রাজনীতির ‘প্ল্যান নেই’, বোর্ড সভাপতির দায়িত্ব ‘দেখা যাক’
রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিলেন তামিম ইকবাল, তবে নাকচ করলেন না ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা।
বিপিএল ও বরিশাল নিয়েই নানা আলোচনা এগিয়ে চলছিল। হঠাৎ একটু ভিন্ন স্রোতের দোলা। প্রসঙ্গ এলো রাজনীতির। তামিম ইকবাল বেশ এক চোট মজা করলেন শুরুতে। পরে সম্ভাবনা উড়িয়েও দিলেন। তবে বিসিবি সভাপতি হওয়ার চেষ্টায় অবশ্য দুয়ারটা তিনি খোলা রাখলেন মজার সুরেই।
মাসখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম। দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনকে শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে আনুষ্ঠানিক আয়োজনে বিদায় জানাল বিসিবি।
তামিমের ক্রিকেটার পরিচয় এখন টিকে রইল শুধু বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে। আরও অন্তত বছর দুয়েক এই দুই আসরে খেলতে চান বলে তিনি নিশ্চিত করলেন বিসিবির সম্মাননা পাওয়ার পর।
আর বাকি সময়টুকু? সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুটে গেল, রাজনীতিতে নাম লেখানোর কোনো ইচেছ তার আছে কি না। তামিমের উত্তর শুরুতে কৌতূহল জাগানিয়া, “রাজনীতিতে? এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না…।”
এটুকু শুনে মনে হতে পারে, ইচ্ছেটা বুঝি আছে তার!
তবে পরক্ষণেই তার সংযুক্তি, “… তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই।”
পাল্টা আরেকটি প্রশ্ন ছুটতেও সময় লাগল না, “বোর্ড সভাপতি…?”
এবার চোখ নাচিয়ে হাসতে হাসতে তামিম বললেন, “ওটা দেখা যাক…।”
তামিম যে একদিন ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান, বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে আসার ইচ্ছে তার আছে, আকারে-আভাসে তা নানা সময়েই বুঝিয়েছেন। এবারও সেই ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন।
এবারের বিপিএলে তামিমের নেতৃত্ব টানা দ্বিতীয় ট্রফি জয় করেছে ফরচুন বরিশাল। ঝড়ো ফিফটি করে ফাইনালের ম্যান অব দা ম্যাচ হয়েছেন তিনিই।
