২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সেঞ্চুরি করেও যে কারণে একাদশে নেই পারভেজ

আগের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করেও সোমবার একাদশে নেই পারভেজ হোসেন, তার জায়গায় সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত।

সেঞ্চুরি করেও যে কারণে একাদশে নেই পারভেজ
আগের ম্যাচে সেঞ্চুরির পথেই চোট সঙ্গী হয় পারভেজ হোসেন ইমনের। ছবি: এমিরেটস ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

টসের আগে টিভি সাক্ষাৎকারে পারভেজ হোসেন বললেন, ‘আজকের ম্যাচেও সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’ কিন্তু কিছুক্ষণ পর টস হেরে লিটন কুমার দাস জানালেন, এই ম্যাচে খেলছেন না পারভেজ। তবে বাঁহাতি ওপেনারের না খেলার কোনো কারণ তখন বলেননি বাংলাদেশ অধিনায়ক।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান যখন একাদশে নেই, বিস্ময় জাগাই স্বাভাবিক। বাংলাদেশের ইনিংস শুরুর কিছুক্ষণ পর সেই কৌতূহল মিটল। বিসিবি জানাল, কুঁচকিতে অস্বস্তির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি নেই ২২ বছর বয়সী ওপেনার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে ইনিংস সূচনা করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলেন পারভেজ। ৯ ছক্কার রেকর্ড গড়া ইনিংসে তিনি করেন ৫৪ বলে ১০১ রান। ওই ইনিংসেই বাঁ কুচকিতে অস্বস্তি অনুভব করেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। তাই পরে ফিল্ডিং করেননি তিনি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, অস্বস্তি কাটিয়ে দ্বিতীয় ম্যাচেও খেলার জন্য প্রস্তুত ছিলেন পারভেজ।

“আজকে একটি ফিটনেস টেস্ট দিয়েছে পারভেজ এবং একাদশে থাকার অনুমতিও পেয়েছে। তবে সাবধানতা বিবেচনায় রেখে তাকে পুরোপুরি সুস্থ হতে বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।” 

পারভেজের বদলি হিসেবে শনিবারের ম্যাচে ইনিংসজুড়ে ফিল্ডিং করেন নাজমুল হোসেন শান্ত। সেদিন দলের সর্বোচ্চ তিনটি ক্যাচও নেন তিনি। বাঁহাতি ওপেনারের অনুপস্থিতিতে এবার একাদশেও সুযোগ পেলেন শান্ত।

পারভেজ ছাড়াও বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে আরও ৩টি। আইপিএল খেলতে ভারত চলে যাওয়ায় সিরিজের বাকি অংশে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদকেও একাদশে রাখা হয়নি।

শান্তর পাশাপাশি একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। এই সংস্করণে দেশের ৯১তম ক্রিকেটার তরুণ এই ফাস্ট বোলার।