিক সক্ষমতা, ক্রিকেটের প্রতি অনুরাগ, পেশাদার মানসিকতা, এসব দফায় দফায় যাচাইবাছাই করে কয়েকটি ধাপে পরখ করে তবেই মালিকানা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। কিন্তু বাস্তব চিত্র তো ফুটে উঠল চট্টগ্রাম রয়্যালসের ঘটনাতেই। দলগুলি আসলে কত বছর টিকবে, সেই সন্দেহ প্রবল।

দীর্ঘদিনের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার নিলাম হয়েছে বিপিএলে। সেটি নিয়ে ভালো-মন্দ মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। ভালোমানের বিদেশি ক্রিকেটার অবশ্য মিলেছে হাতেগোণা কয়েকজন। লঙ্কা প্রিমিয়ার লিগ বাতিল হওয়ায় ও পাকিস্তান বোর্ড তাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে রাজি হওয়ায় কিছু ক্রিকেটার পাওয়া গেছে। তার পরও মানসম্পন্ন ক্রিকেটার খুবই কম। প্রায় অচেনা, নিজ দেশের ক্রিকেটেই খুব পরিচিত নন, এমন বিদেশি ক্রিকেটারও নেওয়া হয়েছে।

দেশের ক্রিকেটারদের মধ্যেও এমন কয়কজন ক্রিকেটারকে নেওয়া হয়েছে, যাদের ঘিরে সন্দেহ-সংশয়ের অবকাশ আছে প্রবলভাবেই। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ও নবগঠিত ইন্টেগ্রিটি ইউনিট সঠিকভাবে কাজ করতে চাইলে তাদেরকে ব্যস্ত সময় হয়তো কাটাতে হবে।

গত আসরের পর গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন দেখে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশে ৯ জন ক্রিকেটারকে এবারের বিপিএলের বাইরে রাখা হয়েছে। টুর্নামেন্টকে স্বচ্ছ রাখতে দলগুলির সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের সংযুক্ত রাখা হচ্ছে। তবু নানা কিছুর চোখরাঙানি থাকছেই।

অসংখ্য নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক কিছু বয়ে আনতে পারে কেবল মাঠের ক্রিকেট, যদি খেলা ভালো হয় ও ম্যাচগুলি জমজমাট হয়। অনেক ভুলের ভিড়ে বিসিবি সাধুবাদ পাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে বেশির ভাগ ম্যাচ সিলেট ও চট্টগ্রামে রেখে মিরপুরে ম্যাচ কম রাখায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভাব্য ভালো প্রস্তুতির সুযোগ তাতে থাকবে।

অবশ্য বিদেশি ক্রিকেটারদের নামগুলি দেখলে টুর্নামেন্টের ক্রিকেটীয় মান নিয়েও আশার জায়গা খুব একটা থাকে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান টুর্নামেন্ট শুরুর আগের দিন নানা প্রসঙ্গে বারবার বলেছেন, ‘আমরা চাপে আছি…।”

চাপে আছে আসলে দেশের ক্রিকেটই। একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হচ্ছে, যেখানে হওয়ার কথা ক্রিকেট উৎসব, কিন্তু বাস্তবে প্রতিটি দিনে প্রতি মূহূর্তে থাকবে শঙ্কা।