অস্ট্রেলিয়া সফরে চোখ রেখে ঘরোয়া ক্রিকেটে খেলতে চান শামি
লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ভারতীয় পেসার এখন নিজেকে ‘শতভাগ ব্যথামুক্ত’ অনুভব করছেন।
ভারত-নিউ জিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পরপরই দেখা যায়, এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মূল উইকেটে বোলিং করছেন মোহাম্মদ শামি। সেখানে তিনি বোলিং করেন এক ঘণ্টার বেশি সময় ধরে। চোট থেকে সেরে ওঠার পথে থাকা ভারতীয় পেসার জানালেন, এখন তিনি ‘শতভাগ ব্যথামুক্ত’ অনুভব করছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট হয়ে উঠতে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চান তিনি।
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার।
শুরুতে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে ফেরার আশা ছিল শামির। কিন্তু আশানুরূপ উন্নতি না হওয়ায় ওই সিরিজের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও ফেরা হয়নি ৩৪ বছর বয়সী পেসারের।
তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগের দিন ভারত অধিনায়ক রোহিত শার্মা জানান, নতুন করে হাঁটু ফুলে গেছে শামির। ‘অপ্রস্তুত’ শামিকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
বেঙ্গালুরুতে প্রথম টেস্টে রোববার ৮ উইকেটে হেরে যায় ভারত। এরপরই মূল পিচে লম্বা সময় বোলিং করতে দেখা যায় শামিকে। ফিল্ডিং অনুশীলনও করেন তিনি।
দিল্লির গুরুগ্রামে সোমবার এক অনুষ্ঠানে শামি বলেন, সুস্থ হওয়ার পর এবারই প্রথম পুরো রান-আপ নিয়ে বোলিং করেছেন তিনি।
“গতকাল (রোববার) খুব ভালো অনুভব করেছি, কারণ শরীরে খুব বেশি চাপ দিতে পারি না বলে এতদিন অর্ধেক রান-আপ নিয়ে বোলিং করছিলাম। গতকাল (রোববার) আমরা সিদ্ধান্ত নিই যে, পুরো রান-আপে বোলিং করব। আমার শতভাগ দিয়েছি আমি। খুব ভালো লেগেছে এবং ফলাফল ভালো। আশা করি, আমি শিগগিরই মাঠে ফিরব।”
ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের মাধ্যমে এখন তিনি ব্যথামুক্ত কি-না, জানতে চাইলে শামি বলেন, ‘শতভাগ।’ আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠতে তার হাতে সময় আছে ঠিক এক মাস।
“অস্ট্রেলিয়া সিরিজ এখনও অনেক দূরে। শুধু যে বিষয়টিতে আমি মনোযোগ দিতে চাই, তা হলো কিভাবে নিজেকে ফিট রাখতে পারি এবং সেখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে কতটা শক্তিশালী হতে পারি। আমি যদি ফিট হই এবং আট থেকে দশ দিনের সময় পাই, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটি বা দুটি ঘরোয়া ম্যাচ খেলতে পারলে ভালো হবে।”
“জানি না আমি কবে খেলতে পারব, কিন্তু যেদিন আমি ২০-৩০ ওভার বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং চিকিৎসকদের কাছ থেকে অনুমতি পাব, একটি ম্যাচ খেলতে আমি দৌড় দেব। অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে যতটা সম্ভব আমি মাঠে সময় কাটাতে চাই।”
ঘরোয়া ক্রিকেটে শামি খেলেন বেঙ্গলের হয়ে। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফিতে দলটির পরবর্তী ম্যাচে খেলা শামির জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরের মাঠে আগামী শনিবার শুরু হবে এই ম্যাচ। এর পরের দুটি ম্যাচ ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিপক্ষে এবং ১৩ নভেম্বর থেকে ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে।
পরের মাসে যদি শামি ম্যাচ ফিটনেস ফিরে পান, তাহলে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরুর আগে পার্থে ভারত ও ভারত ‘এ’ দলের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগও থাকবে তার সামনে। একই শহরে হবে প্রথম টেস্ট।
