১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উইলিয়ামসের রেকর্ড ভাঙলেন টেইলর, ওপরে টেন্ডুলকার ও জায়াসুরিয়া

চার বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে আরেকটি অর্জন ধরা দিল টেইলরের।

উইলিয়ামসের রেকর্ড ভাঙলেন টেইলর, ওপরে টেন্ডুলকার ও জায়াসুরিয়া
রেকর্ড গড়ার ম্যাচটি রাঙাতে পারেননি ব্রেন্ডান টেইলর। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

টেস্টের পর এবার ওয়ানডে ক্যারিয়ারও পুনরুজ্জীবিত হলো ব্রেন্ডান টেইলরের। জিম্বাবুয়ের ৩৯ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের নামও উঠে গেল রেকর্ড বইয়ের পাতায়। একটি জায়গায় তিনিই এখন চূড়ায়, আরেকটিতে তার ওপরে আছেন কেবল দুই জন ক্রিকেটার।

হারারেতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ধরা দেয় টেইলরের অর্জন। একবিংশ শতাব্দীতে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ার এখন তার। 

এই ম্যাচের আগে টেইলর সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সংস্করণে তার অভিষেক হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে, বুলাওয়ায়োতে শ্রীলঙ্কার বিপক্ষে। তার ওয়ানডে ক্যারিয়ার এখন ২১ বছর ১৩২ দিনের। 

একবিংশ শতাব্দীতে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড ছিল এতদিন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসের। তাকে সাক্ষী রেখেই নতুন রেকর্ড গড়লেন টেইলর। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে অভিষিক্ত উইলিয়ামসের ওয়ানডে ক্যারিয়ারের বয়স ১৯ বছর ৩০০ দিন।

সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ডের তালিকায় টেইলর আছেন তিন নম্বরে। তার ওপরে আছেন শ্রীলঙ্কান গ্রেট সানাৎ জায়াসুরিয়া (২১ বছর ১৮৪ দিন) ও ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার (২২ বছর ৯১ দিন)। উইলিয়ামস আছেন এই তালিকার পাঁচ নম্বরে।

রেকর্ড গড়ার দিনটি যদিও ভালো কাটেনি টেইলরের। কিপিংয়ের সময় আঙুলে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ব্যাটিংয়ে নেমে তিন বল খেলে আউট হন শূন্য রানে।

ওয়ানডেতে সব মিলিয়ে ২০৬ ম্যাচে টেইলরের রান ৬ হাজার ৬৮৪। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে এই সংস্করণে তার চেয়ে বেশি রান আছে কেবল অ্যান্ডি ফ্লাওয়ারের (৬ হাজার ৭৮৬)। টেইলরের ১১ সেঞ্চুরি জিম্বাবুয়ের রেকর্ড। ৮টির বেশি নেই আর কারো।

ড্রাগ ও অ্যালকোহলের আসক্তি থেকে মুক্তি পেয়ে, আইসিসির সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই মাসের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। সেদিন বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ও আন্তর্জাতিক ক্যারিয়ারের কীর্তিও গড়েন তিনি।