২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টেন লিগে দুর্নীতি: পুনের ব্যাটিং কোচ ও মালিক নিষিদ্ধ

দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হলেন আশার জাইদি, পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 10:44 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি এবং দুই সহ-মালিক পারাগ সাঙ্ঘাভি ও কৃষান কুমার চৌধুরি। 

আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার শাস্তির খবর জানিয়েছে আইসিসি। জাইদিকে ৫ বছর ও অন্য দুজনকে ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে ম্যাচের ফলে প্রভাব রাখা, বেটিং করা, ফিক্সিংয়ের প্রস্তাব আকসুকে না জানানোসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে তিন জনের বিরুদ্ধে। 

তিনজনের ক্ষেত্রেই নিষেধাজ্ঞার শেষ বছরটি স্থগিত থাকবে। অর্থাৎ জাইদি চার বছর এবং পারাগ ও কৃষান এক বছর পর থেকেই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন। 

গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের শাস্তির মেয়াদ৷ এই তিনজনসহ টি-টেন লিগে দুর্নীতির জন্য শাস্তি পেলেন মোট ৮ জন।

আগের পাঁচজনের মধ্যে অন্যতম বাংলাদেশের অলরাউন্ডার ও পুনে ডেভিলস অধিনায়ক নাসির হোসেন। ২০২৫ সালের ৭ এপ্রিল শেষ হবে তার দুই বছরের নিষেধাজ্ঞা।