এশিয়া কাপের গ্রুপ পর্বে রাহুলকে পাবে না ভারত
পাকিস্তান ও নেপাল ম্যাচের জন্য এই কিপার-ব্যাটসম্যানকে প্রস্তুত মনে করছে না ভারত।
এশিয়া কাপের শুরু থেকে লোকেশ রাহুলকে পাওয়া নিয়ে আগে থেকেই অনিশ্চয়তায় ছিল ভারত। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম পছন্দের কিপার-ব্যাটসম্যানকে পাবে না দলটি।
হাইব্রিড মডেলের এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় পথচলা শুরু করবে রোহিত শর্মার দল। ‘এ’ গ্রুপে তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচ দুই দিন পর, প্রতিপক্ষ নেপাল। দুই ম্যাচই হবে পাল্লেকেলেতে।
এই দুই ম্যাচই রাহুলকে ছাড়া খেলতে হবে ভারতকে। দেশ ছাড়ার আগে বেঙ্গালুরুতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
“এখানে আমাদের সঙ্গে ভালো একটি সপ্তাহ কাটিয়েছে রাহুল। অনুশীলন ভালো করেছে এবং অনেক কাজ করেছে। আমরা যে পথে যেতে চাই, সেদিকে সে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু সফরের ক্যান্ডি পর্বে তাকে পাওয়া যাবে না।”
“আগামী কয়েকদিন এনসিএ তার দেখাশোনা করবে। ৪ সেপ্টেম্বর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে এবং এরপর আমরা সিদ্ধান্ত নেব। তবে লক্ষণ ভালোই মনে হচ্ছে এবং সে বেশ ভালোভাবে উন্নতি করছে।”
সবশেষ আইপিএলে ঊরুর চোটে পড়েন রাহুল। পরে অস্ত্রোপচারও করাতে হয় তার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়া শেষে এশিয়া কাপ দিয়ে দলে ডাক পান ডানহাতি এই ব্যাটসম্যান।
দল ঘোষণার সময়ই অবশ্য ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, চোট থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট নন রাহুল।
দলের সঙ্গে এতদিন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে ছিলেন রাহুল। ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্পে বেশ ভালোই অগ্রগতি দেখা যায় তার। মঙ্গলবার ক্যাম্পের শেষ দিনে কিপিং করতে দেখা যায়নি তাকে, কেবল ব্যাটিং অনুশীলন করেন তিনি।
এশিয়া কাপের ভারত দলে রাহুল ছাড়াও কিপার-ব্যাটসম্যান হিসেবে আছেন ইশান কিষান। আরেক কিপার-ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে নিয়ে যাচ্ছে ভারত।
