আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ‘শেষ’ শ্রেয়াসের
পিঠে অস্ত্রোপচার করাতে হবে ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যানের।
পিঠের চোট থেকে সেরে উঠতে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। অস্ত্রোপচারের পর লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে আইপিএল ও আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না তিনি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস দেশের বাইরে অস্ত্রোপচারের জন্য যাবেন। এরপর অন্তত তিন মাস পর অনুশীলনে ফিরতে পারবেন তিনি।
অনেকদিন ধরেই পিঠের এই সমস্যায় ভুগছেন শ্রেয়াস। গত জানুয়ারির শেষের দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই কারণে খেলতে পারেননি তিনি। পরে খেলা হয়নি তার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও।
দিল্লিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের দিল্লি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শ্রেয়াস। পরের দুই টেস্টেও খেলেন তিনি। তবে আহমেদাবাদে অস্ট্রেলিয়া-ভারতের চতুর্থ ও শেষ টেস্টের সময় আবার মাথাচাড়া দেয় তার পিঠের চোট। ফলে ব্যাটিং করতে পারেননি তিনি ওই ম্যাচে।
চিকিৎসকদের নির্দেশনায় আইপিএলের প্রথম দিকে শ্রেয়াসের ছিটকে পড়ার কথা আগেই জানায় কলকাতা। তার অনুপস্থিতিতে দলটির অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়ে নিতিশ রানাকে। এবার পুরো আসরই শেষ হয়ে গেল তার।
আগামী জুনে দা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ক্রিকইনফোর খবর সত্যি হলে, ওই ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।
