কোহলিকে তাতিয়ে দেয় চ্যালেঞ্জিং সময়
ব্যক্তিগত মাইলফলক ও পরিসংখ্যান দলের প্রয়োজনে আসলেই কেবল তা বিরাট কোহলি গুরুত্বপূর্ণ মনে হয়।
চমৎকার শুরুর পর হুট করে ব্যাটিং ধস। দ্রুত চার উইকেট হারিয়ে ভারত বিপাকে পড়লে হাল ধরেন বিরাট কোহলি। দারুণ এক সেঞ্চুরিতে গড়ে দেন বড় সংগ্রহের ভিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ত্রিনিদাদ টেস্টের মতো দলের দুঃসময়ে কোহলির এভাবে জ্বলে ওঠার নজির আছে অসংখ্য। তেমনিভাবে আরও একবার দলকে পথ দেখাতে পেরে খুশিমনে ভারতীয় ব্যাটিং গ্রেট বললেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিই তাকে ভালো খেলার অনুপ্রাণিত যোগায়।
নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচের উপলক্ষ ১২১ রানের দারুণ ইনিংসে রাঙিয়েছেন কোহলি। কুইন’স পার্ক ওভালের মন্থর উইকেটে ধৈর্যশীল ব্যাটিংয়ে ২০৬ বলের ইনিংসটি সাজান তিনি ১১ চারে।
যাশাসবি জয়সওয়াল ও রোহিত শর্মার ১৩৯ রানের উদ্বোধনী জুটির পর আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৪৩ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন কোহলি। তাদের জুটিতে আসে ১৫৯ রান।
১৮০ বলে ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করা কোহলি এরপর বেশিদূর যেতে পারেননি। তবে তার ইনিংসটি ভারতকে এগিয়ে নেয় বড় পুঁজির দিকে। প্রথম ইনিংসে ৪৩৮ রান করে তারা।
এই ইনিংসের সুবাদে কোহলির ক্যারিয়ারের দীর্ঘ একটি অপেক্ষার অবসানও ঘটে। প্রায় সাড়ে চার বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। সবশেষটি ছিল ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পার্থে।
সবকিছু মিলিয়ে, সেঞ্চুরিটি তাই কোহলির কাছে তৃপ্তির। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বললেন, কঠোর পরিশ্রমের ফসল এই শতক।
“আমি মাঠে নিজেকে উপভোগ করেছি। যেমনটা চেয়েছি, ঠিক তেমন ছন্দেই ছিলাম। চ্যালেঞ্জিং সময়ে শুরু করেছি। এমন পরিস্থিতিতেই আমি জ্বলে উঠি। যখন কোনো বাধা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ আসে, তখন বাড়তি তাড়না পাই।”
“আউটফিল্ড মন্থর থাকায় আমাকে ধৈর্য নিয়ে ইনিংস গড়তে হয়েছে। এটা (সেঞ্চুরি) ছিল তৃপ্তিদায়ক, কারণ এজন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে।”
কোহলির কাছে অবশ্য এসব মাইলফলক ও রেকর্ড খুব একটা গুরুত্ব বহন করে না। দলের জন্য অবদান রাখতে পারাকেই বেশি প্রাধান্য দেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
“প্রথমত, ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলতে পারায় আমি খুব খুশি। দেশের বাইরে আমি ১৫টি সেঞ্চুরি করেছি; ঘরের মাঠের চেয়ে বাইরে আমার সেঞ্চুরি বেশি। প্রতিপক্ষের মাঠে কয়েকটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসও আছে।”
“দলের জন্য কী করতে হবে, স্রেফ সেদিকে আমাকে মনোযোগ দিতে হবে। আমি দলকে সাহায্য করার চেষ্টা করি। এসব পরিসংখ্যান ও মাইলফলক আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় তখনই, যখন দলের আমাকে প্রয়োজন হয়।”
