২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল বলের ‘মজা’ নিতে মরিয়া সুরিয়াকুমার

টি-টোয়েন্টিতে ঝড় তোলা ভারতীয় ব্যাটসম্যান এবার টেস্ট দলে জায়গা ফিরে পেতে চান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 11:22 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

টি-টোয়েন্টি ক্রিকেট ও সুরিয়াকুমার ইয়াদাভ প্রায় সমার্থক। টি-টোয়েন্টির মহাকাশে তিনি উজ্জ্বল তারকা। কিন্তু টেস্ট ক্রিকেটের জগত থেকে আপাতত অনেক দূরে ভারতীয় এই ব্যাটসম্যান। সেই দূরত্বই এবার ঘুচিয়ে দিতে চান তিনি। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক মজে উঠতে চান টেস্ট ক্রিকেটের মজায়।

সীমিত ওভারের ক্রিকেটে সুরিয়াকুমার এত বড় নাম যে, অনেকের মনেও থাকে না, টেস্ট ক্রিকেটের স্বাদও তিনি পেয়েছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে খেলেছেন তিনি। একমাত্র ইনিংসে ৮ রানে আউট হওয়ার পর অভিষেক সেই ম্যাচই এখনও পর্যন্ত তার শেষ টেস্ট ম্যাচ।

সেবার তার সুযোগ পাওয়া নিয়ে অবশ্য অনেক প্রশ্ন উঠেছিল। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রানের স্রোত বইয়ে দেওয়া অনেককে উপেক্ষা করে সুরিয়াকুমারকে সুযোগ দেওয়ায় প্রবল সমালোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেটে। গত দেড় বছরে এই সংস্করণে তাকে ছাড়িয়ে গেছেন অনেকেই। মিডল অর্ডারে তার চেয়ে এগিয়ে আছেন এখন অন্তত চার ব্যাটসম্যান- শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সারফারাজ খান ও রাজাত পাতিদার।

সেই বাস্তবতা মানেন সুরিয়াকুমার। তবে স্বপ্ন তো দেখতেই হবে! আগামী চার মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। ঘরোয়া আসরগুলোয় রান করে এই প্রক্রিয়ায় ঢুকে যেতে চান ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

“অনেক ক্রিকেটারই আছেন, যারা কঠোর পরিশ্রম করে দলে জায়গা আদায় করে নিয়েছেন এবং আমিও সেই জায়গাটি আবার নিতে চাই। ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে আমার। পরে চোটে পড়ে যাই। এরপর অনেকেই সুযোগ পেয়েছে ও খুব ভালো পারফর্ম করেছে। এই মুহূর্তে সুযোগ তাদের প্রাপ্য।”

“সামনে তাকিয়ে, আমার যদি খেলতে হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই সুযোগ আসবে। এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার হাতে যেটা আছে, তা হলো এখন বুচি বাবু টুর্নামেন্টে খেলা, এরপর দুলিপ ট্রফিতে খেলা এবং এরপর দেখব কী হয়। তবে হ্যাঁ, আমি মুখিয়ে আছি। সামনে ১০টি টেস্ট ম্যাচ আছে এবং অবশ্যই লাল বলের মজা নিতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আমি।”

প্রথম শ্রেণির ক্রিকেটে তার পারফরম্যান্স এমনিতে খারাপ নয়। ৮২ ম্যাচ খেলে ১৪ সেঞ্চুরিতে ৫ হাজার ৬২৮ রান করেছেন ৪৩.৬২ গড়ে। তবে সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ততায় গত ১৩ মাসে লাল বলের ক্রিকেটে তিনি খেলেননি। এই সময়টায় ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপে রানার্স আপ হয়েছেন, টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিশ্বকাপের পরে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বও পেয়েছেন।

তবে সামনের সময়টায় লাল বলেই বুঁদ থাকতে চান তিনি। বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টের পর দুলিপ ট্রফিতে খেলবেন আগ্রাসী এই ব্যাটসম্যান, যেখানে তাকে রাখা হয়ে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারতীয় ‘সি’ স্কোয়াডে।

তাক সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ বলা হলেও তার দাবি, লাল বলের ক্রিকেট সবসময়ই হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে।

“লাল বলের ক্রিকেটকে সবসময়ই প্রাধান্য দিয়েছি। মুম্বাইয়ের ময়দানে খেলে যখন বেড়ে উঠেছি এবং স্থানীয় টুর্নামেন্টগুলোয় খেলেছি, তখন লাল বলেই প্রচুর খেলেছি। দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্রতি ভালোবাসার শুরুটা সেখান থেকেই এবং সবসময়ই রয়ে গেছে তা।”

“গত ১০ বছরের বেশি সময় ধরে অনেক প্রথম শ্রেণির ম্যাচ আমি খেলেছি এবং এখনও এই সংস্করণের প্রতি অনুরাগ আছে। এটা নিয়ে কোনো সংশয়ই নেই এবং এজন্যই দুলিপ ট্রফির আগে এই বুচি বাবু টুর্নামেন্টে খেলছি।”

বুচি বাবু টুর্নামেন্ট ভারতের সবচেয়ে পুরোনো আসরগুলির একটি। মাদ্রাজের (এখনকার চেন্নাই) ক্রিকেটের অগ্রপথিকদের একজন বুচি বাবু নাইডুর স্মরণে এই আসর আয়োজন করা হয়ে থাকে। এবারের আসরে খেলবে ১২ দল। তবে এটি প্রথম শ্রেণির ক্রিকেট আসর নয়। আন্তর্জাতিক ক্রিকেটাররা খুব বেশি খেলেন না এই টুর্নামেন্টে।

তবে টেস্ট দলে ফেরার পথচলায় এখানে খেলতে কোনো আপত্তি নেই সুরিয়াকুমারের।

“মুম্বাইয়ের হয়ে যে কোনো জায়গায় খেলার সুযোগ পেলেই মাঠে নামতে প্রস্তুত আমি, সেটা প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা বুচি বাবুর মতো টুর্নামেন্ট। অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আগে এই আসরে খেলেছেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন।”

সুরিয়াকুমার ছাড়াও সারফারাজ খান, ইশান কিশানরা খেলবেন এবারের বুচি বাবু টুর্নামেন্টে।