বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিপিএল দল রংপুর রাইডার্সের কর্ণধারদের একজন এই পরিচালক ছিলেন বোর্ডের গেম ডেভেলপমন্ট বিভাগের প্রধান্
বিশ্বকাপে না খেলা এবং নানা বিতর্কের দেশের ক্রিকেট এখন উত্তাল। এর মধ্যেই জানা গেল, বিসিবির প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগপত্র দিয়েছেন বোর্ডে। চলমান নানা ঘটনার সঙ্গে তার দায়িত্ব ছাড়ার যোগসূ্ত্র অনুসন্ধান শুরু হলো তখনই। তবে পরে আরেক পরিচালক আসিফ আকবর বললেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক।
গত অক্টোবরে বিসিবি নির্বাচনে দুই নম্বর ক্যাটেগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক সাদেক। ক্রিকেট সংগঠক হিসেবে দেশের ক্রিকেটে সম্পৃক্ত তিনি ২০ বছরের বেশি সময় ধরে। গত কয়েক বছরে তার মূল সম্পৃক্ততা ছিল রংপুর রাইডার্সের কর্ণধারের একজন হিসেবে। বোর্ড পরিচালক হন তিনি এবারই প্রথম।
বোর্ডে গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানও তিনি।
মিরপুরে বিসিবি কার্যালয়ে শনিবারের বোর্ড সভায় ছিলেন না তিনি।
ইশতিয়াক এমন এক দিনে দায়িত্ব ছাড়লেন, যেদিন বাংলাদেশেকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুটে গেল দুটি ঘটনাকে এক সুতোয় গেঁথেই।
তবে পরিচালক আসিফ আকবার শোনালেন শোনালেন ইশতিয়াকের পদত্যাগের অন্য কারণ।
“ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। পারিবারিক সমস্যা আছে। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমাদের ৯- ১০ তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট। তারপর থেকে তিনি কিন্তু অনুপস্থিতি। তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না। তাকে পাওয়া যায় না। পুরো পারিবারিক ভাবে উনি সম্পৃক্ত।"
“আমরা তাকে কোথাও পাচ্ছি না। উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেননি নিশ্চয়ই বিপিএলে রংপুর রাইডার্স তাকে দেখা যায়নি শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে সবশেষ। তিনি যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওইটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বোর্ডের মিটিংয়ে বলেছেন আমাদের যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন।”
ইশতিয়াকের পদত্যাগে আগের দিন একটি দায়িত্ব থেকে সরে যান আরেক পরিচালক মুখলেসুর রহমানকে। ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বোর্ডের অডিট কমিটির প্রধানের পদ ছাড়েন তিনি।
