Published : 26 May 2026, 06:20 PM
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে যার কাঁধে ওয়ানডে দলের দায়িত্ব দিয়েছিল অস্ট্রেলিয়া, সেই ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শকেও এবার হারাল তারা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
মার্শকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল চলতি মাসের শুরুতে ঘোষণা করে অস্ট্রেলিয়া। এখন পাকিস্তান সফরে তার বদলে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন জশ ইংলিস।
এবারের আইপিএলে প্লে-অফে উঠতে না পারা লখনৌ সুপার জায়ান্টসের প্রতিনিধিত্ব করেন মার্শ। আসরে দলের শেষ ম্যাচটি খেলেননি তিনি। গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে যান এই ওপেনার।
পাকিস্তান সিরিজের জন্য রাওয়ালপিন্ডিতে গত সপ্তাহান্তে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়া দলের বেশিরভাগ সদস্য। কিন্তু অ্যাঙ্কেলের সমস্যায় যেতে পারেননি মার্শ। পরে পুরো সিরিজ থেকেই তার ছিটকে পড়ার কথা মঙ্গলবার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
মার্শের বদলি হিসেবে কাউকে দলে টানেনি অস্ট্রেলিয়া। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সফরের দলে থাকা কুপার কনোলিকে পাকিস্তানেও ডাকতে পারে তারা।
২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেই অস্ট্রেলিয়াকে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ইংলিস। এবার পুরো ওয়ানডে সিরিজের দায়িত্বভার পড়ল তার কাঁধে।
আগামী শনিবার রাওয়ালপিন্ডিতে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ লাহোরে, ২ ও ৪ জুন।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। তিনটি ম্যাচই হবে মিরপুরে। পরে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ জুন।
এই দুই সফরে দলের অভিজ্ঞ পেসত্রয়ী-প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। একাধিক নতুন মুখকে ডেকেছে তারা।