বাঁহাতি স্পিনার কুনেমানকে ডাকল অস্ট্রেলিয়া
লেগ স্পিনার মিচেল সোয়েপসনের বদলি হিসেবে তাকে দলে যোগ করা হয়েছে।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানকে দলে যোগ করেছে তারা।
লেগ স্পিনার মিচেল সোয়েপসনের জায়গায় ডাক পেলেন ২৬ বছর বয়সী কুনেমান। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ভারত ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বাবা হতে যাওয়া প্রথম টেস্টে না খেলা সোয়েপসন।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে ফের যোগ দেওয়ার কথা রয়েছে ২৯ বছর বয়সী সোয়েপসনের।
এবারের ভারত সফরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে হারে অস্ট্রেলিয়া। নাগপুরের স্পিন সহায়ক উইকেটে মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং। প্রথম ইনিংসে ১৭৭ রানের পর দ্বিতীয়ভাগে করে স্রেফ ৯১ রানে। আর ভারত এক ইনিংসে ব্যাটিং করে তোলে ৪০০ রান।
সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দিল্লি টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া। তাই আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কুনেমানের। যদিও তাদের স্কোয়াডে রয়েছেন নাগপুর টেস্টে না খেলা আরেক বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারও।
ওয়ানডে দিয়ে গত বছর আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন কুনেমান। এই সংস্করণে অস্ট্রেলিয়ার হয়ে ৪ ম্যাচ খেলে তার শিকার ৬ উইকেট। এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই স্পিনার নিয়েছেন ৩৫ উইকেট।
চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের ফেরার আশা করছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ফিটনেস নিয়েও আশাবাদী তারা।
