প্রথম ছয় ম্যাচে ১০৬ রান, ওপেন করে চার ম্যাচে ২৭২
বিপিএলে তিন ও চার নম্বরে খেলে ব্যর্থ হওয়ার পর ওপেনিংয়ে নেমে রানের জোয়ার বইয়ে দিচ্ছেন তাওহিদ হৃদয়।
‘বিশ্বকাপে তো মিডল অর্ডারেই খেলবি, এখানেই খেললে তোর জন্য ভালো অনুশীলন হবে’, তাওহিদ হৃদয়ের প্রতি এই ছিল জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের বার্তা। কিন্তু বিপিএলের প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই সেই অনুশীলন ভালো হয়নি তার। রানের তালিকায় ছিলেন যৌথভাবে ১৬ নম্বরে। সেই তিনি ওপেনিংয়ে এতটাই ভালো করলেন যে, পরের চার ম্যাচেই পৌঁছে গেলেন রানের তালিকায় সবার ওপরে!
বিপিএলে এবার দেখা গেছে হৃদয়ের এমন বিপরীতমুখি রূপ। যদিও নানা সময়ে ওপেন করেছেন তিনি, তবে দেশের ক্রিকেটে তার মূল পরিচয় ওপেনার নয়। রংপুর রাইডার্সের হয়ে এই আসরেও খেলছিলেন তিন আর চার নম্বরে। কিন্তু প্রথম ছয় ম্যাচে তার নামের পাশে ছিল একটি মোটে ফিফটি। স্ট্রাইক রেট তখনও রুগ্ন।
পরে তাকে তুলে আনা হলো ওপেনিংয়ে। প্রথম ম্যাচেই খেললেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচে ভালো করতে পারেননি। এরপর আবার করলেন ৬২। সেই ফর্মকে নতুন উচ্চতায় নিলেন তিনি রোববার। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১৭৪ রান তাড়ায় উপহার দিলেন ৬৩ বলে ১০৯ রানের ইনিংস।
প্রথম ছয় ম্যাচে তার রান ছিল ১৭.৬৬ গড়ে ১০৬, স্ট্রাইক রেট ১০৯.২৭। পরের চার ম্যাচে ওপেন করে তার রান ৯০.৬৬ গড়ে ২৭২, স্ট্রাইক রেট ১৫৬.৩২।
৩৭৮ রান নিয়ে তিনি এখন এই আসরের সফলতম ব্যাটসম্যান!
নোয়াখালীর বিপক্ষে ম্যাচ-সেরা হয়ে সংবাদ সম্মেলনে হৃদয় বললেন, ব্যাটিং অর্ডারে পরিবর্তনের প্রস্তাবটা আলিঙ্গন করেই নিয়েছিলেন তিনি।
“পেশাদার ক্রিকেটার হিসেবে সব জায়গায় খেলার অভ্যাসটা রাখা উচিত এবং সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় ক্রিকেটারও টি-টোয়েন্টি ফরম্যাটে ওঠা-নামা করে। দল থেকে যখন আমাকে এই সুযোগ দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো সমস্যা নেই।”
“আমি নিজে থেকেও মানসিকভাবে প্রস্তুত থাকি যে, আমাকে যখন যেখানে নামাবে, চেষ্টা করব অবদান রাখার জন্য। টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে।”
শুধু এই আসরেই নয়, সার্বিকভাবেও টি-টোয়েন্টি ক্রিকেটে তার রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ ওপেনিংয়েই। তার ক্যারিয়ার ব্যাটিং গড় ৩০.৫৬, স্ট্রাইক রেট ১২৮.০৯। ওপেন করে ১৭ ইনিংসে তার গড় ৪৭.৬৪, স্ট্রাইক রেট ১৩৮.৬৬।
অন্য কোনো পজিশনেই তার পরিসংখ্যান ওপেনিংয়ের ধারেকছে নাই।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কোনো সংস্করণেই ওপেন করেননি তিনি। কিন্তু এমন পারফরম্যান্সের পর প্রশ্নটা তো উঠেই যায়, জাতীয় দলেও কেন নয়!
হৃদয়কে অবশ্য খুব আগ্রহী মনে হলো না। বরং নিয়মিত ওপেনারদের ওপরই ভরসা রাখতে চান তিনি।
“জাতীয় দল নিয়ে এত কিছু বলতে পারব না। জাতীয় দলে তো অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে। তারা গত এক বছর ভালো করে এসেছে। আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে….এটা আমার চিন্তাভাবনা, দল কী চিন্তা করছে, জানি না। যারা আসলে এতদিন ভালো করে এসেছে, তাদের ওপর অবশ্যই বিশ্বাস রাখা উচিত।”
রংপুর রাইডার্সে তার অধিনায়ক লিটন কুমার দাস জাতীয় দলেরও টি-টোয়েন্টি অধিনায়ক। নোয়াখালীর বিপক্ষে রোববার অধিনায়কের সঙ্গে ম্যাচ জেতানো জুটিও হয়েছে তার।
তবে ওপেন করা নিয়ে লিটনের কাছ থেকে কোনো আভাস পাননি বলেই দাবি করলেন হৃদয়।
“এমন এমন কোনো ম্যাসেজ আমাকে দেয়নি (ওপেন করানো হবে)। আমাকে যেটা বলেছে যে, ‘তুই বিশ্বকাপে মিডল অর্ডারেই খেলবি, যদি সবকিছু ঠিক থাকে। তো চেষ্টা কর, মিডলে খেললে তোর জন্য ভালো একটা অনুশীলন হবে।”
“কারণ মিডল অর্ডারে খেলাটা একটু অন্যরকম। এত সহজ নয়।আপনারা তো শুধু মনে করেন ৫০ বা এগুলোই শুধু রান। ইমপ্যাক্টফুল ইনিংসও মিডল অর্ডারে কাজে লাগে। আমাকে এটাই বলেছে। আমিও টেষ্টা করেছি এবং শুরুটা মনে হয় তিন-চার নম্বরেই করেছিলাম। পরে দল থেকে সিদ্ধান্ত এসেছে আমাকে ওপরে যেতে হবে।”
জাতীয় দলেও ওপেন করার সুযোগ এলে সেই দুয়ারও খোলা রাখলেন
“সত্যি বলতে, আমার কাছে মনে হয় যে, ক্রিকেটার হিসেবে আমাকে যেখানেই সুযোগ দেবে, দলের চাওয়া যেখানে, আমি সেখানেই প্রস্তুত। কারণ এটা তো দিন শেষে দলীয় খেলা। এটা তো আমার নিজের খেলা না। এটা যদি আমার এলাকার খেলা হতো, আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। এখানে দল যেটা চাইবে, আমি চেষ্টা করব ওইভাবে দলকে সার্ভ করার জন্য।”
