Published : 15 Dec 2024, 08:43 AM
বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ধাক্কা এলো ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন এভিন লুইস। অভিজ্ঞ ওপেনারের জায়গায় দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।
‘স্পাইসম্যান’ নামে পরিচিত ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। ডাম্বুলায় একটি ম্যাচ খেলে ৪ রানে আউট হওয়ার পর তিনি বাদ পড়েন পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে। এবার লুইসের চোটে আরেকটি সুযোগ পেলেন ৩৭ বছর বয়সী ব্যাটসমান।
মসলার জন্য বিখ্যাত দ্বীপ গ্রেনাডা থেকে এসেছেন বলে ফ্লেচারকে ‘স্পাইসম্যান’ নাম দেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। পরে নামটি বেশ জনপ্রিয়তা পেয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৮ টি-টোয়েন্টি খেলে রেকর্ড খুব সমৃদ্ধ নয় ফ্লেচারের। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের অনেক অভিজ্ঞতা তার আছে।
লুইস চোটের পড়েন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে বাইরে চলে গেলেন গোটা সিরিজের জন্যই। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি, আগের ম্যাচে করেছিলেন ৭ ছক্কায় ৩১ বলে অপরাজিত ৬৮।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানের জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।