‘খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে বিসিসিআই’
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতের অনীহার প্রেক্ষিতে আইসিসিকে কর্তৃত্ব দেখাতে বললেন আফ্রিদি।
‘হাইব্রিড’ মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের অভিযোগ, খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানে যেতে ভারতের অনীহার প্রেক্ষিতে আইসিসিকে কর্তৃত্ব দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারতের সরকার। তারা পাকিস্তানে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও, সেখানে খেলতে যায়নি ভারত। পরে বাধ্য হয়ে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে হয় পিসিবিকে। ভারতের ম্যাচগুলোসহ টুর্নামেন্টের শেষ দিকের লড়াইগুলো হয় শ্রীলঙ্কায়।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তেমন সম্ভাবনার আলোচনা থাকলেও, পিসিবি বরাবরই বলে আসছে, গোটা টুর্নামেন্ট নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। ২৬/১১ নামে পরিচিত ওই হামলার পর গত বছরের ওয়ানডে বিশ্বকাপসহ বেশ কয়েকবার ভারতে গিয়ে অবশ্য খেলে এসেছে পাকিস্তান। সেই বিষয়টি উল্লেখ করে বৃহস্পতিবার সামজিক মাধ্যম এক্স-এ আফ্রিদি লিখেছেন, আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রাখা।
“বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার সভা ডেকেছে আইসিসি। প্রতিযোগিতাটি শেষ পর্যন্ত কোথায় হবে, কীভাবে হবে, সবকিছুর উত্তর জানা যেতে পারে ভার্চুয়াল এই বোর্ড সভার পর।
