২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে খেলতে পেরে ও শক্ত প্রতিপক্ষ পেয়ে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর এবার এসেছেন মালেয়েশিয়ার কোচ হয়ে, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ২৫ নম্বর দল হয়েও বাংলাদেশের খেলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 07:58 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বাংলাদেশ থেকে ড্যাভ হোয়াটমোরের বিদায়ের দুই দশক হতে চলেছে। কিন্তু দেশের ক্রিকেটের গৌরবময় এক অধ্যায়ের নেপথ্য নায়ককে নিয়ে এখনও আছে বাড়তি আগ্রহ। গণমাধ্যমকর্মীরা প্রবল কৌতুহলী তার সঙ্গে কথা বলতে। সেই দাবি মিটিয়েছেন মালয়েশিয়ার দায়িত্ব নিয়ে পুরোনো ঠিকানায় আসা এই কোচ। বাংলাদেশে এই সফর করার সুযোগটি পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান এই কোচ। 

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে মালেয়েশিয়া বড় কোনো নাম নয় মোটেও। তবে টি-টোয়েন্টির জগতে তাদের উপস্থিতি নিয়মিত। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৫। এখনও কোনো টেস্ট খেলুড়ে দেশের মূল দলের বিপক্ষে খেলার সুযোগ পায়নি তারা। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে খেললেও সেটি জাতীয় দল ছিল না। ক্রিকেটের অন্য শীর্ষ দেশগুলোর বিপক্ষে এখনও খেলার সুযোগ হয়নি তাদের। এমন কী এসব দেশের হাইপারফরম্যান্স (এইচপি) বা ‘এ’ দলের বিপক্ষে খেলার সুযোগ মেলে কালেভদ্রে।

এার তাদের তেমন এক বিরল সুযোগ মিলেছে বাংলাদেশ সফরে। বিসিবি এইচপি দলের সঙ্গে একটি ম্যাচ একটি টি-টোয়েন্টি তারা খেলেছে, আরেকটি সোমবার। এরপর বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মিরপুরে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন হোয়াটমোর।

“আমাদের আতিথেয়তা দেওয়া এবং কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনের সুযোগ করে দিয়ে তারা সত্যিই দুর্দান্ত কাজ করেছে। কারণ এই মাসের শেষদিকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট রয়েছে।”

বাংলাদেশে অনুশীলন করতে এসে যেমনটা প্রত্যাশা করেছিলেন, তেমনটা পাওয়ায় খুশি এই কোচ।

“আমাদের প্রত্যাশা ছিল প্রতিপক্ষ অনেক শক্তিশালী দল হবে। তারা আমাদের ভালো পরীক্ষা নিচ্ছে, আর ঠিক এটাই চেয়েছি। আমরা হেরে যাচ্ছি। গত সপ্তাহে চেন্নাইয়ের একটি দলের কাছে বড় ব্যবধানে হেরেছি। নিজেদের শেখা ও অন্যান্য সহযোগী দেশের বিপক্ষে টুর্নামেন্টে আরও ভালো খেলতে স্বস্তিদায়ক অবস্থান থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম করতে, ঠিক এই ধাক্কাটাই প্রয়োজন ছিল।

প্রতিপক্ষ অনেক শক্তিশালী। এটি বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) দল, যেখানে বেশ কয়েকজন পরীক্ষিত অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে খুবই ভালো লাগছে।”

সিরিজের প্রথম ম্যাচে এইচপি দলের বিপক্ষে ৮৯ রানে হারে মালয়েশিয়া। শুরুতে বল হাতে তারা বেশ ভালোভাবেই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের দলটিকে। পরে অবশ্য লড়াই তেমন আর জমাতে পারেনি।

শিষ্যদের এমন পারফরম্যান্সে অবশ্য হতাশার বদলে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন হোয়াটমোর।

“আমার (মালয়েশিয়া দলের কাছ থেকে) খুব বেশি প্রত্যাশা ছিল না, তবে আপনাদের ব্যাপারে নিশ্চিত নই। অবশ্যই আরও ভালো করা উচিত ছিল। আমার মনে হয়, আমরা বেশ ভালো বোলিং ও ফিল্ডিং করেছি, সবগুলো ক্যাচ নিয়েছি এবং ১০ উইকেট পেয়েছি। কিন্তু ব্যাটিংয়ে ১০ উইকেটও হারিয়েছি এবং জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারিনি। আমরা এর চেয়েও ভালো দল, আমি সেটা জানি।” 

মালয়েশিয়া দল যখন ঢাকায় অবস্থান করছে, তখন বাংলাদেশ দলের ঠিকানা অস্ট্রেলিয়ার ডারউইনে। দীর্ঘ ২৩ বছর পর দেশটিতে টেস্ট সিরিজ খেলবে। সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের কোচের দায়িত্ব ছিল এই অস্ট্রেলিয়ানের কাঁধে।

সেবার দুই টেস্টের কোনোটিতে জয় না পেলেও ওই সময়ের বাস্তবতায় কিছুটা লড়াই করেছিল বাংলাদেশ। এবার সেই চিত্রে পরিবর্তনের আশা দেখছেন তিনি।

“সবাই আশাবাদী তারা (বাংলাদেশ) প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো নয়! এটা পরিকল্পনার মধ্যে ছিল না। মেহেদী হাসান মিরাজের প্রথম ইনিংস ভালো ছিল; দারুণ খেলে সেঞ্চুরি পেয়েছেন। অন্য কন্ডিশনে যত বেশি খেলবেন, তত উন্নতি করবেন; তাই আরও অনুশীলনের দরকার। আরেকটি প্রস্তুতি ম্যাচ হলে ভালো হতো। তবে আশাবাদী, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দল কঠোর অনুশীলন করবে।”

বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখা এই অস্ট্রেলিয়া কথা বলেছেন নাহিদ রানা ও বাংলাদেশের পেস আক্রমণ প্রসঙ্গেও।

“আপনারা নাহিদ রানাকে মিস করছেন, তাই তো? নাহিদ দারুণ খেলোয়াড়। কিন্তু দুঃখের বিষয়, ফিরতে হলে তাকে শতভাগ ফিট হবে। পেসাররা বেশ ভালো করছে। শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মতো নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এই অঞ্চলের ধারাটাই হলো ভালো তরুণ পেসার গড়ে তোলা। এই দেশও (বাংলাদেশ) এর ব্যতিক্রম নয়।”