২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্মার্ট ক্রিকেট’ খেলতে না পারার আক্ষেপ শান্তর

আরেকটু স্মার্ট ব্যাটিং করলে দলের স্কোর বড় হতো বলে মনে করেন এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:02 PM

Updated : 09 Oct 2022, 08:02 PM

২৯ বলে ৩৩ রানের ইনিংস টি-টোয়েন্টিতে খুব আদর্শ কিছু নয়। একাদশে ফেরার ম্যাচে এই ইনিংস খেলেই বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধিও তিনিই। ম্যাচের ময়নাতদন্তে অবশ্য নিজের দায়টুকু নিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটিংয়ে এই ম্যাচে দলের সার্বিক ঘাটতির কথাও তিনি বললেন অকপটে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের তিন পরিবর্তনের একটি ছিল শান্তর ফেরা। ওপেনিংয়ে ব্যর্থ সাব্বির রহমানকে বাইরে রেখে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটির সঙ্গী করা হয় শান্তকে। শুরুটা তিনি খারাপ করেননি। তবে পরে আর গতিটা ধরে রাখতে পারেননি। ইনিংসকে দিতে পারেননি উল্লেখযোগ্য রূপ।

দ্বিতীয় ওভারে মিরাজকে হারানোর পর শান্ত ও লিটন দ্বিতীয় উইকেটে জুটি গড়েন ৪১ রানে। রানের গতি যদিও খুব ভালো ছিল না। এরপর ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

টানা তিন দিনে দিন ম্যাচ হয় একই উইকেটে। এ দিন তাই শুরুতে বেশ মন্থর ছিল উইকেট। সেটির ফায়দা নিয়ে ভালো বোলিং করেন কিউই স্পিনাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতার পাশাপাশি উইকেটের দিকটিও তুলে ধরলেন শান্ত।

“ভালো একটা শুরু হয়েছিল। আমরা যদি জুটি গড়তে পারতাম, ব্যাটিংটা তাহলে আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম ও দলের জন্যও ভালো হতো।”

“মাঝের ওভারে আমরা ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছি। সত্যি কথা বলতে, প্রথম ইনিংসে উইকেট এতটা সহজও ছিল না। ওই জায়গায় আমরা আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে আরেকটু বড় স্কোর হতে পারত। মাঝের ওভারগুলোয় আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম।”

অষ্টম ওভারে লিটন আউট হওয়ার পর দায়িত্ব যখন আরও বেশি, তখনই ছক্কা মারতে গিয়ে উইকেট হারিয়ে ফেরেন শান্ত। নিজের সেই ভুল তিনি উপলব্ধি করতে পারছেন।

“যেহেতু আমি সেট ছিলাম, ওখান থেকে লম্বা সময় টেনে নিতে পারলে দলের জন্য ভালো হতো। ওটাই চাওয়া থাকবে, সামনের ম্যাচে আবার সুযোগ এলে, যত লম্বা করা যায়।”

দুই ম্যাচে হেরে যাওয়ার পর প্রাথমিক পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। আগামী বুধ ও বৃহস্পতিবার ম্যাচ দুটি শুরু হবে নিউ জিল্যান্ড সময় দুপুর ৩টায়। শান্তর আসা, এই দুই ম্যাচে উইকেটের কারণে কোনো দলকে ভুগতে হবে না।

“আমরা যখন আজকে শুরুতে ব্যাট করেছি, ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল না উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্য অনেকটা সহজ হয়ে যায়। স্পিনারদের জন্য কাজ কঠিন হয়ে যায় তখন (শিশিরের কারণে)। দিনের ম্যাচ হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং দুই ইনিংসের মধ্যে পার্থক্য বেশি হবে না।”