২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইনিংসে ৭০-৮০ রান কম করার আক্ষেপ ভারত কোচের

রাহুল দ্রাবিড়ের মতে, প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করা উচিত ছিল তাদের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 10:40 PM

Updated : 28 Jan 2024, 10:40 PM

চারশ ছাড়ানো পুঁজি গড়ে প্রথম ইনিংসে দুইশর কাছাকাছি লিড নেয় ভারত। তারপরও, দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তারা। এর জন্য অবশ্য রান তাড়ায় বাজে ব্যাটিংকে দোষারোপ করছেন না রাহুল দ্রাবিড়। ভারত কোচের মতে, প্রথম ইনিংসেই বরং তাদের রান কম হয়ে গেছে।  

হায়দরাবাদে রোববার ২৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। 

স্পিন সহায়ক উইকেটে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪৩৬ রান করে ভারত। নেয় ১৯০ রানের বিশাল লিড। দ্রাবিড়ের মতে, ওই লিড হতে পারত আরও বড়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তার দলের ব্যাটসম্যানরা। 

ভারতের প্রথম ইনিংসে তিনটি সেঞ্চুরি সম্ভাবনা জেগেছিল। কিন্তু ইয়াশাসবি জয়সওয়াল ৮০, লোকেশ রাহুল ৮৬ ও রবীন্দ্র জাদেজা ৮৭ রানে বিদায় নিয়ে হতাশ করেন দলকে। শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, শ্রিকর ভারতরাও ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। ম্যাচ শেষে সেই আক্ষেপই ঝরল দ্রাবিড়ের কণ্ঠে। 

“আমার মনে হয়, প্রথম ইনিংসে আমরা সম্ভবত ৭০ রান কম করেছি। আমাদের প্রথম ইনিংসে, দ্বিতীয় দিনে কন্ডিশন যখন ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, যে পরিস্থিতিতে আমরা ছিলাম, কয়েকজন ভালো শুরু পেয়েছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমরা কোনো সেঞ্চুরি করতে পারিনি, আমাদের জন্য বড় সেঞ্চুরি করবে এমন কাউকে পাইনি। তাই মনে হচ্ছে, প্রথম ইনিংসে ৭০-৮০ রান কম করেছি আমরা।” 

বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও ঘাবড়ে যায়নি ইংল্যান্ড। বিশেষ করে, অলি পোপের মাস্টারক্লাস ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪২০ রান করে তারা। স্বাগতিকদের সামনে ছুঁড়ে দেয় ২৩১ রানের লক্ষ্য। চোট কাটিয়ে দলে ফেরা ইংলিশ সহ-অধিনায়ক পোপ খেলেন ১৯৬ রানের চোখধাঁধানো এক ইনিংস।

প্রথম ইনিংসে প্রচুর রান দেওয়া টম হার্টলি এবার কাজে লাগান উইকেটের সুবিধা। অভিষিক্ত বাঁহাতি এই স্পিনারের ছোবলেই এলোমেলো হয়ে যায় ভারতের ব্যাটিং। একাই ৭ উইকেট নেন তিনি। রোহিত শার্মার দল গুটিয়ে যায় ২০২ রানে। 

দ্রাবিড়ের মতে, টেস্টে রান তাড়া সবসময়ই চ্যালেঞ্জিং। আর ভারতের মাটিতে হলে তো সেটা আরও বেশি। 

“দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সবসময়ই চ্যালেঞ্জিং। ২৩০ রান তাড়া করা সহজ কাজ নয়, আর এটা প্রতিনিয়ত হয়ও না।”